Home আঞ্চলিক নৌকায় ভোট দেয়ায় হামলার শঙ্কায় বাড়িছাড়া কয়েকটি পরিবার

নৌকায় ভোট দেয়ায় হামলার শঙ্কায় বাড়িছাড়া কয়েকটি পরিবার

35

কুষ্টিয়া প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ায় হামলার শঙ্কায় বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পীতাম্বরবসী গ্রামের বেশকিছু হিন্দু পরিবারের সদস্যরা। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, নৌকায় ভোট দেয়ায় বর্তমান স্বতন্ত্র এমপির লোকজন তাদের ভয়ভীতি দেখাচ্ছেন। তবে স্থানীয় প্রশাসন ও পুলিশের ভাষ্য, নির্বাচনের পর সেদিন (৭ জানুয়ারি) সন্ধ্যায় একটু সমস্যা হয়েছিল। সেটা সমাধান হয়ে গেছে। এখন কোনো সমস্যা নেই।
পীতাম্বরবসী গ্রামের বৃদ্ধ জীবন রঞ্জন বিশ্বাস বলেন, গ্রামে অন্তত ৭০টি হিন্দু পরিবার আছে। এরমধ্যে বেশিরভাগ পরিবার নৌকায় নির্বাচন করেছে। ভোটের দিন সন্ধ্যায় অন্তত সাতটি পরিবারের বাড়িঘরে হামলা করেছেন স্বতন্ত্র প্রার্থীর লোকজন। সবশেষ স্থানীয় রবি দাস ও তার স্ত্রী সুনীতি দাস গত সোমবার সকালে বাড়ি ছেড়ে চলে গেছেন।

সরেজমিনে মাঠপাড়া এলাকায় রবি দাসের বাড়িতে গিয়ে দেখা যায়, টিনের ঘরে ধারালো কিছু দিয়ে কোপানোর অসংখ্য চিহ্ন। যার ফাঁকা অংশ দিয়ে ঘরের ভেতরের সবকিছু দেখা যাচ্ছে। বাড়ির দুই ঘরের দরজা রশি দিয়ে আটকানো। এ সময় কথা হলে পাশের বাড়ির বাসিন্দা অপর্ণা দাস বলেন, ভোটের দিন সন্ধ্যায় লোকজন এসে ভাঙচুর করে চলে যায়। তারা আতঙ্কে ঘর থেকে বের হননি। পরের দিন সকালে রবি ও সুনীতি বাড়ি ছেড়ে চলে যান।

সুনীতির ভাই অধীর কুমার সিংহের বাড়িতেও একই দিন সন্ধ্যায় হামলা করে ভাঙচুর চালানো হয়। ওই বাড়িতে গিয়েও অধীর কুমারকে পাওয়া যায়নি। তার স্কুলপড়ুয়া ছেলে বলেন, ‘বাবা-মা বাইরে গেছে। ঘটনার দিন সন্ধ্যায় মাকে মারধর করা হয়েছিল। বাড়িতে কোপানো হয়েছে। নৌকায় ভোট দেয়ায় লোকজন এসে হুমকি দিয়ে যায়। এখনো তার ভয় লাগে।’
মণ্ডলপাড়ার বাসিন্দা দেবাশীষ বিশ্বাস উপজেলার পান্টি ইউনিয়নে পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে চাকরি করেন। তিনি জানান, নৌকায় ভোট দেয়ায় নির্বাচনের পর তাকে বিভিন্নভাবে চাপ দেয়া হচ্ছে। ভোটের পর বাড়ি থেকে বের হতে পারছেন না। অফিসেও যেতে পারছেন না। ছয় দিন ধরে তাই বাড়িতেই আছেন। এ সময় স্বতন্ত্র প্রার্থীর লোকজন হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
একই এলাকার বাসিন্দা বিশাখা মণ্ডল জানান, তার ছেলে বীরেন মণ্ডল কামারের কাজ করে সংসার চালান। ভোটের দিনের ঘটনার পর বাড়ি ছেড়ে চলে গেছেন। আর আসছেন না। ওইদিন সন্ধ্যায় তাকেও মারধর করা হয়। তার দাবি, ভয়ে ছেলে বাড়িতে আসছে না।

বিশাখা মণ্ডলের মতো এই এলাকার হিন্দু বাড়ির নারীদের চোখে-মুখেও এখন আতঙ্কের ছাপ। তবে তাদের কেউই হুমকিদাতা বা হামলাকারীদের নাম উল্লেখ করছেন না। শুধু বলছেন, নৌকায় ভোট দেয়ায় স্বতন্ত্র প্রার্থীর লোকজন ভয়ভীতি দেখাচ্ছেন।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ বিজয়ী হন। এর আগে এই আসনের সংসদ সদস্য ছিলেন নৌকার প্রার্থী সেলিম আলতাফ জর্জ।

হুমকি ও হামলার বিষয়ে নৌকার পরাজিত প্রার্থী ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য সেলিম আলতাফ জর্জ বলেন, ‘নির্বাচনে জেতার পর স্বতন্ত্র প্রার্থীর লোকজন বেপরোয়া হয়ে উঠেছে। সাধারণ মানুষকে নির্যাতন করছে। সহিংসতা ছড়াচ্ছে। মানুষকে কুপিয়ে আহত করছে। বাড়িঘর ভাঙচুর করছে। এটাকে রাজনীতি বলে না। এর সুষ্ঠু তদন্ত করে বিচার করা হোক।’

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য আব্দুর রউফ সাংবাদিকদের বলেন, ‘কোনো সহিংসতা হচ্ছে না। তারাই (নৌকার লোকজন) সহিংসতা চালাচ্ছে। পান্টিতে (পান্টি ইউনিয়ন) এমন কোনো ঘটনা ঘটেনি।’

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই ওই এলাকায় যাওয়া হয়। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। তাছাড়াও এ বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। তবে এলাকার সার্বিক পরিস্থিতি খুবই ভালো আছে।’