Home আঞ্চলিক খুলনা অঞ্চল ও আশ পাশের সব খবরা খবর

খুলনা অঞ্চল ও আশ পাশের সব খবরা খবর

46
আকাশে ওড়া ভুবন চিল বিশ্রাম নিচ্ছে মাটিতে। ৬ নম্বর ঘাট এলাকা, খুলনা---সংগৃহীত

 

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার ইফতার মাহফিল
খবর বিজ্ঞপ্তি
গতকাল ৩০শে মার্চ শনিবার দুপুর ৩টায় জেলা কার্যালয়ে জেলা সভাপতি মুহাম্মদ ফরহাদ মোল্লা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় এবং কওমি মাদ্রাসা সম্পাদক মুহাম্মদ নাঈম গোলদার এর কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাও: আব্দুল্লাহ ইমরান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখতে ছাত্র আন্দোলনকে এগিয়ে আসতে হবে।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, মোঃ আবু গালিব, মোহাম্মদ রেজাউল করিম, মাওলানা ইলিয়াস হোসাইন, এনামুল হাসান সাঈদ, আবু মোহাম্মদ রায়হান, মাওলানা মাহবুবুল আলম, মোঃ তরিকুল ইসলাম কাবির।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নাঈমুল ইসলাম, মো: রফিকুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম , মোঃ হাবিবুল্লাহ , মোঃসাইদুল ইসলাম, মহিবুল্লাহ হাওলাদার সোহান, মোঃ আব্দুল আলিম, মো:শাহরিয়ার নয়ন, মো: মাসুম বিল্লাহ, মো: আবু নাঈম গোলদার, মো: মইন ঊদ্দীন, মো: মীর রেস্তাদুল, মো: আরফাত জামিল, মো: হাসিবুর রহমান পান্নু সহ প্রমুখ নেতৃবৃন্দ।

ট্রাংকলরি শ্রমিক কল্যাণ ও ভাই ভাই সঞ্চয় সমিতির উদ্যোগে ইফতার মাহফিল
নিজস্ব প্রতিনিধি
ট্রাংকলরি শ্রমিক কল্যাণ ও ভাই ভাই সঞ্চয় সমিতির উদ্যোগে পাবলা কেশবলাল রোড রনি ভিলা এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, কেসিসির ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, খুলনা বিভাগীয় ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ এনাম মুন্সি, সাধারণ সম্পাদক মোঃ আলী আজিম, সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন সহ মোঃ জাকির হোসেন, শওকাত হোসেন সোনা,মিজানুর রহমান মিজু,ফিরোজ হাওলাদার, জুয়েল শিকদার,মোবারক হোসেন তালুকদার, আব্দুল বারেক, খান মোঃ সোহরাব হোসেন, নাসির হাওলাদার, ইউনুস খালাশী, মিলন মল্লিক, রাসেল খান সহ প্রমূখ।
এ সময় দোয়া পরিচালনা করেন দ্বীন মোহাম্মদীয়া জামে মসজিদ ও বায়তুল আকসা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আনোয়ার হোসেন ও মাওলানা ইসহাক।

খুলনা সাংবাদিক কল্যাণ সোসাইটির ইফতার ও দোয়া
স্টাফ রিপোর্টার
খুলনা সাংবাদিক কল্যাণ সোসাইটির আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০ মার্চ বিকেলে নৈহাটী স্কুল সম্মুখে সোসাইটির অস্থায়ী কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সরকারী মহিলা কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক খাঁন আহমেদুল কবির চাইনিজ। সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি আঃ কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সান প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী মোঃ মঈনুল ইসলাম টুটুল, রূপসা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান। সাংবাদিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম ডালিমের পরিচালনায় বক্তৃতা করেন রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম বাবলু, প্রেসক্লাব রূপসার সভাপতি রাজু আহম্মেদ খান শহীদ, কর্ণপুর যুব সংঘের সভাপতি এম এ মান্নান, সাধারণ সম্পাদক আশরাফ আলী রাজ, সাংবাদিক মনোয়ার হোসেন রনি, সাংবাদিক কল্যাণ সোসাইটির কোষাধ্যক্ষ আখতার খান, দপ্তর সম্পাদক মোঃ খবীরুদ্দীন, প্রচার সম্পাদক বি এম শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য এম এ আজিম, হোসাইন আহমেদ, খান আ: জব্বার শিবলী, হামিদুল হক, খান মিজানুর রহমান, আশিকুর রহমান বাবু, চিত্ত রঞ্জন সেন, শাহরিয়ার হোসেন মানিক, নাঈমুজ্জামান শরীফ, কামরুল ইসলাম, ডা: খান শফিকুর রহমান, মুহিবুল্লাহ আল মামুন, তুরান মল্লিক, শহিদুল্লাহ আল আজাদ, মো: আব্দুস সালাম, মো: শরিফুল ইসলাম, আবু সিদ্দিক বিন সালাম, নিয়াজ মাহমুদ, আইয়ুব খান, আ: রহিম প্রমূখ।

চুয়াডাঙ্গার দর্শনার ক্যান্সারে আক্রান্ত শিশু আরাবীর দেখতে জেলা প্রশাসক
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনার ক্যান্সারে আক্রান্ত ৯ বছরের শিশু আরাবীর দেখতে স্বশরীরে উপস্থিত হলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক।পরিবারের পক্ষ থেকে মানবিক সহায়তার আবেদন।
শনিবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক
ড. কিসিঞ্জার চাকমা দর্শনার দুরারোগ্য বোন মেরো ক্যান্সারে আক্রান্ত আরাবীকে দেখতে আসেন।এ সময় আরাবীর জন্য কেনা ঈদের নতুন জামা তার মায়ের হাতে তুলে দেয়া হয়। উল্লেখ্য দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার মোবারক পাড়ার বাসিন্দা মোঃ মনির হোসেন ও সরদার পিয়ারী খানম দম্পতির ৯ বছরের শিশু কন্যা তাহমিদ খন্দকার আরাবী দুরারোগ্য বোন মেরো ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে অবস্থান করছে।ভারতের চিকিৎসকরা জানিয়েছেন যতদ্রুত সম্ভব আরাবীর অস্থিমজ্জা প্রতিস্থাপনের ব্যবস্থা করতে। যার মোট খরচ হবে প্রায় ১ কোটি টাকা। যা অত্যন্ত ব্যয়বহুল। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার নজরে আসলে তিনি গত ২৭ মার্চ তাঁর দপ্তরে সরকারি সহায়তা বাবদ তহবিল হতে ৫০ হাজার টাকার চেক আরাবীর মায়ের হাতে হস্তান্তর করেন। একই সাথে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের জন্য সরকারি অনুদান বাবদ নির্ধারিত আরো পঞ্চাশ হাজার টাকার প্রস্তাব প্রেরণের জন্য দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতাকে নির্দেশ প্রদান করেন। আরাবীর সাথে দেখা করতে ও তার পরিবারের খোঁজ নিতে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতাকে সাথে নিয়ে আরাবীর বাড়িতে আসেন। তিনি আরাবীর মা ও বাবার সাথে কথা বলেন এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ মতো ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন। এ সময় আরাবীর জন্য কেনা ঈদের নতুন জামা তার মায়ের হাতে তুলে দেয়া হয়। শিশু আরাবীর জন্য দোয়া চেয়ে জেলা প্রশাসক দেশের হৃদয়বান মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানান। এছাড়া এই মানবিক বিষয়টি তুলে ধরার জন্য তিনি গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান।

