Home খেলাধুলা অনুমতি মিললে আগস্টেই তামিমদের কন্ডিশনিং ক্যাম্প

অনুমতি মিললে আগস্টেই তামিমদের কন্ডিশনিং ক্যাম্প

18

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে আছে দেশের ক্রিকেট। ক্রিকেটাররাও অনুশীলনে ফিরতে মরিয়া। ঈদের আগে ক্রিকেটারদের অনুশীলনে ফেরানোর একটা সম্ভাবনা তৈরি হলেও সেখান থেকে সরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন পরিকল্পনা অনুযায়ী সরকারের অনুমতি সাপেক্ষে ঈদের পর আগস্টেই ক্রিকেটারদের মাঠে ফেরাতে চায় বিসিবি।
বিসিবির ইচ্ছা ১০ আগস্টের পরই যেন ক্রিকেটাররা মাঠে ফেরে। আর শুরুটা হবে কন্ডিশনিং ক্যাম্প দিয়ে। ফিটনেস ট্রেনিংয়ের কাজ শেষে ধীরে ধীরে শুরু হবে স্কিল অনুশীলন। নির্বাচক প্যানেল এরই মধ্যে ৩৮ জনের একটা স্কোয়াড ঠিক করে ফেলেছেন। তাদেরকে নিয়ে তিন গ্রুপে হবে ক্যাম্প। স্বাস্থ্যবিধি মেনে এক গ্রুপ কাজ করে যাওয়ার পর অন্য গ্রুপ যোগ দেবেন।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সোমবার দুপুরে বলেছেন, ‘আমরা এর আগেও ক্রিকেটারদের মাঠে ফেরানোর পরিকল্পনা করেছিলাম। সেজন্য বিসিবি সেভাবে মাঠ, জিম এবং অন্যান্য অবকাঠামো প্রস্তুতও করেছিল। কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় আমরা পিছিয়ে যেতে বাধ্য হয়েছি। তবে এবার আমরা আরও স্বাস্থ্যবিধি মেনে ক্রিকেটারদের মাঠে ফেরাতে চাচ্ছি। সরকার অনুমোদন দিলে আগস্টের দ্বিতীয় সপ্তাহে ফিটনেস ক্যাম্প শুরু হতে পারে। ৩৮ জনের একটি স্কোয়াড তৈরি হয়েছে। কন্ডিশনিং ক্যাম্প দিয়ে শুরু হবে তাদের যাত্রা। এরপর স্কিলের কাজ।’
ক্রিকেটারদের নিয়ে পুরোদমেই কাজ করতে চায় বিসিবি। এজন্য দেশের বাইরে থাকা কোচিং স্টাফদেরও ফেরানো হবে। জানা গেছে, কোচ রাসেল ডমিঙ্গোসহ অন্যান্য কোচিং স্টাফরাও কর্মস্থলে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে সবকিছু ঠিকঠাক থাকলেও বিসিবি সরকারের সবুজ সঙ্কেতের অপেক্ষায় আছে। এ নিয়ে সরকার সংশ্লিষ্টদের সঙ্গে বিসিবির বৈঠকে বসারও কথা রয়েছে।

