বিশেষ প্রতিনিধি।।
৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন বর্জনের দাবিতে ডাকা ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। এদিকে মিছিল শেষে উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিম শাহরিয়ার ও ছাত্রদল কর্মী সাগর হোসেন নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ এর নেতৃত্বে শহরের হাট চাঁদনী এলাকা থেকে মিছিলটি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নলডাঙ্গা রোডস্থ ভ্যানস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জাবেদ আলী, যুবদলের আহবায়ক সুজা উদ্দিন পিয়াল, যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল টিটো, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তোফাজ্জল হোসেন তপন, যুগ্ম আহবায়ক সোহেল রানা প্রমুখ।
এক সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বক্তব্যে তিনি বলেন, এই নির্বাচন গণতন্ত্র ধ্বংসের নির্বাচন। ভোটে জনগণের কোন প্রয়োজন হবে না। সন্ধ্যায় তল্পিবাহক নির্বাচন কমিশন শুধু ফলাফল ঘোষণা করবে। এই সাজানো ও পাতানো ভোটের খেলায় অংশগ্রহন থেকে সাধারণ মানুষকে বিরত থেকে অবৈধ সরকারের অনাস্থা জানানোর আহবান জানান তিনি।
কালীগঞ্জ থানার এস আই কাবিরুল ইসলাম জানান, অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে।











































