ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা।।
পিরোজপুরের ইন্দুরকানীতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য সাবেক মৎস্য প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বৃহস্পতিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল এর প্রশাসনিক কর্মকর্তা মো. আবুবক্কর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তাব্যে শ ম রেজাউল করিম বলেন, ‘মুক্তিযোদ্ধারা হলেন জাতির শ্রেষ্ট সন্তান। মুক্তিযুদ্ধ না হলে আমরা স্বাধীনতা পেতাম না। স্বাধীনতার জন্য আজ আমরা জনপ্রতিনিধি হতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য অনেক অনুদান ও প্রকল্পের কাজ করে যাচ্ছেন। আমরা মুক্তিযোদ্ধাদের সাথে ছিলাম এবং আছি।’ এ সময় বক্তাব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ লতিফ হাওলাদার, মাহবুব আলম, বীর মুক্তিযোদ্ধা স্বপন ডাকুয়া, মোশারেফ হোসেন, আবু হানিফ খান বাঙ্গালী।
এছাড়া উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা, আইন-শৃংখলা মিটিং, শীতবস্ত্র বিতরণ এবং উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনি অনুষ্ঠান উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।











































