কাজী মোতাহার রহমান ।।
দ্বাদশ সংসদ নির্বাচনে শাসকদল আওয়ামীলীগ আবারও সরকার গঠন করবে, এটি আগেই নিশ্চিত ছিল। সরকারের পূর্ব পরিকল্পনা জেনেই জাতীয় পার্টি, কিংস পার্টি, জাসদ, ওয়াকার্স পার্টি ও জেপি নির্বাচনে অংশ নেয়। ক্ষমতার হালুয়া রুটির ভাগ পেতে। জাপার কাছে স্পষ্ট ছিল দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। তাই সমঝোতায় ২৬টি আসনে ছাড় পেয়ে সন্তুষ্ট ছিল। নির্বাচনে অংশ নেয়া এবং পরবর্তী ভূমিকায় তাদের দলের অভ্যন্তরে আগুন ধূমায়িত হচ্ছে। এবার নির্বাচনী রাজনীতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে জাপা’র। ৭ জানুয়ারী ছিল ইলেকশন নামের সিলেকশন। অবৈধ ক্ষমতার লাইসেন্স নবায়ন করতেই ছিল এ তামাশার আয়োজন। এটাকে কেউ বলেছেন ডামি নির্বাচন, কেউ বলেছেন প্রহসনের নির্বাচন। কারো ভাষায় তামাশার আয়োজন আর বিএনপি’র রুহুল কবীর রিজভীর ভাষায় এবারের নির্বাচনে আমরা আর মামুরা। তামাশার নির্বাচনে ২০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। আইন শৃঙ্খলার জন্য হাজার কোটির এ বেশি টাকা ব্যয় রাষ্ট্রের। এত টাকা ব্যয় হলেও আইন শৃঙ্খলা বাহিনী সহিংসতা, অগ্নিকান্ড ও প্রাণহানি প্রতিরোধ করতে পারেনি। গাড়ীর সামনে মেশিনগান বসিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে মাত্র, ভোট কেন্দ্রের আগুন থামাতে পারেনি।
দ্বাদশের নামে সিলকশনে আওয়ামীলীগ ২২২টি, আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট স্বতন্ত্র নামের ৫৮টি আসন, জাতীয় পার্টি ১১টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, কল্যান পার্টি ১টি করে প্রকৃত স্বতন্ত্র ৪টি আসনে জয়ী হয় (প্রথম আলো ৯ জানুয়ারী ২০২৪)।
নির্বাচন পরবর্তী আরও একটি নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এখন দু’টি সংসদ চলমান। একাদশ ও দ্বাদশ সংসদ। সংবিধানের ৭২(৩) ধারায় বলা হয়েছে “রাষ্ট্রপতি পূর্বে সংসদ ভেঙ্গে না দিয়ে থাকলে প্রথম বৈঠকের তারিখ হতে পাঁচ বছর অতিবাহিত হলে সংসদ ভেঙ্গে যাবে।” একাদশ সংসদের মেয়াদ শেষ হয় ২৯ জানুয়ারী। কিন্তু দ্বাদশের সংসদ সদস্যরা ১০ জানুয়ারী শপথ গ্রহণ করে। ১১ জানুয়ারী মন্ত্রি পরিষদ গঠিত হয়। সংবিধানের ১৪৮ ২(ক) ধারায় জাতীয় নির্বাচনের ফলাফল সরকারীভাবে গেজেট প্রকাশিত হওয়ার তারিখ থেকে পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচিতদের শপথ নিতে বাধ্যতামূলক করা হয়েছে। দেশের সর্বোচ্চ আদালত সংবিধান লঙ্ঘন দেখেও চোখ বন্ধ করে রেখেছে।
এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে, সংসদে সরকারের বিরোধিতা করার মত কোন পক্ষ আর থাকল না। যে সংসদ গঠিত হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। একটি পক্ষকে বলতে শোনা যাচ্ছে, সরকার প্রধান সংসদের বিরোধী দল ঠিক করে দেবে। তিনি স্বতন্ত্র সংসদ সদস্যদের আমন্ত্রণও জানান। সংসদের ইতিহাসে এটিও একটি উদাহরণ। যা লজ্জাকর। সেই প্রেক্ষাপটে বিরোধী দলের ক্ষেত্রে গৃহপালিত বলে যেটি মুখরোচক ছিল তার নতুন নামকরণ করতে হবে।