দর্শকভরা মাঠে ৯ গোল দিলেন নেইমার-এমবাপেরা

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের লকডাউনের পর ইউরোপিয়ান ফুটবল মাঠে ফিরেছে ঠিক, তবে গ্যালারিতে নেই দর্শক। গত মে মাস থেকে চলছে ইউরোপের শীর্ষ চারটি ফুটবল লিগ। সবগুলোই দর্শকশূন্য গ্যালারিতে। তবে এদিক থেকে ব্যতিক্রম ফ্রান্সের চ্যাম্পিয়ন কাব প্যারিস সেইন্ট জার্মেই।
তারা দেরিতে মাঠে ফিরলেও, একেবারে দর্শক নিয়েই খেলা শুরু করেছে। তবে প্রতিযোগিতামূলক লিগের খেলা নয়। ফ্রান্সের সরকার কর্তৃক আয়োজিত এক প্রীতি ম্যাচে ৫ হাজার দর্শকের সামনে খেলেছেন নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপেরা। যেখানে প্রতিপক্ষ দ্বিতীয় বিভাগের দল লা হ্যাভরকে ৯-০ গোলে হারিয়েছে পিএসজি। হ্যাভরের ঘরের মাঠ স্তাদিও ওসিয়েনের দর্শক ধারণক্ষমতা ২৫ হাজার। তবে করোনা স্বাস্থ্যবিধির কারণেই সৌভাগ্যবান পাঁচ হাজার মানুষকে দেয়া হয় মাঠে বসে ম্যাচটি দেখার অনুমতি। যারা কাছ থেকে দেখেছেন হ্যাভরের জালে নেইমার-এমবাপেদের তান্ডবলীলা। ম্যাচের ফলার ৯-০ হলেও, হ্যাটট্রিক পাননি পিএসজির কোন খেলোয়াড়, গোল করেছেন মোট ৬ জন। জোড়া গোল করেছেন দলের সেরা তারকা নেইমার, আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি ও স্প্যানিশ উইঙ্গার পাওলো সারাবিয়া। এছাড়া একটি করে গোল করেছেন আইভোরি কোস্টের মিডফিল্ডার ইদ্রিসা গানা গেয়ে, ফ্রেঞ্চ স্ট্রাইকার কিলিয়ান এমবাপে ও তরুণ তারকা আর্নোদ কালিমুয়েন্দোর। অবাক করা বিষয় হলো, অন্যান্য সব দেশের আয়োজকরা যেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার অপেক্ষা করেছে, সেখানে করোনভাইরাস পরিস্থিতির শুরুর দিকেই তড়িঘড়ি করেই অসম্পূর্ণ অবস্থায়ই লিগ বাতিল করে দিয়েছিল ফ্রান্সের ফুটবল ফেডারেশন।
যার ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা প্যারিস সেইন্ট জার্মেইকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। একইভাবে টেবিলের পরের তিন দলকে বাছাই করা হয় চ্যাম্পিয়নস লিগে পরের মৌসুমের জন্য। কিন্তু লিগ বাতিলের মাস চারেকের মধ্যেই অন্য সব দেশের আগে মাঠে দর্শক নিয়ে খেলা হলো ফ্রান্সে, যা বিস্ময় জাগিয়েছে সবার মনে।

এইচপি দল শ্রীলঙ্কা পাঠাবে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

করোনা পরিস্থিতিতে জাতীয় দলকে শ্রীলঙ্কা সফরে পাঠায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই দলের তিন টেস্টের সিরিজ স্থগিত হয়েছে। তবে সেপ্টেম্বরে হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডকে শ্রীলঙ্কা পাঠানোর পরিকল্পনা করছে বিসিবি।
এইচপি দলের শ্রীলঙ্কা সফর আগেই চূড়ান্ত ছিল। সূচি অনুযায়ী দলটিকে দ্বীপরাষ্ট্রে পাঠাতে চায় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এজন্য দুই বোর্ডের মধ্যে আলোচনাও চলছে। সফর চূড়ান্ত হলে বাংলাদেশের দলটি যাবে হাম্বানটোটায়। সেখানে আইসোলেশন শেষে ট্রেনিং শুরু করবে দল। এরপর ম্যাচে অংশ নেবে সফরকারীরা। মধ্য আগস্টে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে বিসিবি। এজন্য ৩৮ জনের দল চূড়ান্ত করেছে বিসিবির নির্বাচক প্যানেল। সেখানে রয়েছে এইচপি ক্যাম্পের ক্রিকেটাররাও।

