Home খেলাধুলা সাকিব ঝড় সাগরিকায়

সাকিব ঝড় সাগরিকায়

54

স্পোর্টস রিপোর্টার।।

চোখের সমস্যাটা ব্যাটিংয়ের সময়ই বেশি ভুগিয়েছে। তাই এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঠিকমতো ব্যাটিং করার সুযোগ পাননি। দুই ম্যাচে ব্যাটিংয়েই নামেননি এবং কয়েক ম্যাচে সাত-আটে নেমেছেন। ভালো করতে না পেরে দর্শকদের দুয়োধ্বনি শুনেছেন। তবে সর্বশেষ কয়েকটি ম্যাচেই আবার পুরনো রূপে ফিরতে শুরু করেন ব্যাট হাতে। সর্বশেষ দুই ম্যাচে নিজের পছন্দের তিন নম্বর পজিশনে নেমে যথাক্রমে ২০ বলে ৩৪ ও ১৬ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেছেন মিরপুরের মাঠে।

চোখের সমস্যায় অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি২০ সিরিজের পুরোটা ও ২ ওয়ানডে থেকে বিশ্রামও পেয়েছেন। এরপরই মঙ্গলবার তিনি তা-ব চালিয়েছেন সাগরিকায়। এদিন রাতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে চলতি আসরের দ্রুততম ফিফটি হাঁকিয়েছেন মাত্র ২০ বলে। শেষ পর্যন্ত ৩১ বলে ৬টি চার ও ৬টি ছক্কায় ৬৯ রানে আউট হয়েছেন।
এদিন ২৪ রানেই ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে রংপুর। তিনে নামা সাকিব দ্বিতীয় ওভারে কিছুটা দেখেশুনে শুরু করলেও তৃতীয় ওভারে অপস্পিনার নাহিদুল ইসলামকে জোড়া ছক্কা হাঁকিয়ে ঝড়ের শুরু করেন। সবচেয়ে বড় ঝড় গেছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের ওপর দিয়ে। ষষ্ঠ ওভারে তাকে ৩ ছক্কা ও ২ চার হাঁকিয়ে ২৬ রান তুলে নেন সাকিব। পরের ওভারে ব্যক্তিগত ৪৭ রানে মুকিদুল ইসলাম মুগ্ধর বলে সহজ ক্যাচ দিলেও নাহিদ রানা তা ড্রপ করেছেন।

এরপর ২০ বলেই ফিফটি হাঁকিয়ে চলতি আসরের দ্রুততম অর্ধশতক করেন সাকিব। শেষ পর্যন্ত লুক উডের বাঁহাতি পেসে ৩১ বলে ৬৯ রানে থামে সাকিবের ঝড়। কিছুদিন ধরে ব্যাটিংয়ে নামার পর দর্শকদের ‘ভুয়া ভুয়া’ চিৎকারের উপযুক্ত জবাব দিয়েছেন এই ব্যাটিং তাণ্ডবে। স্বীকৃত টি২০তে সাকিবের রান এখন ৭০৮৮। তিনি ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার শন মার্শ (৭০৫০), ভারতের লোকেশ রাহুল (৭০৬৬) ও দিনেশ কার্তিককে (৭০৮১)।