Home খেলাধুলা খুলনায় ক্রিকেটারদের মিলনমেলা

খুলনায় ক্রিকেটারদের মিলনমেলা

50

স্পোর্টস রিপোর্টার।।
খুলনায় প্রথমবারের মতো ক্রিকেটারদের মিলন মেলা অনুষ্ঠিত হলো। জেলার সাবেক ও বর্তমান সব ক্রিকেটারদের নিয়ে র‌্যালি, রোড শো, সম্মাননাসহ নানা আয়োজন ছিল শুক্রবার দিনব্যাপী। মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহানসহ জাতীয় দলের ক্রিকেটারদের ভিড়ে ছিল নতুন উদীয়মান ক্রিকেটার, ছিলেন প্রবীণ ক্রিকেটাররাও। দারুণ রোমাঞ্চকর সময় কাটিয়ে খুলনার ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় তাদের।

ক্ষুদে, তরুণ, আর প্রবীণ খুলনার সব শ্রেণির ক্রিকেটাররা এবার এক স্থানে। এমন অভাবনীয় দৃশ্য শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় জেলা স্টেডিয়ামের আউটার মাঠে। ছিলেন নারী ক্রিকেটাররাও। ক্রিকেটারর্স ওয়েলফেয়ার অ্যাসেসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের খুলনা শাখার আয়োজনে প্রথম পুনর্মিলনী কার্যত পরিণত হলো ক্রিকেটারদের মিলনমেলায়। মিরাজ, সোহান, মেহেদী, সালমা, রুমানাসহ জাতীয় দলের তারকা ক্রিকেটারদের উপস্থিতি অন্যদের কাছে বাড়তি রোমাঞ্চ জাগায়।

 

সকাল ১১টার কিছু পরে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। নিজেদের এমন আয়োজনকে স্মরণীয় করে রাখতে ক্রিকেটাররা এবার রোড শো এর মাধ্যমে ঘুরেন পুরো খুলনা নগরী। মোটরবাইক, পিকআপ আর প্রাইভেট কারের র‌্যালিটি ছিল পুনর্মিলনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। প্রথমবারের মতো এমন আয়োজনে নস্টালজিক হয়ে পড়েন ক্রিকেটাররা।

জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ বলেন, এমন আয়োজন আমাদের জন্য সত্যিই খুব আনন্দের। এই মাঠ থেকে আমরা ক্রিকেটার হয়েছি, এখানে আমাদের অনেক স্মৃতি। সবাইকে দেখে খুব ভালো লাগছে। আয়োজন যারা করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার নুরুল হাসান সোহান বলেন, জাতীয় দল বা অন্য খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকার কারণে সেভাবে খুলনার মাঠে সময় দেয়া হয় না। কিন্তু এরা সবাই আমার খুব আপন। এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি দিনটা খুবই এনজয় করেছি।

 

নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুনও উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমি সত্যিই অভিভূত। এখানে এসে খুব ভালো লাগছে। পুরোনো অনেকের সঙ্গে দেখা হচ্ছে। সবার সঙ্গে ছবি তুলেছি। সবাইকে নিয়ে অনেক মজা করছি।

মিলনমেলায় যেমন ছিলেন তরুণ ক্রিকেটার, ছিলেন সত্তরের দশক থেকে খেলা ক্রিকেটাররাও। যাদের কেউ এখন অবসরপ্রাপ্ত, কেউ বা অন্য পেশায়, কেউ ক্রিকেটের সঙ্গেই সংশ্লিষ্ট। এমন আয়োজনও স্মৃতি রোমান্থন করেন অনেকে।

আয়োজকরা বলছেন, সবাইকে এক স্থানে আনার পাশাপাশি খুলনার ক্রিকেটকেও এর মাধ্যমে এগিয়ে নেয়া তাদের লক্ষ্য।

প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে খুলনার বর্তমান ও সাবেক মিলে পাঁচ শতাধিক ক্রিকেটার অংশগ্রহণ করেন।