টি আই বি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভোটের দিনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিকাল ৩টা পর্যন্ত ২৬ দশমিক ৩৭ শতাংশ ভোট পড়ার কথা জানানো হয়েছে। এক ঘন্টা পর আরও ১৫ দশমিক ৪৩ শতাংশ ভোট সহ ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়ার ঘোষনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। ভোট গণনায় জালিয়াতি হয়েছে ৪২ দশমিক ৯ শতাংশ কেন্দ্রে। নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য করা হয় ৫৫ শতাংশ কেন্দ্রে। এ থেকে প্রমানিত হয় প্রায় ৬০ শতাংশ মানুষ ভোট বর্জন করে। ভারতের একজন বিশ্লেষকের মতে ভোট পড়েছে ১০ শতাংশ। নির্বাচনের দিনে দুপুরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কেন্দ্রে শাসকদলের ছাড়া অন্য কোন প্রার্থীর এজেন্ট ছিল না। আবার গণমাধ্যমকে বলেছেন ভোটের দিন তিনি কিছুক্ষণ ঘুমিয়ে ছিলেন। ইদানিং তিনি বলছেন ভোটের উপর জনগণের আস্থা নেই। এই প্রেক্ষাপটে বলতে হয় আওয়ামীলীগ বাকশালের মাধ্যমে একদলীয় শাসন সৃষ্টি করে যে দুর্নাম কুড়িয়েছিল, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের কালো অধ্যায় নির্বাচনী ইতিহাসের পাতা থেকে মুছবে না। দেশে বিদেশে এটিকে বির্তকিত নির্বাচন বলা হচ্ছে। বিরোধী দলের পক্ষ থেকে সংসদ বাতিল করে নতুন নির্বাচনের দাবী করা হয়েছে।
১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক জেঃ এরশাদের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্যতা পায়। এরপর রাজনৈতিক ঐক্যমতের ভিতিত্তে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের বিষয়টি সংবিধানে যুক্ত হয়। ১৯৯৬ সালের ১২ জুন, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচন দেশ-বিদেশে গ্রহণযোগ্যতা পায়। সংবিধানে পঞ্চাদশ সংশোধনীর মাধ্যমে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। এর অর্থ এই যে, আওয়ামীলীগ যুগ যুগ ধরে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত থাকবে। ৭৫’ সালের বাকশালের প্রতিচ্ছবি। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে শুরু হয় রাজনৈতিক বিতর্ক। রাজনৈতিক বক্তব্য শুরু হলেই দাবি তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন।
২০১৪ সালের ৫ জানুয়ারী দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র অংশগ্রহণ ছিল না। ভারতের সর্বোচ্চ রাজনৈতিক আর্শিবাদী ছিল আওয়ামীলীগের ওপর। ভোটের দিন সহিংসায় ১৯ জন নিহত হয়। ২০১৩ সালের ২৫ নভেম্বর তফসিল ঘোষনার পর থেকে ভোটের আগের দিন পর্যন্ত ১২৩ জন নিহত হয়।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোটের আগের রাতে নৌকা প্রতীকের অনুকুলে ব্যালট পেপারে সীল মেরে বাক্স ভর্তি করা হয়। একাদশ সংসদ নির্বাচনকে “দিনের ভোট রাতে হয়েছে” বলে সবমহলে পরিচিতি পেয়েছে। নির্বাচনী সেই পচা দুর্গন্ধ আজও ইথারে ইথারে ভেসে বেড়াচ্ছে।
