স্পোর্টস ডেস্ক
হার্ট সাজার্রির ধকল কাটিয়ে আড়াই মাস পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এসেছেন সভাপতি কাজী সালাউদ্দিন।
বুধবার দুপুরে ফেডারেশনে গিয়ে ঘণ্টাখানেক সভাপতির কক্ষে দাপ্তরিক আলাপ সেরে মিডিয়ার সামনে আসেন সালাউদ্দিন। সেখানে তিনি যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের প্রশংসাও করেছেন।
সম্প্রতি সালাউদ্দিনের বাসায় সৌজন্য সাক্ষাতের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলছিলেন, ‘দীর্ঘদিনের সম্পর্ক একদিনে নষ্ট হওয়ার নয়।’ পাপন অকপটে বলেছিলেন তিনিও খেলোয়াড় সালাউদ্দিনের ভক্ত। তার খেলা দেখতেই মাঠে যেতেন। সালাউদ্দিন অসুস্থ থাকায় তখন তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আজ ফেডারেশনে এসে সালাউদ্দিনও পাপনের প্রসঙ্গে একই সুরে কথা বললেন। বাফুফে সভাপতি বলেন, ‘আমাদের অনেক দিনের সম্পর্ক। আজ-কালের নয়। পারিবারিক সম্পর্ক। পাপন খুব শিক্ষিত ছেলে। ও যেটা বলেছে সেটা সঠিক।’
২০২৩ সালের এপ্রিলে মিয়ানমারে নারী দল পাঠায়নি বাফুফে। সেই সময় বাফুফে সভাপতি ও বিসিবি সভাপতি তর্কে জড়ান। সেই বিষয়ে সালাউদ্দিন বলেন, ‘যা হয়েছে সেটা সাম ফরেন ইনভলমেন্ট। এক জায়গার কথা আরেক জায়গায়। আমাদের মধ্যে কিছু হয়নি। হওয়ার সুযোগ নেই।’











































