Home জাতীয় বৃষ্টির পর শীতের তীব্রতা আরও বাড়বে

বৃষ্টির পর শীতের তীব্রতা আরও বাড়বে

9

খুলনাঞ্চল রিপোর্ট
দেশে তীব্র ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশাও। সর্বত্রই জেঁকে বসছে শীত। ঘন কুয়াশায় দেখা মিলছে না সূর্যের। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে মঙ্গলবার ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মুজিবুর রহমান বলেন, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে। মাঝারি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর শীত ও কুয়াশা দুটিই তীব্রভাবে বাড়তে পারে। শীত-কুয়াশায় রাজধানী থেকে গ্রাম সর্বত্রই সাধারণ মানুষকে কাঁপাচ্ছে। হাওড়, বিল, চা বাগানে শীতের তীব্রতা আরও বেশি। ঠান্ডার পাশাপাশি হিমেল হাওয়ার কারণে বিপাকে পড়েন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বরিশালে সাড়ে ৯ ডিগ্রি সেলসিয়াস। দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ৫-৬ দিন ধরে দিনভর ঘন কুয়াশা ও তীব্র শীতের অনুভূতি বয়ে বেড়াচ্ছে।

সোমবারের ন্যায় মঙ্গলবারও রংপুর ও রাজশাহী বিভাগের বেশিরভাগ এলাকায় শৈত্যপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা ছিল। কুয়াশা বেশি থাকায় সৈয়দপুর, রাজশাহী ও সিলেট বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় সমস্যা হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে, মঙ্গলবার রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহণ এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

আবওহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, কাল রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কুয়াশার কারণে জানুয়ারিতে দেশের অর্ধেকের বেশি এলাকাজুড়ে তীব্র শীতের অনুভূতি থাকছে, যা এক সময় শুধু উত্তরাঞ্চল ও সিলেটে বেশি দেখা যেত। এতে সাধারণ মানুষের কষ্ট বেড়ে গেছে। কুয়াশার দাপটের কারণে সূর্যের আলো ভূমিতে আসতে পারছে না। যার ফলে দিনেও তীব্র শীতে কষ্ট বাড়ছে।