Home আঞ্চলিক বিএনপি নেতা ইমামকে নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ে বিএনপির নিন্দা ও ক্ষোভ

বিএনপি নেতা ইমামকে নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ে বিএনপির নিন্দা ও ক্ষোভ

57

খবর বিজ্ঞপ্তি।।
খুলনার দৌলতপুর থানা বিএনপি’র সদস্য সচিব শেখ ইমাম হোসেন হাইকোর্ট থেকে সকল মামলায় আগাম জামিন নিয়ে ঢাকা থেকে বাড়ীর ফিলছিলেন। সোমবার দিবাগত রাতে বাড়ীর সামনে থেকে বিনাকারণে আটক করে দৌলতপুর থানা পুলিশ। তাকে গত ৭ জানুয়ারি রাত ৩টার দিকে দৌলতপুরের পাবলা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মশার কয়েল থেকে আগুন ধরে যাওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় আটক দেখিয়েছে। আটকের পর অমানষিক নির্যাতন ও পুলিশ হেফাজতে হত্যার হুমকি দিয়ে পুলিশের শেখানো স্বীকারোক্তি জবানবন্দী দিতে বাধ্য করে গতকাল মঙ্গলবার তাকে জেলহাজতে প্রেরণ করেছে। পুলিশের এ ন্যাক্কারজনক ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ।


বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সারাদেশের সর্বাধিক মামলা দিয়ে খুলনা বিএনপি নেতাকর্মীদের উপর একেরপর এক ‘স্টিমরোলার’ চালাচ্ছে আওয়ামী পুলিশ। দেশের সর্বোচ্চ আদালতে আগাম জামিন নিয়ে বাড়ী ফেরাও আজ নিরাপদ নয়। মাফিয়া রানী শেখ হাসিনার নেতৃত্বাধীন অবৈধ সরকার আইন-আদালতের তোয়াক্কা না করেই পুলিশ-প্রশাসনকে দলীয় স্বার্থে নগ্নব্যবহার করছে। সর্বশেষ সাজানো-পাতানো দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রসহনের ভোটের পূর্বরাতে খুলনার দৌলতপুরের পাবলা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনসার সদস্যদের মশার কয়েল থেকে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছিল। এঘটনাকে রাজনৈতিক রং লাগিয়ে সোনালী ব্যাংকের দৌলতপুর কর্পোরেট শাখার প্রিন্সিপাল অফিসার যশোরের কেশবপুরের গৃধরনগরের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ নুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে দৌলতপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে ১৫(৩) মামলা করেছিলেন (যার নং০২, ০৭-০১-২০২৪ইং)। ইতোপূর্বে এ মামলায় সন্দেহজনকভাবে গ্রেফতার করে জাসাস মহানগর শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার নূর ইসলাম বাচ্চু ও বিএনপি নেতা মোঃ রিয়াজুল ইসলামকে সীমাহীন নির্যাতন করলেও পুলিশের শেখানো স্বীকারোক্তি নিতে পারেনি।

কিন্তু পুলিশের দায়েরকৃত অন্য গায়েবী মামলা থেকে উচ্চআদালতে আট সপ্তাহের আগাম জামিন নিয়ে বাড়ী ফেরার পথেই দৌলতপুর থানা বিএনপি’র সদস্য সচিব শেখ ইমাম হোসেনকে আটক করে পুলিশ। আটকের পর অমানষিক নির্যাতন ও পুলিশ হেফাজতে হত্যার হুমকি দিয়ে পুলিশের শেখানো স্বীকারোক্তি জবানবন্দী দিতে বাধ্য করে গতকাল মঙ্গলবার তাকে জেলহাজতে প্রেরণ করেছে। অবৈধ সরকারকে রক্ষায় কতিপয় পুলিশ সদস্যের অতিউৎসাহী ভূমিকায় খুলনাবাসী ক্ষুব্ধ।

অবিলম্বে পুলিশ-প্রশাসনের ঘৃণ্যষড়যন্ত্র বন্ধ করে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগন সেবকের ভূমিকা পালনের আহবান জানিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ আবু হোসেন বাবু, মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।।