Home আঞ্চলিক চেয়ারম্যানের যোগসাজসে রাস্তার দু’ধারের গাছ কেটে বিক্রি

চেয়ারম্যানের যোগসাজসে রাস্তার দু’ধারের গাছ কেটে বিক্রি

59

শামীম খান জনী,মহেশপুর( ঝিনাইদহ) প্রতিনিধি
টেন্ডার ছাড়াই ঝিনাইদহের মহেশপুরে রাস্তার দু’ধারের মেহগনি ও লম্বু গাছ কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কাজিরবের ইউপির চেয়ারম্যানের যোগসাজসে সন্ধি সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জান্নাত খান পাকরাইল ও জিন্নাহনগর রাস্তার দু’ধারের একাধিক গাছ কেঁটে বিক্রি করেছেন । তাদের বিরুদ্ধে প্রায় ৪০ থেকে ৪৫টি গাছ কেটে বিক্রির অভিযোগ রয়েছে। আরো অর্ধশত গাছ কাটার পায়তারা করছেন।
জানা গেছে ফসলি জমির ক্ষতি হচ্ছে ও পুনরায় গাছ লাগানোর কথা বলে কিছু দিন ধরে সন্ধি সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জান্নাত খান রাস্তার দু’ধারের প্রায় ৪০-৪৫ টি গাছ কেটে বিক্রি করেছেন। তিনদিন আগে গাছ কাটতে গেলে ইউনিয়ন(ভ’মি) সহকারী নায়েব বাধা দেওয়ায় ওই দিন তারা গাছ কাটতে না পারায় শনিবার(৩ ফেব্রায়ারী) সকালে ও বিকালে আবারো তিনটি গাছ কেঁটে বিক্রি করে দিয়েছে।

ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ, সুযোগ পেলেই সন্ধি সমাজ কল্যাণ সংস্থার দোহাই দিয়ে রাস্তার দু’ধারের গাছ কেটে বিক্রি করে দিচ্ছে তারা । এতে স্থানীয় চেয়ারম্যানের হাত রয়েছে। শুধু পাকরাইল ও জিন্নানগর রাস্তার গাছ না, আশপাশের আরও কয়েকটি রাস্তার গাছও এভাবে কেটে নিয়ে বিক্রি করে দিয়েছে। গাছ কাটার বিষয়ে জানালে কোনো পদক্ষেপ নেয়নি স্থানীয় প্রশাসন।

ইউপি চেয়ারম্যান ইয়ানবী জানান, কিছু গাছ কাটার জন্য জান্নাতের কাছে অনুমোদন দেওয়া আছে। সেই গাছগুলোই তিনি কাটছেন। জান্নাতের কাছে কাগজ দেখলেই সব জানা যাবে।

সন্ধি সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জান্নাত খান বলেন, ২০০৭ সালে সন্ধি সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে ৬ হাজার গাছ লাগিয়ে ছিলাম। সেই গাছ গুলোর মধ্যে ১৫০ টির মত গাছ বর্তমানে জীবিত রয়েছে। বন বিভাগ ও নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে ১৫ টির মত গাছ কেটেছি। বাকি গাছগুলো কাটার জন্য অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। তবে তিনি গাছ কাটার অনুমতির কোন কাগজপত্র দেখাতে পারেনি।

বন বিভাগের কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, তিনি এব্যাপারে কিছুই জানেন না। গাছ কাটার জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। খোজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপ দাশ বলেন, নিয়ম না মেনে টেন্ডার ছাড়া গাছ কাটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।