স্পোর্টস ডেস্ক।।
অশ্লীল অঙ্গভঙ্গি করে নিষিদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। হয়েছে অর্থদণ্ডও। তবে পর্তুগিজ সুপারস্টারের দাবি, কোনো অশালীন আচরণ দেখাননি তিনি। এটা নাকি ইউরোপে স্বাভাবিক বিষয়।
লিওনেল মেসির নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন ক্রিস্টিয়ানো রোনালদো। মেজাজ হারিয়ে করেন অশালীন অঙ্গভঙ্গি। সৌদি প্রো লীগে চিরপ্রতিদ্বন্দ্বী মেসির নামে স্লোগান শুনে এখন পর্যন্ত তিনবার ‘গোপনাঙ্গে হাত দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি’ করেছেন পর্তুগিজ সুপারস্টার। সবশেষ প্রো লীগের ম্যাচে আল শাবাব এফসির বিপক্ষেও একই আচরণ দেখান সিআরসেভেন। এতে ক্রিস্টিয়ানোকে নিষিদ্ধ করে সৌদি ফুটবল ফেডারেশন। শাস্তি পাওয়ার পর রোনালদো নিজের আচরণ নিয়ে মুখ খোলেন। সৌদি অ্যারাবিয়ান গণমাধ্যম আল রিয়াদিয়ার প্রতিবেদনে বলা হয়, ‘রোনালদো সব ক্লাবের প্রতি সম্মান জানিয়ে বলেছেন, কোনো অশ্লীলতা প্রদর্শন করেননি তিনি; বরং গোল পরবর্তী অঙ্গভঙ্গিতে শক্তি প্রদর্শন এবং জয়ের আনন্দ প্রকাশ করেছেন।
তার দাবি, লজ্জাজনক কিছু করেননি। তিনি জোর দিয়ে বলেছেন, এমন অঙ্গভঙ্গি ইউরোপে খুবই স্বাভাবিক।’
গত রোববার আল শাবাবের বিপক্ষে বিতর্কিত আচরণটি প্রদর্শন করেন রোনালদো। রিয়াদ ডার্বিতে আল শাবাব দর্শকদের ‘মেসি মেসি’ স্লোগানের জবাবে গোপনাঙ্গে হাত দিয়ে অশ্লীলতা দেখান সিআরসেভেন। সৌদি অ্যারাবিয়ান গণমাধ্যমগুলোর খবর, নিজের আচরণের জন্য এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে জরিমানার পরিমাণ জানা যায়নি।











































