স্পোর্টস রিপোর্টার।।
কী হলো এমা রাদুকানুর! ২০২১-এ মাত্র ১৮ বছর বয়সে ইউএস ওপেন জিতে ইতিহাস গড়েছিলেন ব্রিটিশ সুন্দরী। পরের বছরই উঠে এসেছিলেন সেরা দশে। সেই তার এ কী হাল! অস্ট্রেলিয়ান ওপেনের পর সদ্যসমাপ্ত আবুধাবি ওপেনেও নিজের ছায়া হয়েছিলেন। এবার কাতার ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন। ইউক্রেনের অ্যানহেলিনা ক্যালিননিনার (৩০তম) কাছে হেরে গেলন ৬-০, ৭-৬ (৮-৬) সেটে।
রাদুকানুর হতাশার দিনে অবশ্য ওমেন্স সিঙ্গেলসে প্রত্যাশিত জয় পেয়েছেন নাওমি ওসাকা ও ভিক্টোরিয়া আজারেঙ্কা। ফরাসি ক্যারোলিন গার্সিয়াকে ৭-৫, ৬-৪ সেটে হারিয়েছেন জাপানের ওসাকা। পোলিশ মাগডেলা ফ্রেঞ্চের বিপক্ষে বেলারুশিয়ান সাবেক নাম্বার ওয়ান আজারেঙ্কার জয় ৬-৩, ৩-৬, ৬-৩ সেটে। ইগা সুইয়াটেক উঠে গেছেন তৃতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডে রোমানিয়ার সোরানা ক্রিস্টিয়াকে ৬-১, ৬-১ সেটে হারিয়েছেন পোলিশ তারকা।
ইনজুরি, ফর্মহীনতা মিলিয়ে দুই মৌসুম ধরেই দুঃস্বপ্নের সময় পার করছেন রাদুকানু। গত বছর হাত এবং বাঁ পায়ের গোড়ালিতে অপরারেশন করাতে হয়েছে। সুস্থ হয়ে কোর্টে ফিরলেও ফর্মে ফিরতে পারছেন না। ‘গত এক বছর বাইরে অনুশীলনের পর এমন কন্ডিশনে খেলাটা আমার জন্য সত্যি কঠিন ছিল। আলো-আঁধারিতে যেন বল দেখতে সমস্যা হচ্ছিল! ম্যাচের শেষ দিকে আমি কেবল নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করেছি।
কিন্তু সেটা সহজ ছিল না।’ অ্যানহেলিনার কাছে হারের পর বলেন ২১ বছর বয়সী ব্রিটিশ তারকা। তিনি আরও যোগ করেন, ‘বলে টাইমিংয়েও সমস্যা হচ্ছিল। আমার বিশ্বাস সামনে যত বেশি ম্যাচ খেলতে পারব ততই এ সমস্যা কাটিয়ে উঠতে পারব।’ ২০২১ সালে মাত্র ১৮ বছর বয়সে ইউএস ওপেন জিতে তাক লাগিয়ে দিয়েছিলেন রাদুকানু। ৪৪ বছরের মধ্যে কোনো ব্রিটিশ প্রমিলার জন্য সেই কীর্তি ছিল প্রথম ঘটনা।











