রামপালে স্কলারশিপ পেয়েও বিদেশে পড়া নিয়ে অনিশ্চয়তায় মেধাবী সোলাইমান
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে স্কলারশিপ পেয়ে বিদেশে পড়তে যাওয়ার জন্য যোগাড় করা বিপুল পরিমাণ টাকা মামা ইমদাদ আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। এতে বিদেশে পড়তে যাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন মেধাবী শিক্ষার্থী সোলাইমান। প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা ফেরত পাওয়ার জন্য ভুক্তভোগী সোলাইমানের মাতা গত ১০ মার্চ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আ.খালেক বরাবর অভিযোগ করেছেন।

অভিযোগ পেয়ে সিটি কর্পোরেশনের মেয়র টাকা আত্মসাতের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা দায়িত্ব দেন। তিনি রামপাল থানার ওসি সোমেন দাস কে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।

লিখিত অভিযোগে কুলসুম বেগম জানান, তার ছেলে মেধাবী শিক্ষার্থী মো. সোলাইমান স্কলারশিপের মাধ্যমে ভারতের গুজরাট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অধ্যয়ন করার সুযোগ পায়। ভারতে ভর্তি ও ভিসার জন্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা জমা দিতে বলে ভারতীয় দূতাবাস। তখন তারা জমি ও সহায়সম্বল বিক্রি করে ৪ লক্ষ ৫০ হাজার টাকা যোগাড় করেন। সেই টাকা নিয়ে ভারতীয় দূতাবাসের আমন্ত্রণে খুলনাস্থ ভারতীয় ভিসা কার্যালয়ে গত ইংরেজি ১৭-০৯-২০২৩ তারিখ খুলনার উদ্দেশ্যে রওনা হন। পথে পেড়িখালী খেওয়াঘাটে তাদের সাথে চাচাতো ভাই ইমদাদের সাথে দেখা হয়। এ সময় সে তার ভাইকে সব খুলে বলেন বোন কুলসুম। সব শুনে ইমদাদ বলেন, সব টাকা আমার কাছে দাও, আমি টাকা জমা দিয়ে মানি রিসিট এনে দিবো। এরপরে টাকাগুলো তার কাছে দেয়া হয়। সেই টাকা জমা না দিয়ে সে টাকা আত্মসাৎ করে। টাকা ফেরত চাইলে বলেন, আমি তোমার ছেলেকে আর্মির চাকুরী দিয়ে দিবো বলো ঘোরাতে থাকে। কুলসুম বলেন, আমার ছেলের চাকুরী লাগবে না। টাকা ফেরত দাও। এক পর্যায়ে সে একলক্ষ টাকা ফেরত দেয়। বাকী টাকা চাইতে গেলে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। তাদের নাকি ইমদাদুল বলেন আমি বন্দুক কিনেছি। দরকার হলে সেটি ব্যবহার করবো। তোরা কোন টাকা পাবি না। এতে তারা ভয়ে ভীত হয়ে পড়ে। এক পর্যায়ে তারা খুলনা সিটি মেয়র বরাবর অভিযোগ করেন। কোন কূলকিনারা না পেয়ে তারা হতাশ হয়ে অবশেষে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলনও করেন।
অভিযোগের বিষয়ে ইমদাদুল বলেন, টাকার একটা বিষয় ছিল, সেটি আমার সাথে না। তবে টাকা দেওয়ার সময় তিনি উপস্থিত ছিলেন, তবে টাকা নেননি। বন্দুকের ভয়ভীতিসহ সকল অভিযোগ অস্বীকার তিনি অস্বীকার করেন।
এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাস এর সাথে কথা হলে তিনি জানান, অভিযোগের কপি পেয়েছি। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।#

বাজার নিয়ন্ত্রণে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে: ইসলামী আন্দোল
খবর বিজ্ঞপ্তি
পবিত্র রমজান মাসে ও বাজার নিয়ন্ত্রণে সরকারে চরমভাবে ব্যর্থ হয়েছে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি চরম ভয়াবহ আকার ধারণ করেছে।

নেতৃবৃন্দ বলেন, দুর্নীতি-লুটপাট ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় পৌঁছেছে

৩০ মার্চ শনিবার বিকাল ৪ টায় জেলা শাখা কার্যলয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে জেলা শাখা নেতৃবৃন্দ এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী হাফেজ মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিবের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন জেলা শাখা এর সহ সভাপতি মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মাওলানা মোঃ মুজিবুর রহমান আলহাজ্জ শেখ জামিল আহমাদ, মোঃ রেজাউল করিম আলঃ মোঃ জাহিদুল ইসলাম,মাওলানা আব্দুস সাত্তার, হাফেজ মাওঃ মুফতি আশরাফুল ইসলাম, মোহাঃ মুহিব্বুল্লাহ, মাওলানা মোঃ আসাদুল্লাহ হামিদী, মোহাঃ জাহিদ হাসান, হায়দার আলী, শেখ মোঃ ওলিয়ার রহমান, ক্বারী মোঃ জামাল হোসেন, শেখ ইউসুফ আলী, শেখ রওশন আলী, মোঃ শফিকুল ইসলাম দাকোপ, আলহাজ্ব মাওঃ মাহবুবুল আলম মাওলানা মোঃ হারুন অর রশিদ, এইস এম এনামুল হাসান সাঈদ ,মোহাঃ তরিকুল ইসলাম দবীর, মাওলানা মোঃ আবু সাঈদ, আলহাজ্ব কারী মোঃ আঃ রহমান, আকিছুর রহমান,মোঃ আশরাফ আলী, হাফেজ কারিমুল ইসলাম, মোহাঃ শামীম হোসেন,মুফতি ওমর ফারুক মোঃ ওলিয়ার রহমান , মুফতি ফয়জুল্লাহ প্রমুখ।