১০০ বাস্কেটবল খেলোয়াড়কে সহায়তা দেবে ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় ক্রীড়া পরিষদ কিছুদিন আগে ১০০০ অসহায় ক্রীড়াবিদকে ১০ হাজার টাকা করে দিয়েছেন। সেখানে বাস্কেটবল খেলোয়াড় ছিলেন ১০জন। এই ১০ জনের বাইরেও অনেক বাস্কেটবল খেলোয়াড় আছেন যাদের আয়-উপার্জন নেই। করোনাকালে কর্মহীন হয়ে কষ্টে দিন কাটাচ্ছেন তারা। এমন অসহায়দের মধ্যে ১০০ জনকে বেছে নিয়ে নিজেদের উদ্যোগে সাহায্য করতে যাচ্ছে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন।
ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নানা সীমাবদ্ধতা থাকার পরও উপার্জনহীন ১০০জন খেলোয়াড়কে আর্থিক সহায়তা দেয়া হবে। প্রত্যেক খেলোয়াড়কে ৩ হাজার টাকা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশনটি। ঢাকায় যারা বাস্কেটবল খেলেন তাদের বেশিরভাগই সচ্ছলঘরের ছেলে-মেয়ে। অসহায়দের বেশিরভাগই জেলা পর্যায়ের উদীয়মান খেলোয়াড়। জেলা পর্যায় থেকেই ১০০ জনের তালিকা করে তাদের কাছে টাকা পৌঁছে দেয়ার ব্যবস্থা করছে ফেডারেশন।

করোনার পর ক্রিকেটে ফিরছে নিউজিল্যান্ডও

ক্রীড়া প্রতিবেদক

করোনায় খুব বেশি ক্ষতিগ্রস্থ হয়নি নিউজিল্যান্ড। কিছুদিন লকডাউনে থাকার পর জীবনযাত্রা এখন খুবই স্বাভাবিক দেশটিতে। তবুও ক্রিকেট মাঠে ফিরবে কি না সেটা অনিশ্চিতই ছিল। অবশেষে মাঠে ফিরছে নিউজিল্যান্ডের ক্রিকেট। দেশটির শীর্ষস্থানীয় ক্রিকেটাররা লিঙ্কনে হাই পারফরম্যান্স ইউনিটে শুরু করতে যাচ্ছে ‘স্কোয়াড ট্রেনিং’।
গতকতাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, ‘শীর্ষস্থানীয় ক্রিকেটারদের মোট ৬টি দলে ভাগ করা হয়েছে। এই ৬টি দল আলাদা আলাদাভাবে আগামী সেপ্টেম্বর পর্যন্ত অনুশীলন চালিয়ে যাবে।’ মার্চের দ্বিতীয়ার্ধেই করোনা মহামারির কারণে নিউজিল্যান্ডে ক্রিকেট বন্ধ হয়ে যায়। চারমাসেরও বেশি সময় অনুপস্থিত থাকার পর অবশেষে ক্রীকেটীয় কার্যক্রম শুরু করতে যাচ্ছে দেশটি।

নিষেধাজ্ঞা বাতিল ম্যানসিটির

ক্রীড়া প্রতিবেদক

আর্থিক অনিয়মের অভিযোগ তুলে ইউরোপের প্রতিযোগিতা থেকে ম্যানচেস্টার সিটিকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল উয়েফা। কিন্তু ম্যানসিটি সেই অভিযোগ তখন মেনে নেয়নি। বরং নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করে সর্বোচ্চ ক্রীড়া আদালতে (সিএএস)।
গতকাল সোমবার সেই আপিলের রায় এসেছে ম্যানসিটি ভক্ত-সমর্থকদের জন্য স্বস্তি হয়ে। উয়েফার দেওয়া শাস্তি বাতিল করে দিয়েছে সিএএস। ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলতে আর কোনো বাধা থাকল না সিটির। ম্যানচেস্টার সিটির নিষেধাজ্ঞায় পঞ্চম দলের চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ তৈরি হয়েছিল। তাদের ওপর থেকে এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার অর্থ ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে দলটির স্বপ্নভঙ্গ। বর্তমানে পাঁচ নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই বছরের নিষেধাজ্ঞার সঙ্গে ৩০ মিলিয়ন ইউরো জরিমানাও করা হয়েছিল ম্যানসিটিকে। সোমবারের রায়ের পর পর সেটা কমে ১০ মিলিয়ন ইউরো হয়েছে।

