স্পোর্টস ডেস্ক||
ব্যাটিং কিংবা বোলিং; কোনো বিভাগেই পাত্তা না পেয়ে শ্রীলংকার বিপক্ষে ৩২৮ রানের বিশাল হার দেখে বাংলাদেশ। তবে বোলারদের ব্যর্থতা ছাপিয়ে ব্যাটারদের ব্যর্থতাই বেশি করে ফুটে উঠেছে। শ্রীলংকা দেওয়া ৫১১ রান তাড়ায় অদ্ভুতূরে ব্যাটিংয়ে শেষ বিকেলেই ৫ উইকেট হারিয়েছিল টাইগার ব্যাটাররা। দলের সামগ্রিক এই ব্যাটিং ব্যর্থতা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
টপ অর্ডারে ব্যাটিংয়ে দুই দলই ব্যর্থ উল্লেখ করে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘ব্যাটিং যদি দুই ইনিংসেই দেখি, টপ অর্ডার ভালো করেনি। শুধু আমরা যে সমস্যায় পড়েছি, এমন নয়। দুই দলের টপ অর্ডারেরই সমস্যা হয়েছে। এই অজুহাত দেওয়াও ঠিক হবে না। কীভাবে আরও ভালো করতে পারি এটা নিয়ে কাজ করা দরকার। আশা করছি সামনের ম্যাচ ভালো করব।’
গতকাল ৫১১ রান তাড়ায় দ্রুত ৪ উইকেট চলে যাওয়ার পর উইকেটে আসেন লিটন দাস। এসেই বড় শট খেলতে গিয়ে ক্যাচ উঠিয়ে দেন তিনি। এমন আউটের ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না কেউ। বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে শান্ত বলেন, ‘লিটনের আউটটা নিয়ে আসলে আমি বলতে পারব না। ব্যাখ্যা লিটনই ভালো দিতে পারবে। তবে হ্যাঁ, সাধারণত টেস্ট ক্রিকেটে এ ধরনের আউট সচারচর দেখা যায় না।’
দ্বিতীয় ইনিংসে শান্তর ইনিংসও ছিল দৃষ্টিকটু। নিজের সেই শট নিয়ে শান্তর ব্যাখ্যা, ‘আমার আউটটা নিয়ে যদি বলি, ভুল বল বেছে নিয়েছিলাম। উইকেট যেমন ছিল, নতুন বলে এ ধরনের বল টপ অর্ডার ব্যাটার হিসেবে ছেড়ে দেওয়া উচিত। আমার মনে হয় মিস জাজমেন্ট। পরের ম্যাচে ভালো করার জন্য সবাই চিন্তা করবে এবং ভালোভাবে কামব্যাক করবে।’
ওয়ানডে সিরিজে ব্যর্থতার দায়ে শেষ ম্যাচে বাদ দেওয়া হয়েছিল লিটন দাসকে। এবার টেস্টে লিটনকে বিশ্রাম দেওয়া উচিত কি না এমন প্রশ্নে শান্ত উত্তর, ‘শেষ ওয়ানডেতে যখন লিটন ছিল না, আমরা ওর বিশ্রামের কথাই চিন্তা করেছি। কারণ, ও অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এখন পর্যন্ত আমাদের দলের অন্যতম সেরা ব্যাটার। হ্যাঁ, কয়েকটা ইনিংস খারাপ গেছে সত্যি। আমাদের উচিৎ, এ সময় তার পাশে থাকা। কোচিং স্টাফ থেকে শুরু করে খেলোয়াড়, সবাই ওকে সাপোর্ট করছে। … আমি খুবই আশাবাদী, পরের ম্যাচে লিটন খুব ভালো করতে পারবে।’











































