ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরের ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভালাইপুর দর্গামোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার পান্তাপাড়া গ্রামের আবুল কাশেম (৫৫), কামাল হোসেন (৬০) ও ঘুগরি গ্রামের আলমগীর হোসেন (৩৫)। এদিকে মহেশপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়া তাসলিমা, সেলিম, আকিদুল সহ ৪ জনকেই যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মহেশপুর থানার উপ-পরিদর্শক ব্রজবল্লভ সাধু জানান, একটি মাহিন্দ্রাতে করে যাত্রীরা পান্তাপাড়া এলাকা থেকে মহেশপুর হয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথে ভালাইপুর দর্গামোড়ে এসে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই আবুল কাশেম ও আলমগীর হোসেনের মৃত্যু হয়। তখন স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে দুপুরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে কামাল হোসেন নামের আরও একজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে আবুল কাশেম ও কামাল হোসেন ঝিনাইদহ আদালতে একটি মামলার কাজে যাচ্ছিলেন এবং আলমগীর হোসেন পাসপোর্ট সংক্রান্ত কাজে পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন। নিহতরা সবাই মাহিন্দ্রার যাত্রী ছিলেন।
মহেশপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজিবুল হাসান জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে আসা রোগীদের মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত ছিল। এদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর ছিল। তবে তাদের সকলকেই উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।










