উত্তেজনা ছড়িয়ে ডার্বি জিতেছে টটেনহাম

ক্রীড়া প্রতিবেদক

এগিয়ে গিয়েও অগ্রগামিতা ধরে রাখতে পারেনি আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের ২-১ গোলে হারিয়ে নর্থ লন্ডন ডার্বি জিতে নিয়েছে টটেনহাম হটস্পার।
করোনাকাল হওয়ায় দর্শকশূন্য স্টেডিয়াম। অথচ এই পরিবেশেও উত্তেজনার কমতি ছিল না এই ডার্বিতে। তার ওপর আগামী মৌসুমের ইউরোপা লিগ নিয়ে এই লড়াইয়ের গুরুত্ব তো ছিলই। তাই ঐতিহ্য মেনে চিরচেনা রুপটাই দেখা গেছে মাঠে। ১৬ মিনিটে ল্যাকাজেটের অসাধারণ এক গোলেই দারুণ সূচনার ইঙ্গিত দেয় আর্সেনাল। স্পাররা সমতা ফেরায় ৩ মিনিট বাদেই। বিরতির পর ৮১ মিনিটে পাওয়া সুযোগ হাতছাড়া করেনি স্পাররা। আল্ডারওয়েইরেল্ডের শক্তিশালী হেডেই জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে টটেনহাম। অথচ বল দখলের লড়াইয়ে সবচেয়ে বেশি এগিয়ে ছিল আর্সেনাল। এর ফলে ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে অপরাজেয় থাকার দারুণ রেকর্ডটিও অক্ষুণ্ন থাকলো মরিনহোর। ৬ জয়ের বিপরীতে ড্র ৪টি। ৩৫ ম্যাচে ৫২ পয়েন্ট টটেনহামের। সমান ম্যাচে আর্সেনালের ৫০। ম্যাচ এখনও বাকি আরও তিনটি।

ডার্বিশায়ারে পাকিস্তান ক্রিকেট দল

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত ২৮ জুন দেশটিতে পাড়ি জমিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। সেখানে ওরচেস্টারে সফরকারিদের জন্য বায়ো সিকিউর পরিবেশে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড।
সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে গতকাল সোমবার ডার্বিশায়ারে পাড়ি জমিয়েছে টিম পাকিস্তান। প্রথম টেস্ট শুরু হওয়ার আগে পর্যন্ত এখানে অনুশীলন এবং প্র্যাক্টিস ক্যাম্পে থাকবে বাবর আজম, সরফরাজরা। ডার্বিশায়ারে পাকিস্তান দল অনুশীলনের পাশাপাশি নিজেদের মধ্যে প্রস্তুতিমূলক ম্যাচও খেলবে। এখানে ২১ দিনের অনুশীলন শেষে ১ আগস্ট ম্যানচেস্টারের উদ্দেশ্যে রওয়ানা হবে পাকিস্তানি ক্রিকেটাররা। সেখানে ৫ আগস্ট ওল্ড ট্র্যাফোর্ডে দুই দল নিজেদের মধ্যে প্রথম টেস্টে মুখোমুখি হবে।

