Home আঞ্চলিক মাঘের প্রথমেই মোংলায় পিঠা উৎসব

মাঘের প্রথমেই মোংলায় পিঠা উৎসব

8

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
পৌষ-পার্বণে যেন বাঙ্গালীর ঘরে ঘরে ও পাড়ায় পাড়ায় পিঠা উৎসবের ধুম পড়ে। তাই ভোজন রসিক বাঙ্গালীর ঐতিহ্যের সাথে যেন মিশে আছে পান, কুলি, ভাপা, চিতই ও পাটিসাপটাসহ নানান পিঠার নাম। পৌষের শেষে মাঘের প্রথমেই মোংলায় এক ভিন্ন রকম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব। তাই দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসে গ্রামবাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় হরেক রকমের বাহারী এ পিঠার উৎসবে।কনকনে শীতে গরম গরম হরেক রকম পিঠার স্বাদ নিতে হিন্দু-খ্রিস্টান ও মুসলিম নানা বয়সের হাজারো মানুষের মিলন মেলায় পরিণত হয় মোংলার বুড়িরডাঙ্গা। সোমবার সকালে বুড়িরডাঙ্গা এলাকায় বুড়িরডাঙ্গা পিঠা উৎসব কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয় এ পিঠা উৎসব। ভোর থেকেই সেখানকার সারিবদ্ধ চুলায় গ্রামের বিভিন্ন বয়সের নারীরা তৈরী করেন নানা ধরণের পিঠা। পরে একসাথে বসে চলে পিঠা খাওয়ার উৎসব।

পৌষ আসলেই যেন পিঠার খাওয়ার ধুম পড়ে গ্রামে গ্রামে। শহুরে জীবনে যেন অনেকটা অপরিচিত এই দৃশ্য। তবে মোংলার বুড়িরডাঙ্গায় যেন এক ভিন্ন চিত্র। পৌষের শুরুতেই ঘরে ঘরে পিঠা তৈরী না করে পৌষ শেষে মাঘে এসে এ পিঠা উৎসবের আয়োজন করেন এলাকাবাসী।

‘বুড়িরডাঙ্গা পিঠা উৎসব কমিটি’র আহবায়ক ও বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস বলেন, এলাকাবাসীর উদ্যোগে ও সহযোগিতায় এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। আপাতত এ উৎসব শুধু বুড়িরডাঙ্গায় হলেও ভবিষ্যতে তা অন্যান্য ইউনিয়নেও করার চিন্তা রয়েছে আয়োজক কমিটির। আগামীতে পর্যায়ক্রমে এ পিঠা উৎসব আমরা পৌরসভা ও উপজেলার বাকী ইউনিয়নগুলোতে বিস্তৃত করবো।