জীবননগরে গরুর গা ধোয়ানোর সময় বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে গরুর গা ধোয়ানোর সময় বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ৩ টায় জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের বড় মসজিদ পাড়ার লিয়াকত আলীর ছেলে মোঃ সম্রাট হোসেন(২৪) বৈদ্যুতিক মটর খাটিয়ে পাইপ দিয়ে গোয়াল ঘরে গরুর গোসল করাচ্ছিল।রোজা থাকার কারণে তার নিজের মাথায় পানি দেবার এক পর্যায়ে বৈদ্যুতিক তারে হাত লাগে ও গেয়াল ঘর থেকে তার ছিটকে ফেলে।সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

দামুড়হুদার কুড়ুলগাছির বিচালী ব্যবসায়ীর বিচালী ভর্তি আলমসাধু উল্ঠে মর্মান্তিক মৃত্যু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদার কুড়ুলগাছির বিচালী ব্যবসায়ী বিচালী ভর্তি আলমসাধু উল্ঠে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার ভোর ৫ টাঢ দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর (নতুন গ্রাম) গ্রামের ছিয়োম আলী ছেলে বিশারত আলী (৫০) একই গ্রামের আশিকুর (২৫)ভোরে আলমসাধু যোগে যশোরের চৌগাছায় ধানের খড় (গো-খাদ্য বিচুলি) কিনতে যাচ্ছিল। সকাল ৭ টার দিকে যশোরের মহেশপুর-চৌগাছা সড়কের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ফাঁসতলা নামক স্থানে পৌছালে একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ এড়াতে গাড়ির চালক গাড়ির হার্ড ব্রেক করে। এসময় আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। আলমসাধুর নিচে চাপা পড়ে বিশারত
ও আশিকুল জখম হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিশারত আলীকে মৃত ঘোষণা করেন এবং আশিকুলকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন।

মাগুরা শালিখাতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত,আহত ৬
নওয়াব আলী মাগুরা।
মাগুরার শালিখা উপেজলায় ছয়ঘরিয়া হাজাম বাড়ীর মোড়ে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছ।শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিএনজি ও বাসের মধ্যে সংঘর্ষ এ ঘটনা ঘটে।নিহতরা হলো যশোরের বাঘার পাড়া উপজেলার নারিকেল বাড়ী গ্রামের নিত্যানন্দ দের স্ত্রী নিরুপা রানী দে (৪০), নারায়ন চন্দ্র দের স্ত্রী পুষ্প রানী দে(৫০), কালিপদ শিকদারের পুত্র মধু শিকদার (৫০)।যশোরগামী জিএম পরিবহনের একটি গাড়ী মাগুরাগামী একটি সিএনজিটিকে চাপাদেয়।তারা সকলে মাগুরাতে একটি ধর্মীও অনুষ্ঠানে যোগদিতে যাচ্ছিলেন।
আহতদের গুরুতর আহত ৬ জনকে চিকিৎসার জন্য শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,যশোর সদর হাসপাতাল ও মাগুরা সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।দূর্ঘটনার সাথে সাথে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এবং নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে।
নিহত ও আহত সকলেই সিএনজির চালক ও যাত্রী ছিলেন।
সচেতন মহলের ধারনা সড়ক ও জনপথ বিভাগ রাস্তার দুই পাশে মাটি দেওয়ার প্রকল্পের মাটি রাস্তার একাংশ দখল করে রাখার কারে রাস্তা সরু হয়ে গেছে।আর একারনে এ মর্মান্তিক দার্ঘটনাটি ঘটেছে।

শহিদ হাদিস পার্কে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক রবিবার সকালে নগরীর শহিদ হাদিস পার্কে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। পবিত্র রমজান উপলক্ষ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ১ম দিনে সিটি মেয়র ১’শ পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান হালিমা ইসলাম, সেক্রেটারী মল্লিক আবিদ হোসেন কবির, সদস্য খুলনা মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশসহ অন্যান্য সদস্যবৃন্দ, যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

 

 

ঝিনাইদহে বালু ব্যবসায়ীদের দখলে মহাসড়ক
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে বালু ব্যবসায়ীদের দখলে মহাসড়ক। উড়ন্ত বালু আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ছে। বালুর কণা ঢুকে পড়ে চোখেমুখে। চরম ঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা। রাস্তার দুপাশে গড়ে উঠেছে ভাঙাড়ির দোকান। বাসাবাড়িতে বাড়ছে চুরি। অতিষ্ঠ হয়ে পড়েছেন নগরবাসী। এদিকে নজর নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
জেলা শহরের বাইপাস (হামদহ-আরাপপুর) সড়ক ঘেঁষে গড়ে উঠেছে বালু ও ভাঙাড়ি ব্যবসার সারি সারি আড়ত। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দিনরাত চলে কেনাবেচা। ব্যস্ততম এ সড়কে বালুভর্তি ট্রাক সকাল-সন্ধ্যায় রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এছাড়া মহাসড়কের খানিক অংশ জুড়ে গড়ে ওঠা শতাধিক ভাঙাড়ির দোকানে লোহালক্কড়, পলিথিন, পুরাতন হাঁড়ি-পাতিলসহ নানা জিনিস কেনাবেচা হয়। ঢাকা বা চট্টগ্রামে মহাজনের আড়তে এসব মাল পাঠানোর সময় ট্রাকে লোড করা হয়। এসময় তৈরি হয় যানজট। দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা।

ভুক্তভোগীরা জানান, হামদহ-আরাপপুর বাইপাস সড়কের দুপাশে রয়েছে অসংখ্য বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফায়ার সার্ভিস ও মাইক্রোওয়েভ স্টেশন। আরও রয়েছে সদর হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, পুলিশ লাইনস, স্কুল-কলেজ, মাদ্রাসাসহ নানা শিশুশিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে সড়কটি দিয়ে চলাচল করতে মানুষ আতঙ্কে থাকেন। কারণ প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। ইতোমধ্যে প্রাণ গেছে অনেকের। পঙ্গু হয়েছেন অসংখ্য মানুষ। ভাঙাড়ি লোহা ছুরি কিংবা নষ্ট পেরেকের আঘাতে জখম হয়েছেন পথচারীরা। এছাড়া রাত একটু গভীর হলে সড়কের আরাপপুর এলাকায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে উত্তরবঙ্গগামী মালামাল ভর্তি ট্রাক। রাস্তার ধারে গড়ে ওঠা খুপরি দোকানগুলোতে চালক, হেল্পারসহ অন্যদের চলে খাওয়াদাওয়া। ওই সময় জরুরি সেবার যানবাহন সহজে চলাচল করতে পারে না।

