ঢাকা অফিস।।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে আশ্রয় ও সিসিটিভি ফুটেজ গায়েব করতে নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেলের বিরুদ্ধে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) অভিযুক্ত মোস্তাফিজুর রহমান রাত সোয়া ১টা নাগাদ মীর মশাররফ হোসেন হল থেকে রান্নাঘর সংলগ্ন গেট ভেঙে বের হয়ে যান। পরবর্তীতে রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় মূল অভিযুক্ত মোস্তাফিজুর আশুলিয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করে নিজেকে নির্দোষ দাবি করেন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেলের নির্দেশেই মোস্তাফিজুরকে পালাতে সহায়তা করে মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগের নেতা সাগর সিদ্দিকী। সভাপতির নির্দেশেই তাকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হলে আশ্রয় দেওয়া হয়।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলের চাপে ছাত্রলীগ সভাপতির নির্দেশে আত্মসমর্পণ করেন মোস্তাফিজ। অভিযুক্ত ধর্ষককে আশ্রয় দেওয়ার সময়ের সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে রবীন্দ্রনাথ ঠাকুর হল কর্তৃপক্ষ থেকে জানানো হয়, ১ থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত হলের সিসিটিভি ক্যামেরাগুলোতে কোনও ফুটেজ রেকর্ড হয়নি। এর জন্য তারা যান্ত্রিক ত্রুটিকে দায়ী করেন। তবে সরেজমিনে সিসিটিভি সিস্টেম পর্যবেক্ষণ করে দেখা যায়, জানুয়ারির ৩১ তারিখ পর্যন্ত সব ফুটেজ রয়েছে এবং সোমবার সকাল ১০টা থেকে ফুটেজ রেকর্ড হচ্ছে।
জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সন্তোষজনক উত্তর দিতে পারেননি।
এ বিষয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নাজমুল হাসান তালুকদার বলেন, ‘আমি হলে গিয়ে দেখব। আমি ছুটিতে ছিলাম। গত রাতেই ফিরেছি কুষ্টিয়া থেকে। হলে গিয়ে এই বিষয়টি খতিয়ে দেখব ঘটনা কী ঘটেছে।’
এ ছাড়া শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেলকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন আবাসিক হলের ৩১৭নং কক্ষে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে কৌশলে মীর মশাররফ হোসেন হলের পেছনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন আসামি মোস্তাফিজুর রহমান ও মামুনুর রশীদ মামুন।











































