ঢাকা অফিস
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পাহাড়ে কুকি-চিনের সশস্ত্র তৎপরতা বিচ্ছিন্ন ঘটনা। সরকার এ নিয়ে অত্যন্ত সতর্ক এবং শক্ত অবস্থান নিয়েছে। কুকি-চিন পুরো পাহাড়ে অশান্তি তৈরি করতে পারবে না।
রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ওই এলাকা ঘুরে এসেছেন। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চলছে। সার্বিকভাবে পাহাড়ে শান্তি বিঘ্নিত হবে না।
তিনি বলেন, বিএনপি তাদের ব্যর্থতা ঢাকতে ইস্যু খোঁজে। মিয়ানমার ইস্যুতে ব্যর্থ হয়ে এখন তারা কুকি-চিন ইস্যু ধরেছে। এর দ্বারা গোটা পাহাড়ের সার্বিক শান্তি পরিস্থিতিতে প্রভাব পড়বে না। কাজেই এটা নিয়ে নতুন ইস্যু খুঁজেও ব্যর্থ হবে বিএনপি।
সেতুমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলন করার সামর্থ্য নেই। শক্তি সামর্থ্য সবই তারা হারিয়ে ফেলেছে। নেতাকর্মীরা দলটির নেতৃত্ব ও তারেকের ওপর হতাশ। তাদের নেতা দেশে নেই। রিমোট কন্ট্রোলে আন্দোলন কী সম্ভব! আন্দোলন করতে হলে রাজপথে এসে করতে হবে। রিমোট কন্ট্রোলের ডাকে জনগণ সাড়া দেবে না।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য বিএনপিকে দায়ী করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, একটা রাজনৈতিক দল, যারা তাকে ‘দেশনেত্রী’ বলেন, তার মুক্তির জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল কী আন্দোলন করেছেন? ৫০০ লোকের একটা মিছিলও করতে পারেনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়ার বিষয়ে আইনি লড়াইয়ে আদালত উপেক্ষা করে বারবার সময়ক্ষেপণ করেছেন তারা। এটা না করলে বিষয়টা অনেক আগেই সেটেল হয়ে যেত। বিএনপি আন্দোলনে ব্যর্থ। খালেদা জিয়ার বিষয়ে আইনি লড়াইয়েও ব্যর্থ। তাদের এখন চোখের পানি, কান্না আর দীর্ঘশ্বাস- এগুলোই সম্বল।
আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, এ নির্বাচনে প্রার্থিতা উন্মুক্ত করে দেয়া হয়েছে। উন্মুক্ত পরিবেশে নির্বাচন করার ইচ্ছা অনেকেরই থাকতে পারে। আমাদের বক্তব্য- এমপি বা মন্ত্রীরা কোথাও প্রভাব কোনো বিস্তার করবে না। প্রশাসন নিরপেক্ষ থাকবে। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, কেউ হস্তক্ষেপ করলে তা যেন সফল করতে না পারে। আর প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর কেউ দলীয় নির্দেশ অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।











