অপরদিকে বিভিন্ন পাড়া-মহল্লার পাকা সড়কগুলোতে বাড়ি নির্মাণের সামগ্রী ফেলে রাখা হয়েছে। শহরের জিরো পয়েন্ট পায়রা চত্বর হয়ে ঝিনাইদহ-মুজিবনগর সড়কের স্থানীয় চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড পর্যন্ত সড়ক বিভাগের পাকা রাস্তার আংশিক ফুটপাত, ড্রেন, পুরাতন শ্যালো ইঞ্জিন বিক্রেতা এবং লেদ মালিকদের দখলে। পৌরসভার পাকা ড্রেন দখল করে গড়ে তোলা হয়েছে বিশাল অট্টালিকা। অন্যান্য সড়কের খালি জায়গা জেলা পরিষদের কিছু অসাধু ব্যক্তির মদদে দখলবাজদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে।

এ পরিস্থিতি মোকাবিলায় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি এবং সিটিজেন ফোরামের পক্ষ থেকে সংশ্লিষ্টদের দফায় দফায় তাগিদ দেওয়া হয়েছে। কাজের কাজ কিছুই হচ্ছে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতঃপূর্বে কয়েক দফায় অভিযান পরিচালনা করা হলেও পৌরসভা এবং সড়ক বিভাগের নীরবতায় দখলবাজরা সরেনি। জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

ঝিনাইদহ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, পৌরসভার নিজস্ব ম্যাজিস্ট্রেট না থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা যাচ্ছে না। তবে একাধিকবার মাইকিং করা হয়েছে। বালু ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছে যেন দ্রুত তারা রাস্তার পাশ থেকে মালামাল সরিয়ে নেন।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা জানান, নজরে আসা মাত্রই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টি নজরদারিতে রয়েছে।

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজকে একাধিকবার মোবাইল ফোন করে পাওয়া যায়নি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায় জানান, প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়েও কাজ হচ্ছে না। এ বিষয়ে সড়ক বিভাগের এগিয়ে আসা দরকার। পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে।

চুয়াডাঙ্গায় দুই উপজেলায় লড়বেন জামায়াতের প্রার্থীরা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোটযুদ্ধ হবে চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলায়। এ নিয়ে সম্ভাব্য প্রার্থীদের ব্যস্ততা শুরু হয়ে গেছে মাঠ পর্যায়ে।
জানা গেছে, ৮ মের নির্বাচনে দামুড়হুদা ও জীবননগর উপজেলার বর্তমান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ও সাবেকসহ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একাধিক নেতা প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন। বরাবরের মতো এই নির্বাচনেও অংশ নেবে না বিএনপি। কেন্দ্রীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এমনটাই জানিয়েছেন দলটির নেতারা। তবে উপজেলা নির্বাচনে স্থানীয় জামায়াতের প্রার্থীরা মাঠে আছেন।

উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী চূড়ান্তের ব্যাপারে জেলা জামায়াতের আমির রুহুল আমিন জানান, প্রথম দফায় অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে দামুড়হুদা ও জীবননগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
আওয়ামী লীগ ও জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা জোরেশোরে প্রচার চালাচ্ছেন। রমজান মাসেও থেমে নেই তাদের প্রচার-প্রচারণা। বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় সশরীর উপস্থিত হয়ে স্থানীয় মুসল্লিদের কাছে ভোট প্রার্থনা করছেন তারা। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমসহ ডিজিটাল প্ল্যাটফর্মেও চলছে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচার।

দামুড়হুদা উপজেলার বর্তমান চেয়ারম্যান আলী মুনসুর বাবু আসন্ন নির্বাচনে প্রার্থী হচ্ছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তিনি উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও সরকারি-বেসরকারি দপ্তর আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে দায়িত্বকালীন পাঁচ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরছেন। তবে বর্তমান ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম এবং নারী ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুনেরও এবার নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে আগ্রহ নেই বলে জানা গেছে। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে প্রচার চালাচ্ছেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল কাদের।

এ ছাড়া পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যানও দামুড়হুদা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। তবে এখন পর্যন্ত তার পক্ষে কোনো প্রচার-প্রচারণা নজরে পড়েনি।

এই উপজেলার তিনটি পদে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন জানান, জেলা জামায়াতের নায়েবে আমির আজিজুর রহমান চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আমির নায়েব আলী ও জেলা জামায়াতের মহিলা শূরা সদস্য রেহেনা খাতুন নারী ভাইস চেয়ারম্যান পদে আসন্ন নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে নিশ্চিত হয়েছেন।

এদিকে জীবননগর উপজেলা পরিষদে উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক হাফিজুর রহমান চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালাম ঈশা ভাইস চেয়ারম্যান এবং আওয়ামী লীগ সভানেত্রী আয়েশা সুলতানা নারী ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনজনই নিজ নিজ পদে এবারের নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।

তবে জীবননগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ অমল জানান, তিনি নিজে ও বর্তমান সভাপতি নজরুল ইসলাম কেউই প্রার্থী হচ্ছেন না। সাংগঠনিকভাবেও কারও পক্ষ নিচ্ছেন না।

এই উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে উপজেলা আমির সাজেদুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে থানা সেক্রেটারি সাখাওয়াত হোসেন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে জীবননগর থানা মহিলা কর্মপরিষদ সদস্য মুক্তা খাতুনের নাম নিশ্চিত করা হয়েছে।

ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ১৭ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮-২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল।

পৌনে ২ ঘণ্টায় যশোর পৌঁছালো ট্রায়াল ট্রেন
যশোর অফিস
ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোরের রূপদিয়া স্টেশনে পৌঁছাতে ট্রায়াল ট্রেনটির সময় লেগেছে ১ ঘণ্টায় ৪৫ মিনিট। শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে ভাঙ্গা স্টেশন থেকে ছেড়ে গিয়ে ১০টা ২৫ মিনিটে পৌঁছে রূপদিয়া স্টেশনে। সেখানে প্রায় ১০ মিনিট অবস্থান করার পর আবারো ভাঙ্গার উদ্দেশে রওনা হয় ট্রেনটি। এর মাধ্যমে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প ভাঙ্গা-যশোর প্রথম ধাপের পরীক্ষামূলক ট্রেন চলাচল সম্পন্ন হলো।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, কোনো রকম ঝামেলা ছাড়াই ট্রায়াল সম্পন্ন হয়েছে। আগামী জুন নাগাদ এই পথে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হতে পারে।

পরীক্ষামূলক ট্রেনের চালক আব্দুল মান্নান বলেন, ‘ভাঙ্গা থেকে রওনা হয়ে ১০টা ২৫ মিনিটে যশোরের রূপদিয়া স্টেশনে পৌঁছেছি। কোথাও ৮০, কোথাও ৬০, কোথাও ৪৫ কিলোমিটার বেগে চলেছি। লাইন খুবই মজবুত, কোথাও কোনো সমস্যা হয়নি।’

যশোর রেলওয়ে স্টেশন মাস্টার আয়নাল হাসান বলেন, ‘এই ট্রেন যশোরবাসীর জন্য প্রধানমন্ত্রীর ঈদের উপহার। ট্রেনটি ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে যশোরে পৌঁছে। যাওয়ার সময় আরো বেশি বেগে যাবে। আগামী জুন মাস নাগাদ এই রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হতে পারে।’

