Home আন্তর্জাতিক নির্বাচনী প্রচারে মোদির হাতিয়ার সেই কাশ্মীর ইস্যু

নির্বাচনী প্রচারে মোদির হাতিয়ার সেই কাশ্মীর ইস্যু

46


অনলাইন ডেস্ক।।

লোকসভা নির্বাচনের প্রচারে ফের কাশ্মীর ইস্যুকে হাতিয়ার করলেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। রোববার (০৭ এপ্রিল) পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে একটি নির্বাচনী প্রচারণায় জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


শতাব্দি প্রাচীন দলকে কটাক্ষ করে মোদি বলেন, আসলে কংগ্রেসের কাছে কাশ্মীর কিছুই নয়। কিন্তু ১৪০ কোটি মানুষের দেশ ভারতের মুকুট হচ্ছে কাশ্মীর। কাশ্মীর ভারতের গৌরব। কাশ্মীরের জন্যই দেশের প্রতিটি বীর জওয়ান আত্মবলিদান করেছেন, তাদের জীবন সমর্পণ করেছেন। অথচ শনিবার কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রশ্ন তুলেছেন মোদিজি দেশের অন্য রাজ্যে কাশ্মীর প্রসঙ্গ নিয়ে কেন আলোচনা করেন? ওই রাজ্যের সাথে কাশ্মীরের কি সম্পর্ক রয়েছে?

মোদি বলেন, শান্তি প্রতিষ্ঠিত করতে কত মা তাদের সন্তানদের হারিয়েছেন। আর কংগ্রেস প্রশ্ন তুলছে কাশ্মীরের সাথে বাকি রাজ্যের কি যোগ রয়েছে। এই মন্তব্য থেকেই ওদের বিভেদের চিন্তাভাবনা ফের একবার সামনে চলে আসলো।

কংগ্রেসের বিরুদ্ধে দেশে ৩৭০ এর মতো একটি ক্ষতিকর ধারা চালু করার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, এই কংগ্রেস সরকারই দেশে ৩৭০ ধারার মতো একটি ক্ষতিকর ধারা চালু করেছিল। আজকে যখন বিজেপির মত মজবুদ সরকার ৩৭০ ধারা প্রত্যাহার করেছে তখন কংগ্রেসের ব্যাথা শুরু হয়ে গেছে, চিৎকার চেঁচামেচি শুরু করেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে।

মোদির বলেন, পশ্চিমবঙ্গের মাটি শ্যামাপ্রসাদ মুখার্জীর মাটি। উনি একজন বাঙালি। তার মতো বাঙালি কাশ্মীরের জন্য জীবন বাজি রেখে ছিলেন, কাশ্মীরের জন্যই তার প্রাণ বিসর্জন দিয়েছেন। উনি না থাকলে কংগ্রেসের সরকার বিচ্ছিন্নতাবাদীদের বাদীদের সামনে কবেই আত্মসমর্পণ করে দিতো। তার দাবি এই নির্বাচন কেবলমাত্র সাংসদকে নির্বাচিত করা নয়, এই নির্বাচন একটি শক্তিশালী ভারত, একটি শক্তিশালী সরকার গঠনের নির্বাচন। যত শক্তিশালী এবং মজবুদ কেন্দ্রীয় সরকার হবে ততই পুরো বিশ্বের ভারতের প্রতি আস্থা বাড়বে, ভরসা বাড়বে। ঠিক ততটাই ব্যবসা-বাণিজ্য বাড়বে, কারখানা হবে, বিদেশী পর্যটক আসবে। এই কারণেই উত্তরবঙ্গকে বিশ্ব পর্যটনের মানচিত্রে জায়গা করে দিতে জি-২০ মতো বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এলক্ষ্যে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বাড়ছে, চওড়া সড়ক তৈরি হচ্ছে। এভাবেই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নতুন কর্মসংস্থান, নতুন পরিবেশ সৃষ্টি হবে। প্রত্যেকটা পরিবারের জীবনযাপন উন্নত হবে।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ২০৪৭ সালের দিকে তাকিয়ে ২৪x৭ নিয়মে কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস ২০৪৭ সালে আমরা সবাই মিলে ভারতকে উন্নত ভারত গড়ে তুলবো।


তিনি এও বলেন, গত দশ বছরে যে কাজ করেছে সেটা কেবল ট্রেলার ছিল, এখন দেশকে অনেক আগে নিয়ে যেতে হবে। আর্থিকভাবে আরও শক্তিশালী বানাতে হবে।

দুর্নীতি নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করে মোদি বলেন, তৃণমূলের ছোট ছোট নেতারা বড় বড় বাংলোয় থাকে, কিন্তু চায়ের বাগানের শ্রমিকরা ন্যূনতম সুযোগ সুবিধা পান না। তৃণমূলের কর্মীরা চা শিল্পকে খারাপ করে দিয়েছে। তৃণমূল দুর্নীতিবাজদের প্রশ্রয় দিচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মকর্তারা অভিযান করতে গেলে তাদের উপর হামলা চালানো হচ্ছে। সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা পুরো দেশ দেখেছে। তাই এই নির্বাচনে তৃণমূলকে উচিত শিক্ষা দিতে হবে। প্রতিটি কেন্দ্রে তৃণমূলের জামানত জব্দ করতে হবে।