Home জাতীয় নির্বাচনে ভরাডুবি, জিএম কাদেরকে দায়ী করায় আরও ২ নেতা বহিষ্কার

নির্বাচনে ভরাডুবি, জিএম কাদেরকে দায়ী করায় আরও ২ নেতা বহিষ্কার

52

ঢাকা অফিস
দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) ভরাডুবির জন্য জি এম কাদেরকে দায়ী করে বক্তব্য দেওয়া দুই নেতাকে দলীয় পদপদবি থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
রবিবার (১৪ জানুয়ারি) রাতে জাপার দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে- দলের প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান ইয়াহহিয়া চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন জি এম কাদের।

ঢাকা মহানগর উত্তর জাপার কমিটিও বিলুপ্ত করেছেন দলের চেয়ারম্যান। শফিকুল ইসলাম এই কমিটির সভাপতি ছিলেন। রবিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইনঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে লাঙলের পরাজিত প্রার্থীরা সভা ডেকে জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর তীব্র সমালোচনা করেন।

তারা অভিযোগ তোলেন, নির্বাচনে অংশ নেওয়া জি এম কাদের সরকারের কাছ থেকে যে টাকা পেয়েছেন, এর হিসাব চান তারা। জি এম কাদের তার স্ত্রী শেরীফা কাদেরের জন্য আওয়ামী লীগের কাছ থেকে আসন ছাড় পেয়ে নির্বাচনে যান বলে অভিযোগ তোলেন শফিকুল ইসলাম ও ইয়াহহিয়া চৌধুরী।

এই বক্তব্যের ছয় ঘণ্টার মধ্যে তাদের অব্যাহতি দিলেন জি এম কাদের।

এর আগে গত শুক্রবার (১২ জানুয়ারি) দলের কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়কে অব্যহতি দেন জাপা চেয়ারম্যান।