ঢাকা অফিস
গাড়ির চাপ বাড়লেও গতকাল রোববার রাত পর্যন্ত মহাসড়কে যানজট ছিল না। কয়েকটি স্থানে ধীরগতি থাকলেও স্থবিরতা হয়নি। তবে কলকারখানা ছুটির পর সোমবার ও আজ মঙ্গলবার যাত্রীর ঢলে বিভিন্ন মহাসড়কে যানজটের আশঙ্কা রয়েছে। কারখানা শ্রমিকদের পরিবহনে লোকাল এবং লক্কড়ঝক্কড় বাস মহাসড়কে নামলে অন্য বছরের মতো ঈদের আগে ভোগান্তি হতে পারে। গতকাল যাত্রী কল্যাণ সমিতি তাদের পর্যবেক্ষণে দাবি করেছে, ঈদযাত্রায় ৯৮৪ কোটি টাকা বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের।
রেলেও গতকাল পর্যন্ত ঈদযাত্রা ছিল স্বস্তির। টিকিট ব্যতীত স্টেশনে প্রবেশে বাধা থাকায় এবার উপচে পড়া ভিড় নেই। ছাদে যাত্রী নেই। কয়েকটি বাদে অধিকাংশ ট্রেন চলেছে সময়সূচি মেনে। ২ ঘণ্টা ১২ মিনিট বিলম্বে যাত্রা করে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস। রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেছেন, রোববার ৯৬ শতাংশ ট্রেন নির্ধারিত সময়ে যাত্রা করেছে। তবে গতকাল ও আজ ভিড় বাড়লে ট্রেনের সময়সূচি ঠিক থাকবে কিনা তা নিয়ে দুশ্চিন্তা রয়েছে। সদরঘাটেও গতকাল পর্যন্ত খুব একটা ভিড় ছিল না। বাস মালিক-শ্রমিকদের ভাষ্য, এ বছর যাত্রী কম।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১১ এপ্রিল বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। সরকারি ছুটি শুরু হবে ১০ এপ্রিল থেকে। কিন্তু বহু মানুষ শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি এবং গতকাল শবেকদরের ছুটিতে ঢাকা ছেড়েছেন। যাত্রীরা ধাপে ধাপে ঢাকা ছাড়ায় গত দুই বছরের ঈদুল ফিতরের মতো এবারও ভোগান্তি কম হতে পারে। ছুটি কম থাকায় গত দুই বছর ঈদুল আজহায় দুর্ভোগ হয়।
সমকাল প্রতিনিধিদের তথ্যানুযায়ী, ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ অংশ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ ও কুমিল্লা অংশ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে গাড়ির চাপ থাকলেও যানজট নেই। যমুনার বঙ্গবন্ধু সেতুতে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৫০ শতাংশ যান পারাপার বেড়েছে। এ সংখ্যা দ্বিগুণ হলে গত বছরের ঈদুল আজহার মতো টোল আদায় বন্ধ হয়ে যানজট হতে পারে।
রাজধানীর তিন বাস টার্মিনালে যাত্রীর ভিড় বাড়লেও আগের মতো ঢল দেখা যায়নি। গাবতলী টার্মিনালে ডেকে ডেকে যাত্রী তুলছেন চালকের সহকারীরা। গাবতলী থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চলা হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন জানিয়েছেন, টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। সড়কে যানজট নেই। বাস নির্ধারিত সময়ে গন্তব্যে যাচ্ছে, আবার ঢাকায় ফিরছে। এনা পরিবহনের ম্যানেজার আতিকুল আলম জানিয়েছেন, মহাখালী টার্মিনাল থেকে যাত্রা করা বাস স্বাভাবিক সময়ের মতো এক-দেড় ঘণ্টায় যানজটপ্রবণ গাজীপুর পার হচ্ছে। গাজীপুরে সাতটি ফ্লাইওভার এবং ওভারপাস চালুর সুফল পাওয়া যাচ্ছে।
সায়েদাবাদ থেকে চলা সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালীর বাসের কর্মীরা জানান, নারায়ণগঞ্জে যানজট না থাকায় ঈদযাত্রা এখন পর্যন্ত স্বস্তির।
৯৮৪ কোটি টাকা বাড়তি ভাড়ার অভিযোগ:
যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে দাবি করা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকা থেকে ঈদযাত্রায় ১ কোটি ৬০ লাখ যাত্রী হবে। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিভিন্ন সংস্থার তৎপরতার মধ্যেও এবার ঢাকা ছাড়তে ৯৮৩ কোটি ৯৪ লাখ টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হবে যাত্রীদের।
সমিতির দাবি, সংগঠনের উপকমিটির সদস্যরা গত ৩ থেকে ৬ এপ্রিল অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীসেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, অসাধু মালিক-চালকরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ঈদকেন্দ্রিক পরিবহনে চাঁদাবাজি, পরিবহন কোম্পানির বাড়তি খরচের জোগান দেওয়া, চালক-সহকারীর ভাতার নামে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। সড়ক ও নৌপথের বিভিন্ন টার্মিনালে সরকারের ভিজিল্যান্স টিম থাকলেও যাত্রীরা প্রতিকার পাচ্ছেন না। নৌপথে যাত্রীপ্রতি ৫০ থেকে ৮০০ টাকা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। এতে ১২০ কোটি টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হবে যাত্রীদের।
রাজধানীর সিএনজিচালিত অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে বলে যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে বলা হয়েছে। ঈদের আগে রাজধানীর ২৫ হাজার অটোরিকশার ৭০ লাখ ট্রিপে ১৪০ কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায় হবে। ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশায় ২৮০ কোটি টাকা বাড়তি ভাড়া গুনতে হবে। ব্যক্তিগত পরিবহন প্রাইভেটকার, জিপ ও মাইক্রোবাসের প্রায় ৩০ লাখ যাত্রী যাতায়াত করবেন ঈদযাত্রায়। ১৫ লাখ যাত্রী যাবেন ভাড়ায়। ট্রিপপ্রতি গড়ে ৩ হাজার ৫০০ টাকা হিসেবে ১১২ কোটি টাকা বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের। দূরপাল্লার বাসে ৩০ লাখ যাত্রীর কাছ থেকে গড়ে ৩০০ টাকা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। এতে ৯০ কোটি টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হবে যাত্রীদের। উড়োজাহাজে ৩৫ কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে টিকিটের দাম বৃদ্ধির মাধ্যমে।
চাপ বেড়েছে সেতু ও সড়কে:
উত্তরবঙ্গের পথে যমুনার বঙ্গবন্ধুর পূর্ব প্রান্তে এলেঙ্গায় যানজটের শঙ্কা ছিল। টাঙ্গাইল প্রতিনিধি জানিয়েছেন, শনিবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৫ হাজার ৮৪টি যানবাহন পারাপার হয়েছে।
গত বছর ঈদুল আজহার আগের চার দিনে সেতুতে ৫৭ বার টোল আদায় বন্ধ হয়েছিল। অর্থাৎ সেতুতে গাড়ি প্রবেশ বন্ধ ছিল। এতে ৯৬ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টা ১৬ মিনিট টোল আদায় বন্ধ ছিল, যা মোট সময়ের ১৮ শতাংশ। গাড়ির চাপে ২১ বার টোল বন্ধ ছিল।
কুমিল্লা প্রতিনিধি জানিয়েছেন, আগের দু’দিনের তুলনায় গতকাল গাড়ির চাপ কিছুটা কম ছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। ছিল না ভোগান্তি। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত যানজটপ্রবণ বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক শাহাবুদ্দিন খান। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরোটা এখন সিসিটিভির আওতায়। ১ হাজার ৪২৭ ক্যামেরার মাধ্যমে রিয়েল টাইম মনিটর করা হচ্ছে। বড় যানজটের দৃশ্য চোখে পড়েনি। বৃষ্টি হলে এবং গাড়ির চাপ আরও বাড়লে, তা মোকাবিলায় প্রস্তুতি রয়েছে।
