নিজস্ব প্রতিনিধি
ভোজন বিলাসী মানুষের কাছে মিষ্টি খুবই জনপ্রিয়। মিষ্টি পছন্দ করে না এমন লোক কমই আছে। ঈদ, পূজাসহ ধর্মীয় অনুষ্ঠানে খাদ্য হিসেবে মিষ্টির স্থান সবার আগে। বিয়েসহ নানা রকম শুভ কাজ মানেই মিষ্টি।
অতিথি আপ্যায়ন থেকে শুরু করে কারো বাসায় বেড়াতে গেলে আমরা মিষ্টিকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেই। মিষ্টি হিসেবে মাগুরায় সবচেয়ে বিখ্যাত রসগোল্লা, প্যারাসন্দেশ, দুধ মালাই, হাড়িভাঙা, রসমালাই ও কালোজাম। পাশাপাশি খামারপাড়ার দই ও পলাশ ঘোষের দই বিখ্যাত।
রাজধানী ঢাকাসহ সারা দেশেই ব্যাপক চাহিদা রয়েছে মাগুরার দইয়ের। বিয়েসহ যে কোনো অনুষ্ঠান ও অতিথি আপ্যায়নে ঐতিহ্যবাহী খামারপাড়ার ও পলাশ ঘোষের দই একটি অনন্য খাদ্য উপকরণ হিসেবে জায়গা করে নিয়েছে। প্রায় শত বছর ধরে এই দইয়ের জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে খাটি দুধ ও অন্যান্য উপকরণের যথাযথ সংমিশ্রণ। খামারপাড়ার অশ্বিনী ঘোষ এর বাবা বীরেন্দ্রনাথ ঘোষ গত শতকের প্রথমদিকে বাণিজ্যিক ভিত্তিতে শ্রীপুর উপজেলার খামার পাড়া এলাকায় এই দই উৎপাদন শুরু করেন। বর্তমানে অশ্বিনী ঘোষ ও তার ছেলে অসিত ঘোষ তিন পুরুষ ধরে তাদের পৈত্রিক পেশা ধরে রেখেছেন। আর রসগোল্লা হিসেবে বিখ্যাত হলো মাগুরা রাধানগরের রসগোল্লা।
প্যারাসন্দেশ, দুধ মালাই, হাড়িভাঙা, রসমালাই ও কালোজাম এর জন্য সুনাম আছে এম আর রোডের চলন্তিকা হোটেল, রাজশাহী, দিপা সুইট, জলযোগ, ঢাকা রোডের ঝন্টু হোটেল এবং পূর্বশা সিনেমা হল এলাকার সুগন্ধা। মাগুরায় সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে সুগন্ধার মিষ্টি। যার সুখ্যাতি সব জায়গা ছড়িয়ে পড়েছে। এখানের প্যারাসন্দেশ, দুধ মালাই খেতে বেশ সুস্বাধু ও উন্নতমানের।
জামরুল তলা এলাকার দীর্ঘদিনের দই ব্যবসায়ী পলাশ ঘোষের দইয়ের বেশ সুখ্যাতি আছে গোটা জেলা এবং আশপাশের জেলাগুলোতে। পলাশ ঘোষ বলেন, মাগুরার দই, মিষ্টি, ঘি, মাখনের সুখ্যাতি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী মাগুরাতে যখন এসে ছিলেন তখন তিনি আমাদের দই খেয়ে প্রশংসা করেছিলেন। বিবাহ থেকে শুরু করে নানা ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবে আমাদের দই বেশি বিক্রি হয়ে থাকে। কিন্তু এখন দুধ চিনি দাম বৃদ্ধি পাওয়াই আগের মতো লাভ হয় না। পাশাপাশি কেনাবেচা নেই বললেই চলে।
বর্তমানে প্রতিকেজি দইয়ের উৎপাদন খরচ পড়ছে প্রায় ১৬০ টাকা। বিক্রি হচ্ছে পাইকারী ১৮০ দরে। যার খুচরা মূল্য প্রতি কেজি ২০০ টাকা। তবে ক্ষীরের দই ২২০ টাকা থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি করে থাকি।
জামরুল তলা দিপা সুইটস এর স্বত্বাধিকারী প্রলয় মন্ডল বলায় বলেন, প্রতি কেজি প্যারাসন্দেশ, দুধ মালাই, হাড়িভাঙা, রসমালাই ৪৫০ থেকে ৫০০ টাকা করে বিক্রি করি। আমাদের মিষ্টি ঢাকা, খুলনা, যশোরসহ সারাদেশেই এর জনপ্রিয়তা রয়েছে।











































