ঢাকা অফিস
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ ৭৭ জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় করা নাশকতার এক মামলা রায় থেকে উত্তোলন করে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২০ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম মামলাটির রায় ঘোষণা থেকে উত্তোলন করে যুক্তি উপস্থাপনের জন্য আগামী ২০ মার্চ দিন ধার্য করেন।
মামলার অন্য উল্লেখযোগ আসামিরা হলেন- যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, শেখ রবিউল আলম রবি, নবী উল্লাহ নবী।
মামলার অভিযোগ বলা হয়েছে, ২০১৭ সালের ৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার ধার্য তারিখ ছিল। ঐদিন তিনি পুরান ঢাকার বকশীবাজারের সরকারি আলিয়া মাদরাসা মাঠে হাজিরা দেন। দুপুর ২টা ২০ মিনিটে খালেদা জিয়া আদালত থেকে বের হওয়ার আগেই আসামিরা ঐ এলাকার চারদিক থেকে লাঠিসোঁটাসহ মিছিল সহকারে আব্দুল গণি রোড অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পুলিশ তাদের রাস্তা ছাড়তে অনুরোধ করে। তারা তা না শুনে পুলিশের মাইক্রোবাস ভাঙচুর করে। এছাড়া বাস, মিনিবাস ও প্রাইভেটকার ভাঙচুর করে। এ ঘটনায় ঐদিনই শাহবাগ থানার এসআই মোফাখখারুল ইসলাম মামলাটি করেন। মামলাটি তদন্ত করে শাহবাগ থানার এসআই শাহ আলম মিয়া ২০১৮ সালের ২০ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।











































