Home জাতীয় একসঙ্গে দুই আনন্দে মাতবে সারাদেশ

একসঙ্গে দুই আনন্দে মাতবে সারাদেশ

30


ঢাকা অফিস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে বাংলা বর্ষবরণ আয়োজনের প্রস্তুতি চলছে পুরোদমে। অন্ধকারের শক্তিকে পরাজিত করে আলো জ্বালার আহ্বান জানিয়ে এবারের মঙ্গল শোভাযাত্রা হবে। ‘আমরা তো তিমির বিনাশী’ প্রতিপাদ্য নিয়ে চারুকলা অনুষদ থেকে সকাল ৯টায় এটি বের হবে। শাহবাগ মোড় হয়ে শিশু পার্কের সামনে দিয়ে ঘুরে ফের শাহবাগ হয়ে ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) গিয়ে শেষ হবে মঙ্গল শোভাযাত্রা। এবার ঈদুল ফিতরের পরপরই পহেলা বৈশাখ হওয়ায় আনন্দ দ্বিগুণ হবে বলে মনে করছেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

মঙ্গল শোভাযাত্রায় বড় আকারের প্রতীকগুলো লোকসংস্কৃতির উপকরণ ও দেশের বিপন্ন প্রাণী নিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে- হাতি, বনরুই, গন্ধগোকুল ও টেপা পুতুল। এ ছাড়া রয়েছে বড় আকারের রাজা-রানীর দুটি মুখোশ। ছোট আকারে হাতে বহন করার মতো ফুল, প্যাঁচা, পাখির মুখোশও থাকবে শতাধিক।

প্রতিবারের মতো এবারও বাংলা বর্ষবরণ আয়োজনে প্রধান ভূমিকায় ঢাবির চারুকলা অনুষদ। এবার দায়িত্বে অনুষদের ২৫তম ব্যাচ। আয়োজন ঘিরে শিক্ষক-শিক্ষার্থীরা ব্যস্ত সময় পার করছেন। গতকাল রোববার চারুকলা অনুষদ প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, রংতুলি হাতে ব্যস্ত আয়োজক ব্যাচের শিক্ষার্থীরা। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও শিল্পকর্ম বিক্রি থেকে প্রাপ্ত অর্থ দিয়েই মঙ্গল শোভাযাত্রার ব্যয় নির্বাহ করা হবে। চারুকলা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা চৈত্রসংক্রান্তি পর্যন্ত বিভিন্ন শিল্পকর্ম তৈরি করবেন।

বাংলা বর্ষবরণের প্রস্তুতির সর্বশেষ অবস্থা জানাতে গতকাল চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ‘মঙ্গল শোভাযাত্রা কমিটি’ ও ‘বাংলা নববর্ষ উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি’ আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার বড় পরিসরে পহেলা বৈশাখ উদযাপন করা হবে। সেই সঙ্গে নিরাপত্তার অজুহাতে বাঙালির নববর্ষ পহেলা বৈশাখের অনুষ্ঠান সংক্ষিপ্ত না করা এবং ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায় পুলিশি প্রহরায় পরিবর্তনের আহ্বান জানানো হয়।

নববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন, অন্ধকারের বিরুদ্ধে আমরা আলোর দিশারি। অন্ধকার ভেদ করে আমরা সমাজে আলো ছড়াতে চাই। এজন্যই এবার প্রতিপাদ্য নির্ধারণ করেছি– আমরা তো তিমির বিনাশী। কবি জীবনানন্দ দাশের ‘তিমির হননের গান’ কবিতার পঙ্ক্তি থেকে এই প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, পহেলা বৈশাখে ঢাবি ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ পরা এবং ব্যাগ বহন করা যাবে না। তবে চারুকলা অনুষদের তৈরি মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভুভুজেলা বাজানো ও বিক্রি করা থেকে বিরত থাকতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নববর্ষের দিন সব ধরনের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। এদিন বিকেল ৫টার পর কোনোভাবেই ক্যাম্পাসে প্রবেশ করা যাবে না; শুধু বের হওয়া যাবে।

অধ্যাপক সামাদ আরও জানান, পহেলা বৈশাখের আগের দিন সন্ধ্যা ৭টার পর ক্যাম্পাসে ঢাবির স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য গাড়ি ঢুকতে পারবে না। এদিন ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহন চালানো যাবে না। মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষেধ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাসরত কোনো ব্যক্তি নিজস্ব গাড়ি নিয়ে যাতায়াতের জন্য শুধু নীলক্ষেত মোড় সংলগ্ন ফটক ও পলাশী মোড় সংলগ্ন ফটক ব্যবহার করতে পারবেন। নববর্ষের দিন ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে রাজু ভাস্কর্যের পেছনে সোহরাওয়ার্দী উদ্যানের ফটক বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগত ব্যক্তিরা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য চারুকলা অনুষদের সামনে ছবির হাটের ফটক, বাংলা একাডেমির সামনে সোহরাওয়ার্দী উদ্যানের ফটক ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন সংলগ্ন ফটক ব্যবহার করতে পারবেন।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, এবার ঈদের পরপরই বর্ষবরণ হওয়ায় আমি মনে করি, উৎসবের আনন্দ বেড়ে যাবে। সারাদেশেই এবার মহাসমারোহে বর্ষবরণ হবে। ঢাকায় যারা আছেন, তারাও মঙ্গল শোভাযাত্রায় আসবেন এবং ঈদের আনন্দের সঙ্গে বর্ষবরণের আনন্দেও মেতে উঠবেন।

বরেণ্য শিল্পী ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী বলেন, এবার দুটি আনন্দ একসঙ্গে। ঈদের পরপরই বর্ষবরণ। আমরা আশা করি, মানুষ দ্বিগুণ আনন্দে মেতে উঠবে।

নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যার আগে শেষ করার নির্দেশনা ‘ঠিক হয়নি’ মন্তব্য করে নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, অন্য সব দিবসে তো এটি বলা হয় না। তবে বাংলা নববর্ষে কেন সংক্ষিপ্ত করার এই নিয়ম বেঁধে দেওয়া? মানুষ যেন তার মতো আনন্দ করতে পারে, সে ব্যবস্থা করতে হবে। সময়ের ব্যারিকেড তুলে নিতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।