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনতে এই রেলপথ নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘চায়না রেলওয়ে গ্রুপ’ (সিআরইসি) প্রকল্পটি বাস্তবায়ন করেছে। ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ব্রডগেজ ঐ রেলপথে ভাঙ্গা, কাশিয়ানী এবং যশোরের পদ্মবিলা ও সিঙ্গিয়াতে রেলওয়ে জংশন থাকছে।

এ ছাড়া নগরকান্দা, মুকসুদপুর, মহেশপুর, লোহাগড়া, নড়াইল এবং যশোরের জামদিয়া ও রূপদিয়ায় রেলস্টেশন হয়েছে।

কাজের অংশ হিসেবে শনিবার ও আজ রোববার এই দুইদিন ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত বিভিন্ন গতিতে ট্রেন চালিয়ে নির্মাণ অবস্থা পরীক্ষা করা হবে।

ট্রায়ালে অংশ নেয়া রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, ভাঙ্গা থেকে যশোর অংশের ৮৭ দশমিক ৩২ কিলোমিটার পথ ৮৪ কিলোমিটার বেগে পাড়ি দিয়েছেন তারা। পথে কোথাও কোনো সমস্যার সম্মুখীন হননি তারা।

এদিকে, পদ্মা রেলসেতু হয়ে নতুন ট্রেন চলাচলের সুযোগ সৃষ্টি হওয়ায় খুশি স্থানীয়রা। তাদের দাবি, এলাকার উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ক্ষেত্রে নতুন দিগন্ত সৃষ্টি হয়েছে।

রেলওয়ে সূত্র মতে, এ প্রকল্প শেষের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত। মাঠ পর্যায়ে প্রকল্পটির কাজ শুরু হয়েছিল ২০১৯ সালে। ২০১৬ সালের ৩ মে একনেকে ‘পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প’ নামে এটির অনুমোদন হয়। এই প্রকল্পের ব্যয় হয়েছে ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা।

প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জের দারুস-শেফা প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় লাভলী বেগম (২৬) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ মার্চ) দিবাগত রাতে তার মৃত্যু হয়।

মৃত লাভলী খাতুন জেলার হরিণাকুণ্ডু উপজেলার তৈলটুপী গ্রামের এনামুল কবিরের স্ত্রী। এই দম্পতির সাফি নামে ৭ বছরের এক ছেলে সন্তান রয়েছে। স্বামীর চাকরির কারণে তারা কালীগঞ্জ শহরে থাকতেন।

স্বজনরা জানান, দ্বিতীয় সন্তানের জন্ম দিতে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের দারুস-শেফা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শরীরে অস্ত্রোপচার করেন চিকিৎসক রেক্সোনা পারভীন ইলোরা। অস্ত্রোপচারের মাধ্যমে লাভলী বেগম কন্যা সন্তানের জন্ম দিলেও তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। ভুল অস্ত্রোপচারে চিকিৎসক রেক্সোনা পারভীন প্রসূতির জরায়ু নাড়ি কেটে ফেলেন। এরপর রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় বিকেল ৪টার দিকে পুনরায় লাভলী বেগমকে নেয়া হয় অপারেশন থিয়েটারে।

প্রায় ৩ ঘণ্টা ধরে চলা দ্বিতীয় অস্ত্রোপচারের কথা বলে অপারেশন থিয়েটারেই রাখা হয় লাভলীকে। স্বজনরা এ সময় রোগীর অবস্থা সম্পর্কে জানতে চাইলে অপারেশন থিয়েটারের ভেতর থেকে বারবার জানানো হয় রোগী ভালো আছে। সেলাই শেষ করেই তাকে বেডে দেওয়া হবে। দীর্ঘ সময় পার হলেও রোগীকে অপারেশন থিয়েটার থেকে বের না করায় স্বজনদের মনে সন্দেহ জাগে। এরপর একজন অপারেশন থিয়েটারে প্রবেশ করে দেখেন রোগী অচেতন অবস্থায় পড়ে আছে। এ সময় চিকিৎসক রেক্সোনা পারভীন ইলোরা প্রসূতিকে যশোরে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মৃত্যু হয়।

লাভলী খাতুনের স্বামী এনামুল কবির জানান, দারুস-শেফা প্রাইভেট হাসপাতালের চিকিৎসক রেক্সোনা পারভীন ইলোরার ভুল চিকিৎসায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে। রেক্সোনা পারভীন অপ্রয়োজনে তার স্ত্রীর জরায়ু কেটে ফেলেছেন। জরায়ু কেন কাটা হলো এমন প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। রোগীর শরীরের রক্তক্ষরণ দেখে চিকিৎসক রেক্সোনা নিজেই ঘাবড়ে যান। তখন চিকিৎসক বলেন, আমি সঙ্গে লোক দিচ্ছি আপনারা দ্রুত যশোর নিয়ে যান। অপচিকিৎসায় আমার স্ত্রীর মৃত্যুর জন্য জড়িতদের বিচার চাই।

এ ব্যাপারে জানতে দারুস-শেফা প্রাইভেট হাসপাতালের চিকিৎসক রেক্সোনা পারভীন ইলোরার মোবাইলে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, দারুস-শেফা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভুক্তভোগীরা বিভিন্ন সময় অভিযোগ করলেও পরবর্তীতে প্রাইভেট হাসপাতালটির মালিক পক্ষের সঙ্গে সমঝোতা করার ফলে শেষ পর্যন্ত হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। এ ঘটনা শুনলাম, অবশ্যই এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

খুলনায় প্রকৌশলী বায়োজিদ হত্যাকারীদের ফাঁসির দাবি
স্টাফ রিপোর্টার
চাঞ্চল্যকর প্রকৌশলী বায়োজিদ হাসানকে হত্যাকারীদের ফাঁসির দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

খুলনা সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন অত্র ওয়ার্ডের কাউন্সিলর মো. আলী আকবর টিপু। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত বায়োজিদ হাসানের মা দিলরুবা বেগম, স্ত্রী তাকিয়া সুলতানা, বড় ভাই আব্দুল আহাদসহ এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বায়োজিদ হাসানের হত্যা মামলার আসামি যশোরের খান রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ ও তার ভাই রাকিবুল ইসলাম চৌধুরী সঞ্জয়সহ সব আসামির গ্রেফতার ও ফাঁসির দাবি করেন। এ সময় নিহত বায়োজিদের মা ও স্ত্রী কান্না জড়িত কণ্ঠে হত্যাকারীদের অবিলম্বে বিচার দাবি করেন।

