Home Uncategorized ময়মনসিংহে বালুবাহী ট্রাক, ট্রেন সংঘর্ষ: নিহত ৪

ময়মনসিংহে বালুবাহী ট্রাক, ট্রেন সংঘর্ষ: নিহত ৪

26

খুলনাঞ্চল রিপোর্ট।।

ময়মনসিংহের শহরতলী শম্ভুগঞ্জের রঘুরামপুর এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে কমিউটার ট্রেন ও বালুবাহী ড্রাম ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই চার জন নিহত হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহত চারজনের মধ্যে দু’জন ট্রেনের ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে ছিলো এবং অপর দু’জন ড্রাম ট্রাকের চালক ও হেলপার বলে স্থানীয়রা ও পুলিশ জানিয়েছে। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনার পর থেকে ময়মনসিংহ-নেত্রকোনা রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান জানান, নেত্রকোনা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী কমিউটার ট্রেনটি ময়মনসিংহের শহরতলী শ্ভুগঞ্জ স্টেশনের কাছে রঘুরামপুর পৌঁছলে একটি বালু বোঝাই ড্রাম ট্রাক রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিনের সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয় এবং হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যায়।

 

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন জানান, দুপুর দেড়টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে হাসপাতালে নেয়ার সময় আরো একজন মারা যায়। দুর্ঘটনায় ড্রাম ট্রাকটি রাস্তার পাশে দুমড়ে-মচড়ে যায় এবং ট্রেনের ইঞ্জিনের সামনের অংশও দুমড়ে-মচড়ে যায়।

জিআরপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।