স্টাফ রিপোর্টার
খুলনায় পিস্তল উঁচিয়ে আদালতের সামনের সড়কে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ছয় কিশোরকে আটক করা হয়েছে। মঙ্গলবার আটকরা কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধারের পর পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, সেটি খেলনা।
আটকরা নগরীর জিন্নাহপাড়া, জোড়াকল বাজার ও টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে জেলা জজ আদালতে প্রবেশ মুখে সড়কে মাসুমের চায়ের দোকানের সামনে কয়েকজন কিশোর পিস্তল উঁচিয়ে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন খান বলেন, আটক সবাই নগরীর জিন্নাহপাড়া এলাকার নূর আজিম গ্রুপের সদস্য। তাদের কাছ থেকে তিনটি মোটরসাইকেল ও একটি খেলনা পিস্তল জব্দ করা হয়েছে। আদালতে হাজিরা দিতে আসা রাজু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কী কারণে তারা আদালতে খেলনা পিস্তল নিয়ে এসেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।










































