Home জাতীয় রাশিয়ার রাষ্ট্রদূতের বক্তব্য আওয়ামীসুলভ : বিএনপি

রাশিয়ার রাষ্ট্রদূতের বক্তব্য আওয়ামীসুলভ : বিএনপি

35

ঢাকা অফিস।।

ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কির সাম্প্রতিক বক্তব্য অনাকাক্সিক্ষত, অনভিপ্রেত ও আওয়ামীসুলভ বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিএনপি। এ বক্তব্য বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অনুভূতিতে আঘাত করেছে বলে অভিযোগ দলটির। বাংলাদেশের জনগণের অভিপ্রায় ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়, তথা গণতান্ত্রিক মূল্যবোধ, স্বাধীনতার সংকল্প ও মহান আত্মত্যাগের প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শনের জন্য রাশিয়াকে অনুরোধও জানায় বিএনপি।

গতকাল শুক্রবার দুপুরে গণমাধ্যমে এ সংক্রান্ত একটি বিবৃতি দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে গত শনিবার দলের একটি কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছিলেন, ‘ভারত,

চীন আর রাশিয়া-তাদের সরকার শেখ হাসিনার সরকার; এটা বাংলাদেশের জনগণের সরকার নয়।’

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি উল্লেখ করে, ‘গত বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাশিয়ার ভূমিকা নিয়ে বিএনপির বক্তব্যকে ‘বিভ্রান্তিকর, মিথ্যা’ হিসেবে আখ্যায়িত করেন রাশিয়ার রাষ্ট্রদূত। তিনি এও দাবি করেছেন, নির্বাচনে বাংলাদেশের মানুষ সরকারকে নির্বাচিত করেছে এবং ৪১ দশমিক ৮ শতাংশ মানুষ ভোট দিয়েছে, যাদের অধিকাংশ ভোট দিয়েছে আওয়ামী লীগকে।’

বিএনপির বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘রুশ রাষ্ট্রদূতের এই অনাকাক্সিক্ষত, অনভিপ্রেত ও আওয়ামীসুলভ বক্তব্য বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অনুভূতিতে আঘাত করেছে। আওয়ামী লীগের রাজনৈতিক বলয়ের বাইরের সকল বাংলাদেশি নাগরিক নিজেদের অধিকার ও স্বাধীনতা হারিয়ে আজ নিজ দেশে পরাধীন।’

দ্বাদশ সংসদ নির্বাচনে সত্যিকার অর্থে শতকরা ৫ ভাগেরও কম ভোটার ভোটকেন্দ্রে গিয়েছেন বলে বিএনপি তার বিবৃতিতে উল্লেখ করে। তাই বিএনপি রাশিয়াকে আহ্বান করছে, বাংলাদেশের জনগণের অভিপ্রায় ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়, তথা গণতান্ত্রিক মূল্যবোধ, স্বাধীনতার সংকল্প ও মহান আত্মত্যাগের প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শনের জন্য।