বিশ্বসেরা একাদশ গড়লেন টম মুডি

ক্রীড়া প্রতিবেদক

বর্তমান সময়ে খেলতে পারবে এমন ক্রিকেটারদের নিয়ে বিশ্ব টি-টোয়েন্টি একাদশ গঠন করেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট কোচ টম মুডি। দল বাছাইয়ের ক্ষেত্রে গত ১০ বছরের পারফরম্যান্স বা কোনো ক্রিকেটারের রেকর্ডের দিকেই তাকাননি তিনি। এছাড়া অধিনায়ক বাছাইয়ের ক্ষেত্রেও চমক দেখিয়েছেন এই কোচ।
মুডি তার বিশ্ব একাদশের ওপেনিংয়ে রেখেছেন স্বদেশী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে। দলের অধিনায়ক হিসেবে রোহিতকেই বেছে নিয়েছেন তিনি। প্রথম উইকেট পতনের পর মুডির ভরসার নাম ভারতের বিরাট কোহলি। নাম্বার চারে দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে রেখেছেন। মিডল অর্ডারের পাঁচ নম্বর ব্যাটিং পজিশনে একজন বাঁহাতি ব্যাটসম্যানকে পছন্দ করেন মুডি। তাই এই জায়গায় তার পছন্দ ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। উইকেটকিপার হিসেবেও কাজ সারতে পারবেন এই ক্রিকেটার। মুডির দলে পরের দুটি জায়গাও দুই ক্যারিবিয়ানের। ছয় নাম্বারে নামবেন হার্ডহিটার আন্দ্রে রাসেল। তার পরই পিঞ্চ হিটিংয়ে পারদর্শী অফস্পিনার সুনীল নারাইনকে রেখেছেন মুডি। এরপর সবাই জেনুইন বোলার। ব্যাটিং ক্রমানুসারে তারা হলেন যথাক্রমে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান, ইংল্যান্ডের জোফরা আর্চার ও ভারতের জাসপ্রিত বুমরাহ।

জাহাকে বর্ণবাদী মেসেজ

ক্রীড়া প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিস্টাল প্যালেস ফরোয়ার্ড উইলফ্রাইড জাহাকে বর্ণবাদী মেসেজ দেওযায় গ্রেফতার করা হয়েছে এক ১২ বছরের বালককে।
১২ জুলাই অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের আগে কয়েকটি বর্ণবাদী মেসেজ পান জাহা। পরে বিষয়টি পুলিশ ও কাব কর্তৃপক্ষকে অবগত করেন তিনি। ম্যাচটিতে অবশ্য প্রতিপক্ষের মাঠে ২-০ ব্যবধানে হেরে যায় ক্রিস্টাল প্যালেস। ২৭ বছর বয়সী আইভরি কোস্ট ফরোয়ার্ডকে এমন বর্ণবাদী মেসেজ দেওয়াকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। গ্রেফতার ১২ বছর বালক সলিহুলের বাসিন্দা। তাকে হাজতে নেওয়া হয়েছে। বর্ণবাদী কোনো আচরণ সহ্য করা হবে না বলেও জানায় পুলিশ।

ভারতের এক কিউরেটরের মৃত্যু

ক্রীড়া প্রতিবেদক

চলে গেলেন ভারতের সৌরাষ্ট্রের অভিজ্ঞ পিচ কিউরেটর রাসিক মাকওয়ানা। গতকাল সোমবার ৭১ বছর বয়সে তিনি মারা যান। তিনি দেশটির প্রথম শ্রেণির ক্রিকেটার কামলেশ মাকওয়ানার বাবা।
রাসিক সেই ১৯৮০ সাল থেকে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার অধীনে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ও মাধহাবরাও স্কিনদিয়া ক্রিকেট স্টেডিয়ামের নেট অনুশীলনের মাঠ ছিল। তার মৃত্যুতে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সেক্রেটারি নিরঞ্জন শাহা বলেন, ‘রাসিক ভাই একজন আমুদে এবং ক্রিকেট পিচ ও গ্রাউন্ড তার গভীর জ্ঞান ছিল। সৌরাষ্ট্রের ক্রিকেট মাঠের উন্নয়নে তার কথা সবসময় মনে রাখবে।’