২৫ মার্চ রাতে যশোরে খান রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের লোন অফিসপাড়ার চালের আড়ৎ থেকে খুলনার সোনাডাঙ্গা এলাকার বায়োজিদের লাশ উদ্ধার করে পুলিশ। মুল্লুক চাঁদের ঢাকায় একটি নির্মাণাধীন বাড়ির ইঞ্জিনিয়ার পদে চাকরি করতেন বায়োজিদ। বায়োজিদ হত্যার ঘটনায় রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ ও তার ভাই রাকিবুল ইসলাম চৌধুরী সঞ্জয়সহ ৯ জনের বিরুদ্ধে যশোরের কোতোয়ালি থানায় নিহতের মা দিলরুবা মামলা করেন। এ মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়। এ মামলার এজাহারনামীয় আসামি মোস্তাফিজুর রহমান খোকাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন তদন্তকারী কর্মকর্তা। খোকা এ ঘটনায় জড়িত ও অপর জড়িতের নাম উল্লেখ করে আদালতে ওই জবানবন্দি দিয়েছেন।

যশোরে সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ আহত ৭
বেনাপোল (যশোর) উপজেলা প্রতিনিধি
যশোরের শার্শায় জমিজমা সংক্রান্ত পূর্ব শক্রতার জেরে দুই গ্রুপের সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ সাতজন গুরুতর আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।
শনিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার বহিলাপোতা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন বহিলাপোতা গ্রামের একই পরিবারের মৃত সিরাজ উদ্দিনের ছেলে আব্দুল মজিদ (৭৫), আব্দুর রশিদ (৭০), আব্দুর রশিদের স্ত্রী মনোয়ারা খাতুন (৫৫), ছেলে শাহীন আলম (২৭), আব্দুর মুজিদের ছেলে হাদিউজ্জামান (৪০) ও প্রতিপক্ষের আব্দুল লতিফের ছেলে আবুল কালাম (২৫), রেজাউল হোসেন (৪৫)। আহতদের মধ্যে হাদিউজ্জামান ও আব্দুল রশিদের অবস্থা আশঙ্কাজনক।

আহত আব্দুল মজিদ জানান, দীর্ঘদিন ধরে তার ২০ শতাংশ জমি প্রতিপক্ষ আব্দুল লতিফ জোর করে দখল করে রেখেছেন। আব্দুল লতিফের ছেলে রেজাউল দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, তার প্রবাসী ভাই বিল্লাল হোসেনের স্ত্রীকে উত্ত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিয়ে আসছেন। রাতের আঁধারে বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ, মাঠের সেচ মোটর, মোবাইল চুরিসহ নানান অপকর্মে জড়িত তিনি। রেজাউলরা সাত ভাই হওয়ায় কেউ কিছু বললে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া-বিবাদ ও প্রতিবাদকারীকে মারধর করেন।
মজিদ আরও বলেন, তার জমি থেকে বাঁশ ও বাঁশের কঞ্চি কাটার সময় প্রতিপক্ষ আব্দুল লতিফের নির্দেশে তার পরিবারের পাঁচজনকে পিটিয়ে, কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। প্রতিপক্ষরা তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে আব্দুল লতিফের ছেলে আহত আবুল কালাম বলেন, এসব অভিযোগ সত্য নয়।

বহিলাপোতা গ্রামের ইউপি সদস্য আব্দুল জাব্বার বলেন, আব্দুল লতিফের ছেলে রেজাউলের বিরুদ্ধে গ্রামের সাধারণ মানুষের অভিযোগ রয়েছে। সন্ত্রাসী প্রকৃতির ও সাত ভাই হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ অন্যায়ের প্রতিবাদ করতে সাহস পান না। তারা এলাকার কারো বিচার মানেন না।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) এম মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

অনুমোদনহীন ওষুধ রাখায় তিয়ানশির অফিস সিলগালা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় অনুমোদনহীন ওষুধ রাখার অভিযোগে তিয়ানশি কোম্পানির জেলা অফিস সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩০ মার্চ) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তালুকদারের নেতৃত্বে অভিযানে এ সাজা দেওয়া হয়।
এসময় ১৫ লাখ টাকার ওষুধ সামগ্রী জব্দ এবং তিয়ানশির ডিস্ট্রিবিউটর শফিকুল ইসলাম ও তুহিনুজ্জামানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

শাহনেওয়াজ তালুকদার জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সাতক্ষীরা অফিসের তথ্যের ভিত্তিতে শহরের ইসলাম টাওয়ারে তিয়ানশি কোম্পানির অফিসে অভিযান চালানো হয়। এসময় বিএসটিআইয়ের অনুমোদনহীন ওষুধ রাখার অভিযোগে কোম্পানির সাতক্ষীরা অফিস সিলগালা করা হয় ও ওষুধ জব্দ করা হয়।
এছাড়া সিল বিহীন ওষুধ সামগ্রী বিক্রির অভিযোগে দুই ডিস্ট্রিবিউটরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের জেল দেওয়া হয়েছে।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, র্যাব, পুলিশ ফোর্স, ড্রাগ সুপারের প্রতিনিধি এবং এন এস আই এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

খামারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মারা গেলো দেড়শ মুরগি
মেহেরপুর প্রতিনিধি
খামারের দেড়শ মুরগি বিক্রি করে পরিবারে সবার জন্য ঈদে নতুন জামা কেনা এবং স্কুলের বেতন দেওয়ার কথা ছিল। বাকি টাকা দিয়ে আবারও নতুন করে মুরগির বাচ্চা কিনে খামারটা চালু রাখতাম। কিন্তু সেটি হলো না। আমাদের পরিবারের সবার ঈদ আনন্দ ম্লান হয়ে গেলো। আমার যে ক্ষতি হয়েছে, এখন ঘুরে দাঁড়াতেও অন্তত ছয়মাস সময় লাগবে।

অশ্রুসিক্ত নয়নে আক্ষেপ করে এভাবেই কথাগুলো বলছিল স্কুলছাত্র হৃদয়। সে মেহেরপুরের গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামের টেপিপাড়ার হামিদুল ইসলামের ছেলে। হৃদয় গাংনী হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র।
শুক্রবার (২৯ মার্চ) দিনগত রাতে পূর্ব শত্রুতার জেরে হৃদয়ের খামারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেড় শতাধিক মুরগি পরিকল্পিতভাবে মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