ঢাকা-উত্তরবঙ্গ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে গাড়ির চাপ গতকাল বেড়ে গেছে কয়েক গুণ। সকাল থেকেই বিভিন্ন স্টপেজে গাড়ির জন্য বিপুলসংখ্যক যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। মহাসড়ক দুটি যানজটমুক্ত রাখার জন্য এরই মধ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আছেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের স্বেচ্ছাসেবক।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন বলেন, গত বছরের মতো এবারও ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে।
যানজট নিয়ন্ত্রণে ড্রোন:
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানিয়েছেন, ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে থাকবে ড্রোন। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে চন্দ্রায় এ ব্যবস্থা করছে হাইওয়ে পুলিশ। কর্মকর্তারা জানান, ড্রোনের মাধ্যমে যানজটের দায়ী গাড়ি চিহ্নিত করা হবে। কলেজ পড়ুয়া ড্রোন নির্মাতা মো. সবুজ জানান, উন্নয়ন কাজের অংশগ্রহণে দেশীয় প্রযুক্তিতে ড্রোন তৈরি করেছেন।
নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন বলেন, মহাসড়কে মাঝপথে ফাঁকি দিয়ে অসাধু ব্যবসায়ী ও চালকরা যানবাহনের গতি কমিয়ে যাত্রী ওঠানামার চেষ্টা করেন। এতে করে পেছনে থাকা দ্রুতগতির যানবাহনের গতি কমে যায়। পরবর্তী সময়ে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। ড্রোন আকাশপথে দ্রুতগতিতে ঘটনাস্থলে গিয়ে চালককে সতর্ক করবে।
কমলাপুর স্বাভাবিক সময়ের চেয়েও ফাঁকা:
গতকাল সরেজমিন দেখা যায়, কমলাপুরের প্ল্যাটফর্মে স্বাভাবিক সময়ের চেয়েও কম যাত্রী। কারণ, টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিকেলে রেলের ভারপ্রাপ্ত মহাপরিচালক জানান, ৩৩টি ট্রেনের মধ্যে দুটি বিলম্বে যাত্রা করেছে। যদিও স্টেশন সূত্র জানিয়েছে, অধিকাংশ ট্রেন ১০ থেকে ৩০ মিনিট বিলম্বে যাত্রা করেছে। কিন্তু আধাঘণ্টার কম বিলম্বকে রেলওয়ে সঠিক সময়ে যাত্রা গণ্য করে।
এদিকে গতকাল রাজবাড়ীতে রেলমন্ত্রী জিল্লুল হাকিম জানিয়েছেন, গার্মেন্ট শ্রমিকদের জন্য আগামী দু’দিন আলাদা বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদযাত্রা নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। গার্মেন্ট শ্রমিকদের দাঁড়িয়ে যাওয়ার জন্য স্ট্যান্ডিং টিকিট ও আলাদা বগির ব্যবস্থা করা হয়েছে।
সদরঘাটে প্রত্যাশার তুলনায় যাত্রী কম:
উপচে পড়া ভিড় নেই লঞ্চেও। প্রত্যাশিত যাত্রী না হওয়ায় কয়েকটি লঞ্চের যাত্রা বাতিল করেছেন মালিকরা। তারা জানান, পদ্মা সেতুর কারণে যাত্রী কম। এতে এবার ঢাকা থেকে তুষখালী, ঢাকা থেকে রায়েন্দাসহ কয়েকটি রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
তবে গত কয়েক দিনের তুলনায় গতকাল যাত্রী সামান্য বেড়েছে বলে জানান ঢাকা থেকে মুলাদী চলাচলকারী অভিযান-৫ লঞ্চের সুপারভাইজার আনোয়ার হোসেন। ঢাকা থেকে বরিশালগামী প্রিন্স আওলাদ-১০ লঞ্চের সুপারভাইজার বাবুল হোসেন বলেন, ২৫ রোজার পর যাত্রী কিছুটা বেড়েছে। তবে যা আশা করেছিলাম, তা হয়নি।











































