যশোর অফিস।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে নির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্যের মধ্যে বয়সে সবার ছোট আজিজুল ইসলাম। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করে জয়ী হয়েছেন। নবনির্বাচিত এই কনিষ্ঠ সংসদ সদস্যকে পেয়ে খুশি স্থানীয়রা।
সারা দেশে বিজয়ী সংসদ সদস্যদের মধ্যে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে নির্বাচিত আজিজুল ইসলাম বয়সে সর্বকনিষ্ঠ। তার বয়স ২৮ বছর।
আজিজুল তার প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকার প্রার্থী শাহীন চাকলাদারকে নয় হাজার ৫৭৫ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হন।
এমন বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সর্বকনিষ্ঠ এ সংসদ সদস্য। সেই সঙ্গে নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন আজিজুল।
আজিজুল ইসলাম বলেন, ‘মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাদের সমস্যাগুলো সমাধান, এলাকার উন্নয়ন এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে চাই। আমাকে নির্বাচিত করা জন্য সবাই সহযোগিতা করেছেন। আমি এর প্রতিদান দেব। একইসাথে স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী, সংস্কৃতিকর্মীদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই।’
এদিকে ভোটাররা জানিয়েছেন, তাদের ভোটে নির্বাচিত এই সংসদ সদস্য তাদের সুখ-দুঃখে পাশে থাকবেন এটাই প্রত্যাশা। এই অঞ্চলের পরিবর্তন তাকে দিয়েই সম্ভব।
এর আগে নবম জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ আসন থেকে জুনাইদ আহম্মেদ পলক ২৯ বছর বয়সে ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজাম উদ্দিন জলিল ২৭ বছর বয়সে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য ছিলেন।











































