Home আঞ্চলিক শিঙাড়া বিক্রি করে লাখপতি

শিঙাড়া বিক্রি করে লাখপতি

35

নিজস্ব প্রতিনিধি
পেশায় ছিলেন ভবঘুরে। অভাবের সংসারে স্থায়ী কোনো কাজ ছিলো না তার। এখানে সেখানে ঘুরে ঘুরে কাজ করে দিন পার করতেন তিনি।

সাতক্ষীরা সদর উপজেলার ফুলবাড়ি বাজারে শিঙাড়া বিক্রি করে আব্দুস সালাম এখন লাখপতি। আব্দুস সালাম জেলা সদর উপজেলার আগরদাড়ী ইউপির পাঁচপুতা গ্রামের খালেক গাজীর ছেলে।

গ্রামের মেঠোপথ দিয়ে যেতে না যেতেই চোখ পড়ে রাস্তার ধারে ফুটপাতে একটা দোকান। হৈ চৈ শব্দে রব ওঠছে আমার ২ টা দেন, আমার ৩ পিস দেন। শব্দ শুনেই পাশে গিয়ে দেখা গেল শিঙাড়া বিক্রির দোকানে ভিড়।

আব্দুস সালাম বলেন, ২ টাকার ঝালমুড়ি খেয়ে আমার এ ব্যবসা শুরু। একদিন এক দোকান থেকে ২ টাকার ঝালমুড়ি খেয়েছিলাম আর তখনই মনে মনে ভাবছিলাম আমিও এ সবের দোকান দেব। তবে তখন খুব অভাব ছিলো। তাই আস্তে আস্তে স্ত্রীর জমানো টাকা দিয়ে প্রথমে ঝালমুড়ির ব্যবসা স্কুলে স্কুলে গিয়ে শুরু করলাম। মোটামুটি ভালোই চলছিলো তারপর করোনা মহামারি। তখন একটু চিন্তায় পড়ে গেলাম। আমার আর ঘুরে দাঁড়ানো হবে না। তখন আবার আমার স্ত্রীর সহযোগিতা নিয়ে বাজারের ফুটপাতে একটা দোকান নিলাম। সেখান থেকে আমার কপাল খুলে গেলো। দিনে দিনে আমার শিঙাড়ার জনপ্রিয়তা পাওয়া শুরু করলো। অনেক জায়গার মানুষ আমার শিঙাড়া খেতে এখানে ছুটে আসেন। আমার দিনে ১৫০০-১৬০০ পিস শিঙাড়া বিক্রি হয়। তারপর থেকে আমার আর ফিরে তাকাতে হয়নি। আল্লাহর অশেষ দয়ায় এখন আমার দোকানে ৬-৭ জনের কর্মসংস্থান হয়েছে। এখন আমার দিনে ১০ হাজার টাকা করে আয় হয়। আমি তাদের সঙ্গে নিয়ে দোকান পরিচালনা করছি। সব মিলিয়ে অনেক ভালো আছি। ২ টাকার ঝালমুড়ি খেয়ে আজকে আমার পরিশ্রমের ফসল পেয়েছি।

তিনি বলেন, সকালে শুধু শিঙাড়া আর বিকেলে পেঁয়াজি, আলুর চপ, বেগুনির চপ, ধনেপাতার চপ, চটপটি, ফুসকা, ঝালমুড়ি, ছোলা বিক্রি করে থাকি।

শিঙাড়া খেতে আসা নয়ন হোসাইন বলেন, এখানকার শিঙাড়ার অনেক জনপ্রিয়তা। প্রায় মানুষের মুখে এখানকার শিঙাড়ার কথা শোনা যায়। তাই এদিকে ঘুরতে আসলাম। তবে সামনে পেয়ে মিস কেনো করবো এই জনপ্রিয় সুস্বাদু শিঙাড়া। তাই বাইক থেকে নেমে খেতে চলে আসলাম। খুব সুস্বাদু। এক জায়গায় বসে ১০ পিস খেয়েছি। খুব সুস্বাদু সচরাচর এমন সুস্বাদু শিঙাড়া পাওয়া যায় না।