দ্বাদশের নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণ ছিল না। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণতন্ত্র মঞ্চ, ১২ দল, বাম গণতান্ত্রিক জোট, খেলাফত মজলিস, এবি পার্টি, মুসলিম লীগ ও গণ অধিকার পরিষদ নির্বাচন বর্জন করে। এমন একক সিদ্ধন্ত ৯০ পরবর্তী রাজনীতিতে দেখা যায়নি। সংখ্যাগরিষ্ঠ ভোটারদের সম্পৃক্ততা ছিল না। বিরোধী শিবিরের আহবানে সাড়া দিয়ে ভোটাররা কেন্দ্রের কাছে যায়নি। ফলে এ নির্বাচন নানাভাবে সমালোচিত হয়েছে। আমেরিকা, বৃটেন, কানাডা ও জাতিসংঘ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। ছয়টি আন্তর্জাতিক সংগঠন দ্বাদশের এই তামাশার নির্বাচন বাতিল করে আগামীতে নিরপেক্ষ ও নতুন নির্বাচনের দাবি করেছে। সরকার বগল দাবড়াচ্ছে বড় বিজয় পেলাম। এ নির্বাচনে বড় ধরণের ক্ষতি হয়েছে শাসক দলের। স্বতন্ত্র প্রার্থী হওয়ার অনুমতি দেওয়ায় দলের অভ্যন্তরে আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে। তৃণমূলের নেতাকর্মীরা সুষ্ঠত দ্বিধা বিভক্ত। একে অপরকে খুন করেছে। বরিশালের নির্বাচনী জনসভায় সরকার প্রধানের উপস্থিতিতে দু’গ্র“পের বিরোধে একজন কর্মী খুন হয়েছে। সেখানে প্রতিশোধের আগুন জ্বলেছে। জাপায় যে আগুন জ্বলেছে তা থামানোর নেতাও নেই। শীর্ষ নেতারা গণধোলাই এর ভয়ে দলীয় কার্যালয় থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
গণতান্ত্রিক নির্বাচনের ধারনা, আন্তর্জাতিক জাতীয় উত্তম চর্চার অন্যতম উপাদানসমূহ তথা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। জনগণের অংশমূলক নির্বাচনী সংস্কৃতি বিলুপ্ত হতে চলেছে। গণতন্ত্র, ভোটাধিকার, ভাতের অধিকার, মানবাধিকার, ন্যায় বিচার, মুক্ত সাংবাদিকতার জন্য জাতি ৭১ সালে মুক্তিযুদ্ধ করে। ভোট ডাকাতির মধ্য দিয়ে জনগণের রায় ছিনিয়ে নেয়ায় মুক্তিযুদ্ধের চেতনা ভুলুন্ঠিত হয়েছে। ধারাবাহিক কয়েকটি প্রশ্নবিদ্ধ নির্বাচন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংসের অশনি সংকেত দিচ্ছে। মোদ্দা কথা নির্বাচনের দিক থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। দেশবাসী তাদের সত্যিকারে জনপ্রতিনিধির নির্বাচন করতে বার বার ব্যর্থ হচ্ছে। সংসদ মূলতঃ অকার্যকর। সংসদে কন্ঠশিল্পী মমতাজ বেগম সঙ্গীত পরিবেশ করে সস্তা জনপ্রিয়তা কুড়িয়েছে। ভোটাধিকার ফিরে পেতে চাই ঐক্যবদ্ধ আন্দোলন। এ দাবিতে ঢাকার রাজপথ এখনও উত্তপ্ত। এখন মিছিল শ্লোগানে মুখরিত রাজধানী ঢাকা। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে। তার জ্বলন্ত উদাহরণ গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসনের অবসানের মধ্য দিয়ে দেশবাড়ী ভোটাধিকার ফিরে পায়। ৯১ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটাধিকার প্রয়োগ করে জাতির স্বস্তির নিঃশ্বাস ফেলে।











































