ঢাকা অফিস।।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। বেশির ভাগ স্থানেই হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারী বৃষ্টি ঝরেছে। মার্চের মধ্যভাগের এই বৃষ্টিতে খুব বেশি স্বস্তিও পাওয়া না গেলেও আবার খুব বেশি ক্ষতিও হয়নি। এ সময়টায় সারা বছরই বাংলাদেশে হঠাৎ করে বৃষ্টিপাত হয়ে থাকে। কখনো কখনো দমকা হাওয়াসহ বজ্র বৃষ্টিও হয়ে থাকে। গতকাল বৃহস্পতিবারও ঠিক এমনই হয়েছে দেশের বিভিন্ন স্থানে। এ মাস থেকেই শিলাবৃষ্টিসহ শুরু হয়ে থাকে কালবৈশাখী ঝড়।
দেশের বেশির ভাগ স্থানে গতকাল বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে বৃষ্টি শেষ হয়ে যায়। কোথাও কোথাও সন্ধ্যার পরও অব্যাহত ছিল। দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের সংবাদদাতারা ও শুভাকাক্সক্ষীরা ফোনে জানিয়েছেন, অনেক দিন পর বৃষ্টি হওয়ায় ভালোই লাগছে। তবে আমের মুকুল ঝড়ে পড়েছে অনেক। শেষ পর্যন্ত আমের ফলনের কি হয় তা এখনই বলা যাচ্ছে না। তা ছাড়া গতকালকের বৃষ্টিতে খুব বেশি ক্ষতি হয়নি। ঝড় হলেও তা খুব শক্তিশালী ছিল না।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, দেশে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি হয় হাতিয়ায় ৪০ মিলিমিটার। এরপর মাদারীপুরে সর্বোচ্চ ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকা শহরে ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়ার মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে চলতি মার্চ মাসেই ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ একদিন কালবৈশাখী বয়ে যেতে পারে। আবার এর মধ্যেই আবহাওয়া গরম হয়ে শুরু হতে পারে তাপপ্রবাহের। তাপমাত্রাও থাকবে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। এ মাসেরই শেষ দিকে ১ থেকে দু’টি মৃদু তাপপ্রবাহ এবং মাঝারি মানের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তাপপ্রবাহ শুরু হয় ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে। মৃদু তাপপ্রবাহ ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। মাঝারি তাপপ্রবাহ ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বর্ধিত হয়ে থাকে। আবহাওয়ার বৈশ্বিক পূর্বাভাসে বলা হয়েছে চলতি বছর বেশ গরম পড়তে এবং বেশির ভাগ সময়ই দেশে তাপমাত্রা উপরের দিকে থাকতে পারে।
ঢাকার তেজগাঁও, জুরাইন, ডেমরা, ঢাকা ইউনিভার্সিটিতে, মোহাম্মদপুরে, মিরপুরে, গুলশানে, ঢাকার দোহার, কেরানিগঞ্জে বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ঢাকার বাইরে নারায়ণগঞ্জের সোনারগাঁও, রূপগঞ্জে, মাদারীপুর, শরীয়তপুর, ভোলা, নোয়াখালীর বেগমগঞ্জে, খাগড়াছড়ির রামগড়ে, লক্ষ্মীপুরে, ফেনীতে বেশ ভালো বৃষ্টি হয়েছে, চাঁদপুরে, চট্টগ্রামের রাউজানে, কুমিল্লায়, সিলেটে, সন্দ্বীপে, মুন্সীগঞ্জে।
আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আজ শুক্রবার সকাল পর্যন্ত খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের মধ্যাঞ্চলের জেলাগুলোতে। বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি খুলনা বিভাগের সব জেলায়, বরিশাল বিভাগের সব জেলায়, ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর জেলায় এবং রাজশাহী বিভাগের পাবনা, সিরাজগঞ্জে; ময়মনিসংহ বিভাগের নেত্রকোনা ও ময়মনিসংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের প্রায় সর্বত্র।











