হৃদয়ের বাবা হামিদুল ইসলাম জানান, তিনি নিজে ও ছেলে হৃদয় মিলে বাড়ির ছাদে মুরগির খামারটি দিয়েছিলেন। এখান থেকে যা আয় হতো তা দিয়ে সংসারের খরচাদি ও ছেলেমেয়ের লেখাপড়ার খরচ চলছিল। গতকাল রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে খামারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। সেইসঙ্গে একধরনের গ্যাস ছেড়ে দেয়। এতে গরমে সব মুরগি মারা যায়।
তিনি বলেন, মধ্যরাত থেকে মরতে থাকে মুরগিগুলো। মৃতপ্রায় কিছু মুরগি প্রতিবেশীদের দিয়ে দেওয়া হয়েছে। বাকি মুরগি মাটিতে পুঁতে ফেলা হচ্ছে বলেও জানান হামিদুল ইসলাম।
হৃদয়ের মা বেলী খাতুন বলেন, অন্যান্য দিনের মতো মধ্যরাত পর্যন্ত ছাদে মুরগির খামারে আমরা কাজ করেছি। ঘরে আসার কিছুক্ষণ পর মুরগির সাড়াশব্দ না পেয়ে গিয়ে দেখি, একের পর এক মুরগি মরে যাচ্ছে।

তিনি আরও বলেন, কারো সঙ্গে আমাদের তেমন শত্রুতা নেই। তবে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে একজনের সঙ্গে। তিনিই এ ঘটনা ঘটাতে পারেন বলে ধারণা বেলী খাতুনের।

গাংনী থানার পরিদর্শক (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা যুবলীগের ইফতার বিতরণ
খবর বিজ্ঞপ্তিঃ
গতকাল বিকেল ৫.৩০টায় দলীয় কার্যালয়ের সামনে মাস ব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে অসহায় ও ছিন্নমূল রোজাদারের মাঝে ব্যক্তিগত উদ্দ্যোগে রান্না করা খাবার বিতরণ করেন খুলনা জেলা যুবলীগের সাধারন সম্পাদক ইঞ্জিঃ মাহাফুজুর রহমান সোহাগ।এসময়ে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল,খুলনা মহানগর আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক হফেজ শামীম,খুলনা জেলা আওয়ামী লীগ সদস্য মোঃ জামিল খান,সাবেক যুবলীগ নেতা সরদার জাকির হোসেন,মুন্সি নাহিদুজ্জামান,জলিল তালুকদার,মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান রাসেল, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরাফাত হোসেন পল্টু,সাধারন সম্পাদক মুসফিকুর রহমান সাগর, জেলা যুবলীগ নেতা শেখ মনিরুল ইসলাম,শেখ ইয়াজুল ইসলাম,তৌহিদুল ইসলাম প্রিন্স,মাহামুদ আল হাসান গালিব,ফরিদ আহম্মেদ,খাইরুজ্জামান সজল,মোর্শেদ রিয়াদ,কে এম তহিদুজ্জামান রনি,অনুপম মল্লিক,ফরহাদ বাবু,রাকিব হাসান প্রমুখ।

 

খানজাহান আলী থানা প্রেস ক্লাবের উদ্যোগে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল
খানজাহান আলী থানা প্রতিনিধি
খানজাহান আলী থানা প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। এলাকার বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে প্রতি বছর পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে খানজাহান আলী থানা প্রেস ক্লাব । গতকাল ৩০ মার্চ শনিবার আছরবাদ শিরোমণি ১নং আটরা গিলাতলা ইউনিয় পরিষদ অডিটরিয়ামে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানা প্রেস ক্লাবের সভাপতি মোশারেফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেনের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, প্রধান আলোচক থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স. ম রেজওয়ান আলী, খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আবু দাউদ, থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, ১নং আটরা ইউনিয়ন পরিষদের শেখ মনিরুর ইসলাম, সাংবাদিক আবু হামজা বাধন, বিশিষ্ট্য ব্যবসায়ী রেজাউল ইসলাম, ইবাদত হোসেন, খানজাহান আলী থানা ওসি তদন্ত নাহিদ হাসান, সাংবাদিক মামুন মোল্লা, আলম খান, আল আমিন খান, ইনসাফ আহম্মেদ পলক, আকাশ, সাবেক ইউপি সদস্য হুমায়ন কবির, আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাসিন বিশ^াস, শিরমনি বাজার জামে মসজিদের পেশ ইমাম আতাউর রহমান সহ এলাকার বিভিন্ন সামাজিক রাজনৈদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও ইফতার মাহফিলে আলোচনা করেন মাওলানা রুহুল আমিন এবং দোয়া পরিচালনা করেন শিরোমনি বাজার জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল জব্বার।

 

বাংলাদেশ প্রবীণ নাগরিক পর্ষদ-এর আলোচনা ও ইফতার
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ প্রবীণ নাগরিক পর্ষদের উদ্যোগে ‘বরকতময় রমযানে সাম্যের শিক্ষা’ শীর্ষক এক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অদ্য ৩০-০৩-২৪ তারিখ শনিবার খুলনা মহানগরীর কাইফেং চাইনিজ রেস্তোঁরার মিলনায়তনে অনুুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান উদ্যোক্তা ও সভাপতি, সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামরুল হক নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি বি এল কলেজের সাবেক উপাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর শিকদার মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন খুলনা চেম্বার অব কমার্সের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী জালাল উদ্দিন ও পদকপ্রাপ্ত শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী মাসুদ মাহমুদ। প্রধান আলোচক ছিলেন সাবেক পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুরুল ইসলাম। ইফতারপূর্ব দোয়া পরিচালনা করেন খুলনা আলিয়া মাদ্রাসার প্রধান মোহাদ্দিস আলহাজ্ব অধ্যাপক মোঃ শমসের আলী শেখ।
সংগঠনের নেতা আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, ডাঃ মোঃ বোরহান উদ্দিন, আলহাজ্ব এ্যাড. শামীম মোশাররফ, মোঃ আইয়ুব আলী মোল্লা, আলহাজ্ব ইঞ্জিঃ আব্দুর রাজ্জাক, সাংবাদিক নেতা মহেন্দ্র নাথ সেন, আলহাজ্ব ইঞ্জিঃ কাজী এনায়েত হোসেন, এ্যাড. আনোয়ারা খাতুন, রোটারিয়ান বিধান চন্দ্র রায়, শেখ মোঃ হান্নান প্রমুখ।
বক্তারা ‘প্রবীণের যুক্তি Ñ নবীনের শক্তি Ñ প্রজন্মের মুক্তি’ স্লোগানে ‘প্রবীণ বান্ধব কর্মধারা’ পরিচালন এবং প্রবীণদের জীবন দর্শন ও দিকদর্শনের আলোকে প্রজন্মের সন্তানদের নৈতিক ও মানবিক উজ্জীবনের ধারায়Ñ নৈতিক অবক্ষয় ও মানবিক অধঃপাত থেকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের মুক্তি সাধনের প্রত্যয়েÑ ‘পবিত্র রমযানে সাম্যের শিক্ষা’ জীবনের সর্বত্র লালনের গুরুত্বারোপ করেন।