প্রশংসার জোয়ারে ভাসছে উইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের কারনে ১১৬ দিন স্থগিত থাকার পর শুরু অবশেষে গত ৮ জুলাই মাঠে ফিরে ক্রিকেট। সাউদাম্পটনে মুখোমুখি হয় ইংল্যান্ড ও উইন্ডিজ। দীর্ঘদিন পর ক্রিকেট ফিরলেও, টেস্ট ক্রিকেট তার সৌন্দর্য ধরে রেখেছে। পঞ্চম ও শেষ দিনের শেষ সেশনে ৪ উইকেটের দারুন এক জয় তুলে নেয় উইন্ডিজ। করোনা আবহের মাঝে উইন্ডিজের এমন জয়ে মুগ্ধ বিশ্ব ক্রিকেট। সাবেক ও বর্তমান ক্রিকেটরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উইন্ডিজের জয়ের প্রশংসা করেছেন।
দেশের জয়ে নিজেকে গর্বিত মনে করছেন উইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস। তিনি লিখেন, ‘দীর্ঘ বিরতির পর প্রথম ক্রিকেট ম্যাচটি খেলেছি আমরা। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে ছেলেরা। এই ম্যাচে জয় তাদেরই প্রাপ্য। তোমরা আমাদের গর্বিত করেছ।’ দুর্দান্ত জয়ের জন্য পুরো দলকে অভিনন্দন জানিয়ে ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা লিখেন, ‘দারুন এক টেস্ট ম্যাচ জয়। জেসন হোল্ডার ও তার দলকে অভিনন্দন। কোচিং ও ম্যানেজমেন্ট স্টাফরা দলকে তৈরি করেছে দারুণভাবে। তাদেরকেও অভিন্দন।’ দেশের দুর্দান্ত জয়ে অভিনন্দন জানাতে ভুল করেননি উইন্ডিজের হয়ে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। হোল্ডারের নেতৃত্বের প্রশংসা করে তিনি লিখেন, ‘পুরো টেস্টেই দারুন করেছে উইন্ডিজ। ধৈর্য্য-পরিকল্পনা-পারফরম্যান্স, সবই ছিল। হোল্ডারের চমৎকার নেতৃত্বও দেখলাম।’

হারলেও হতাশ নন স্টোকস

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে ১১৬ দিন স্থগিত থাকার পর শুরু হওয়া ক্রিকেটের প্রথম ম্যাচেই হেরে বসল ইংল্যান্ড। সাউদাম্পটনে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪ উইকেটে হেরেছে ইংলিশরা।
তবে ম্যাচ শুরুর আগের ৩০ মিনিট থেকেই তীব্র সমালোচনার মুখে পড়ে ইংল্যান্ড শিবিরে। ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের দুটি সিদ্বান্তকে নিয়ে সমালোচনায় মেতে উঠে ক্রিকেট বিশেষজ্ঞরা। প্রথমটি ছিল, টস জিতেও প্রথমে ব্যাট করা। আর দ্বিতীয়টি ছিল টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী স্টুয়ার্ট ব্রড সেরা একাদশে না থাকা। তাই সমালোচনার তীরে বিদ্ধ হয়ে ঐতিহাসিক টেস্ট খেলতে নামে ইংল্যান্ড। তবে ম্যাচ জিতে মোক্ষম জবাব দেয়ার পরিকল্পনা ছিল ইংলিশদের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান-বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে অসহায় ছিলো ইংল্যান্ড। হার মানতে হয় স্বাগতিকদের।
হারের পর স্টোকস বলেন, ‘আমি যদি এটি নিয়ে দুঃখ প্রকাশ করি, তবে আমি মনে করি না অন্যদের কাছে সঠিক বার্তাটি যাবে। সে সংবাদমাধ্যমে যা বলেছে, ঠিক বলেছে। দারুণ সব কথা বলেছে ব্রড। নিজের আবেগকে দারুণভাবে প্রকাশ করেছে ব্রড। ১০০ টেস্ট খেলা, ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হয়েও যে আবেগ প্রকাশ করেছে তা যদি সে না করতো তাহলেই আমি অবাক ও উদ্বিগ্ন হতাম। ব্রড দুর্দান্ত একজন বোলার, সে নিজেও জানে, আমরাও জানি। আশা করব, ভবিষ্যতে সে আরও ভালো পারফরম্যান্স করবে।’