ক্রীড়া প্রতিবেদক।।
ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টি-২০ সিরিজ জয়ের সুযোগ থাকলেও হাতছাড়া করেছে বাংলাদেশ দল। তবে তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে দুর্দান্ত শুরু করেছে টিম টাইগার্স। সিরিজের প্রথম ওয়ানডেতেই শ্রীলংকাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে স্বাগতিকরা।
চট্টগ্রামে আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা। আর এই ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করতে চান তাসকিন আহমেদ।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে তাসকিন বলেন, ‘আমরা অনেক আশাবাদী সিরিজ জয়ের। ম্যাচ বাই ম্যাচ যেতে হবে। এখন এটা তো জিতে গেলাম। আরো দুটো ম্যাচ আছে, পরের ম্যাচটাই মূল লক্ষ্য।’
এই ম্যাচ জিতলে সফরকারীদের ধবলধোলাই করাও সম্ভব মনে করেন তাসকিন। তার কথায়, ‘এটা (দ্বিতীয় ওয়ানডে) যদি জিততে পারি, তখন হোয়াইটওয়াশের লক্ষ্য থাকবে। পরের ম্যাচটাই মূল ফোকাস থাকবে এবং আমার বিশ্বাস, আমরা সিরিজ জিতব।’
সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ বোলিং করেছেন টাইগার পেসাররা। সব মিলিয়ে লঙ্কানদের ৯ উইকেট নেন তারা। যেখানে তাসকিনের শিকার ৩ উইকেট। তবে ২৫৬ রানের লক্ষ্য তাড়ায় ম্যাচ জয়ের নায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক এই সংস্করণে পূর্ণ নেতৃত্বভার পেয়ে খেলেন ক্যারিয়ারসেরা অপরাজিত ১২২ রানের ইনিংস।
নাজমুলকে প্রশংসায় ভাসিয়ে তাসকিন বলেন, ‘দারুণ ব্যাট করেছে। সামনে থেকে নেতৃত্ব দেওয়া যাকে বলে। এত সুন্দর করে মানিয়ে নিয়ে শেষ করে, মাশাআল্লাহ। আল্লাহ আরো ভালো করাক এবং সামনের ম্যাচগুলোতেও যেন আমাদের সবার অবদান ভালো থাকে, এটাই চাওয়া থাকবে।’











