মামলা করায় বাদী পক্ষকে হয়রানী করার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলার লক্ষীখোলা গ্রামের এক নারীকে দির্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব দিযে আসছিলেন একই গ্রামের কার্তিক চন্দ্র মন্ডল। তার কুপ্রস্তাবে রাজী না হওয়ায় গত বৃহস্পতিবার রাতের আধারে ঐ নারীর ঘরে প্রবেশ করে পার্শবিক নির্যাতনের চেষ্ঠা করলে নারীর চিৎকারে এলাকাবাসী তাকে ধরে পুলিশে দিয়েছে। এর পর থেকে আটক কার্তিকের স্বজনেরা বিভিন্নভাবে হুমকি ধামকি সহ হয়রানী করার চেষ্টা করছে।গতকাল শনিবার (৩০ মার্চ) ভুক্তভুগী নারী কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমনটি দাবি করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ঐ নারী জানান, গত ২৭ মার্চ রাতে আমার স্বামী বাড়ীতে ছিলেন না। ঐ রাতে স্থানীয় মন্টু মন্ডলের পুত্র কার্তিক চন্দ্র মন্ডল কৌশলে আমার ঘরে প্রবেশ করে খাটের নিচে লুকিয়ে থাকে। রাত ১১ টার দিকে সকলে ঘুমিয়ে পড়লে সে আমাকে গামছা দিয়ে মুখ আটকিয়ে পাশবিক নির্যাতন চেষ্টা করে। আমি কোন রকম মুখের গামছা সরিয়ে হাক চিৎকার দিলে স্থানীয় লোকজন সহ নিকট আত্বীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে। পরে কয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। ভুক্তভোগী নারী আরও বলেন,দির্ঘ কয়েক বছর ধরে কার্তিক চন্দ্র আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এর আগে ২০২৩ সালে একবার কয়রা থানায় মুচিলকার মাধ্যমে ছাড়া পেয়েছিল। তার পরেও সে নিবৃত্ত হয়নি। এবারের ঘটনার পর গত ২৮ মার্চ কয়রা থানায় বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করি। মামলা করার পর থেকে তার স্বজনেরা আমার ও আমার পরিবারের সদস্যদেরকে হুমকি ধামকি সহ বিভিন্নভাবে হয়রানী করার জন্য ষড়যন্ত্র করছে। কার্তিকের পিতা মন্টু মন্ডল বলে বেড়াচ্ছে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে। এ ছাড়া ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে তারা। সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্যাতিত নারী প্রকৃত ঘটনাটির সুষ্ঠু বিচার পাওয়ার দাবিতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

সাতক্ষীরার আলীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৪, থানায় মামলা দায়ের
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের চাপারডাঙ্গী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলার ঘটনায় ৩ নারীসহ ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের হয়েছে। চাপারডাঙ্গী গ্রামের মৃত দাউদ আলী সরদারের ছেলে মোঃ এমদাদ হোসেন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫/৭ জনের বিরুদ্ধে সদর থানায় গত ২৭ মার্চ (বুধবার) রাতে এ মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আলীপুর ইউনিয়নের চাপারডাঙ্গী গ্রামের মালেকের ছেলে সুমন (৩৫) ও লাল্টু (৪৩), একই গ্রামের মৃত মোসলেম আলী সরদারের ছেলে বাবু (৪০), মনি (৪২), এনামুল (৩২), জিয়া (৩৫), আনজারুল (৬০) ও আরিজুল (৫৫) নামীয় উক্ত আসামীগণ অত্যন্ত হিংস্র প্রকৃতির। তারা জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে বিগত প্রায় ১৩ বছর যাবত কারনে-অকারনে একই এলাকার এমদাদ হোসেন এর সাথে গায়ে পড়ে বিভিন্ন ধরনের গোলযোগ করে আসছে। এরই জেরে উক্ত আসামীগণ চলতি বছরের গত ২২ মার্চ আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে পুনরায় অহেতুক এমদাদ হোসেনসহ তাদের পরিবারের লোক জনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পরিকল্পিত ভাবে ধারালো দাঁ, লোহার রড, জিআই পাইপ, বাশের লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষ এমদাদ ও তার পরিবারকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। আসামীগণ লোহার রড দিয়ে এমদাদকে বেধরক মারপিট করার সময় তার স্ত্রী মোছাঃ নাজমা খাতুন (৪০) এসে আসমীগণকে বাধা প্রদান করলে, উক্ত ১নং আসামী এমদাদের স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে তার হাতে থাকা ধারালো দাঁ দিয়ে মাথার সম্মুখ ভাগে আঘাত করে। উক্ত আঘাতে তার স্ত্রীর মাথায় মারাত্মক কাটাফোলা রক্তাক্ত ক্ষত জখম হয় (মাথায় ৪টা সেলাই রয়েছে)। ২নং আসামী ও অজ্ঞাতনামা আসামীগণ লোহার রড দিয়ে এমদাদের স্ত্রী নাজমা খাতুনের সমস্ত শরিরে বেধরক মারপিট করে গুরতর নীলাফোলা জখম করে এবং স্ত্রীর বাম হাতের অনামিকা আংগুলে মারাত্বক হাড়ভাঙ্গা জখম করে। এবং ৪নং আসামী এমদাদের স্ত্রীর পরনের কাপড় চোপড় টানা হেচড়া করে তার শ্লীলতাহানী ঘটায়। এসময় তার স্ত্রী নাজমা অচেতন হয়ে মাটিতে পড়ে গেলে উক্ত ৫নং আসামী তার গলায় থাকা ৮ আনা ওজনের একটি সোনর চেইন যার আনুমানিক বাজার মূল্য ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা জোর পূর্বক কেড়ে নেয়। এসময় এমদাদের কন্যা মোছাঃ রুমি খাতুন (১১) আসামীগণকে বাধা প্রদান করলে আসামীগণ তাকেও বেধরক মারপিট করে তার শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে। এছাড়াও এমদাদের ভাবী মোছাঃ আনোয়ারা (৬০) এর কোলে থাকা এমদাদের দুই বছরের শিশু পুত্নি সুমাইয়া খাতুনকে ৩নং আসামী টেনে হিচড়ে নিয়ে নির্মম ভাবে মাটিতে ছুড়ে ফেলে দেয়। অতঃপর এমদাদের পরিবারের ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে আসামীগণের হাত থেকে ভুক্তভোগীদের উদ্ধার করেন এবং এমদাদের স্ত্রী নাজমাকে ইজিবাইক যোগে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। এসময় আসামীগণ সাক্ষী অহিদুল, সিরাজুল ও কামরুলের সামনেই পরবর্তীতে এমদাদের পরিবারকে বিভিন্ন প্রকার হুমকি ধামকিসহ ক্ষয়ক্ষতি করে প্রাণ নাশের হুমকি প্রদান করে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইমামুল ইসলাম মামলা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।