Home আঞ্চলিক ছিন্নমূল তরুণীকে আশ্রয় দেওয়ার কথা বলে গণধর্ষণ

ছিন্নমূল তরুণীকে আশ্রয় দেওয়ার কথা বলে গণধর্ষণ

45

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ষাটগম্বুজ এলাকায় এক ছিন্নমূল তরুণীকে আশ্রয় দেওয়ার কথা বলে ঘেরের বাসায় নিয়ে ধর্ষণ করেছে তিন যুবক। মঙ্গলবার রাতে ধর্ষণের শিকার তরুণীকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করে মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকালে ষাটগম্বুজ এলাকায় অভিযান চালিয়ে মো. রবিউল ইসলাম (৩৫) নামের ওই যুবককে আটক করা হয়েছে।

আটক রবিউল ইসলাম বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোণা গ্রামের শেখ আকবর আলীর ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন ধর্ষণের শিকার ওই তরুণী বলেন, বাবা মারা গেছেন, মায়ের সঙ্গেও দীর্ঘদিন যোগাযোগ নেই। একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতাম, এখন চাকরি নেই। আশ্রয়ের আশায় দেড় মাস আগে খানজাহান আলীর (রহ.) মাজারে এসেছিলাম। কখনো মাজারের পাশে, কখনো মাজার মসজিদের বারান্দায় থেকেছি।

তিনি বলেন, রোববার সন্ধ্যায় রাজার এলাকায় ছিলাম, কিন্তু কিছু লোক আমাকে তাড়িয়ে দেন। আশ্রয়ের আশায় ষাটগম্বুজ মসজিদের সামনে যাই। সেখানে কিছু লোক আমাকে জলিল নামের একজন মানুষের বাসায় পাঠান। সেখানে আকবর নামের এক ব্যক্তি কুপ্রস্তাব দিলে বিরক্ত হয়ে রাস্তায় চলে আসি। তখন রবো নামের এক অটোচালক আমাকে আশ্রয় দেওয়ার কথা বলে অটোতে উঠিয়ে নির্জন একটি ঘেরের বাসায় নিয়ে যান। সেখানে তিনজন মিলে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে নানা আকুতি মিনতির পরে তারা আমাকে খুলনা-বাগেরহাট মহাসড়কের একটি নির্জন জায়গায় ছেড়ে দিয়ে যায়। পরবর্তীতে কাকে কিভাবে বলব বুঝতে পারিনি। একপর্যায়ে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ আমাকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করে। ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি চেয়ে কান্নায় ভেঙে পড়েন অসহায় এই তরুণী।

বাগেরহাট জেলা হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন, পুলিশ ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করেছে। ওই তরুণীর অভিযোগ তাকে তিনজন মিলে ধর্ষণ করেছে। আমরা পরীক্ষা-নিরীক্ষার জন্য আলামত সংগ্রহ করেছি। তরুণীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। তিনি এখন শঙ্কামুক্ত।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, নির্যাতনের শিকার তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রবিউল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়ের হয়েছে। বাকি দুইজনকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।