খুলনাঞ্চল রিপোর্ট।।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেবু ৫ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। যে লেবু তিন দিন আগে ছিল ২০-৩০ টাকা হালি তা এখন বাজারে ৮০-৯০ টাকা হালি বিক্রি হচ্ছে। গতকাল দুপুরে শ্রীমঙ্গলের নতুন বাজারের লেবুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে চাহিদার চেয়ে জোগান কম থাকায় বাজারে লেবুর দাম একটু বেশি। আর চাষীরা বলছেন, উৎপাদন খরচ বেশি হওয়ায় দাম বেশি।
চাষী আবু তাহের জানান, বাজারে বছরের ১০ মাস লেবুর দাম থাকে না। দাম থাকে দুই মাস। কিন্তু তখন বাজারে লেবুর চাহিদা অনুযায়ী জোগান থাকে না। তখন লেবু ফলাতে অনেক খরচ হয়। বছরের অধিকাংশ সময় লেবু চাষীরা ভর্তুকি দিয়ে থাকে। তখন কেউ কথা বলে না।
তিনি বলেন, আমাদের খরচ হিসাব করে মূল্য নির্ধারণ করে দিন যাতে আমরা সারা বছর এক দামে বিক্রি করতে পারি, নতুবা আপনারা আমাদের সঙ্গে একবার লেবু চাষ করে দেখুন আমরা কি পাই বা না পাই।
শ্রীমঙ্গলের লেবুর চাহিদা রয়েছে দেশ জুড়ে। এখানকার বিভিন্ন পাহাড়ি টিলা ও জমিতে এ কৃষিপণ্য উৎপাদনের জন্য প্রসিদ্ধ। কিন্তু গত কয়েকদিনে লেবুর দাম প্রতি পিসে বেড়েছে ৫-৭ টাকা করে। লেবুর দেশেই এখন লেবুর আকাশছোঁয়া দাম। আগের চেয়ে তিন থেকে পাঁচগুণ দামে নিত্যপ্রয়োজনীয় এই খাদ্যপণ্যটি বিক্রি হচ্ছে।
লেবুর মৌসুম হচ্ছে বর্ষাকাল। এ সময় প্রচুর লেবু উৎপাদিত হয়। তখন দামও থাকে কম। শুকনো মৌসুমে লেবুর উৎপাদন প্রাকৃতিক কারণেই কমে যায়। যারা গাছের বাড়তি যত্ন করেন, তাদের বাগানে সব সময় লেবু থাকে। তবে সেটা চাহিদার তুলনায় অনেক কম। এমন পরিস্থিতিতে রোজায় লেবুর চাহিদা বাড়ায় দাম বাড়ছে।
শ্রীমঙ্গল এলাকার লেবুচাষি বিল্লাল মিয়া জানান, ৮০০ পিস লেবু বিক্রি করেছেন ৮ হাজার ৬০০ টাকায়। যেখানে একপিস লেবুর দাম পড়েছে ১০ টাকা ৭৫ পয়সা। সপ্তাহখানেক আগে সমপরিমাণ লেবু বিক্রি করেছেন তিন থেকে পাঁচ হাজার টাকায়।
মৌলভীবাজার শহরের আড়ত থেকে ১৩ টাকা দরে প্রতি পিস লেবু কিনে খুচরা ১৫ টাকায় বিক্রি করছেন বলে জানান টিসি মার্কেটের খুচরা বিক্রেতা রুহেল মিয়া।
স্থানীয় কয়েকজন ক্রেতা জানান, রমজান মাসে নানান ধরনের নিত্যপণ্যের দামবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লেবুর দামও। রোজার শুরুতে খুচরা বাজারে মানভেদে প্রতিপিস লেবু ১০ থেকে ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ রোজার আগে এই লেবুর প্রতি পিস দাম ছিল ৩-৫ টাকা।
লেবুর আড়তদার মতিউর রহমান মতিন জানান, যারা লেবু চাষ করে তারাই লাভবান আর লেবু পাইকার যারা তারা খুব বিপদে আছেন। চলতি সপ্তাহে একজন চাষী পনেরো হাজার লেবুর দাম পেয়েছেন দুই লাখ বিশ হাজার টাকা। আর যে পাইকার কিনেছে সে তো ২০ টাকা পিস দাম চাইলেই কাস্টমার মারতে আসে।
কারণটা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিকের পাইকার রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে লেবুর অর্ডার দিচ্ছে। তাই লেবুর চাইতে ক্রেতা বেশি হওয়ায় এত দামে কিনতে হচ্ছে। তিনি জানান, গত তিনদিন ধরে ব?্যবসায়ীরা লসে লেবু বিক্রি করছে। এইভাবে আর দুই/এক দিন লস হলে বাজারে এমনিতেই দাম স্বাভাবিক হয়ে যাবে।
কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের মৌলভীবাজারের উপ-পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, এখন লেবুর মৌসুম না। বর্তমানে যে লেবু পাওয়া যাচ্ছে, তাতে রস কম। চাহিদার চেয়ে যোগান কম, এ জন্য দাম বেড়ে গেছে। বৃষ্টি শুরু হলেই এক মাসের মধ্যে লেবু পরিপক্ব হবে। তখন যোগান বেড়ে যাবে, দামও কমবে।











































