হুমকি-ভয়ভীতি দেখানোর অভিযোগ
স্টাফ রিপোর্টার।।
খুলনা-৪ আসনে নৌকার প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে সাধারণ ভোটাদের হুমকি ও ভয়ভীতির প্রদর্শনের অভিযোগ করেছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্ত্তজা রশিদী দারা। বিশেষ করে নির্বাচনি এলাকায় হত্যাসহ একাধিক মামলার আসামি দিঘলিয়া উপজেলার ইউপি চেয়ারম্যান জিয়া গাজী, তেরখাদা উপজেলার দ্বীন ইসালাম ও রূপসা উপজেলার মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে খুলনা নগরীতে নিজের ব্যক্তিগত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
স্বতন্ত্র প্রার্থী দারা বলেন, ‘খুলনা-৪ আসনে ব্যবসায়ী আব্দুস সালাম মূর্শেদীর লোকজন ভীতির পরিবেশ সৃষ্টি করেছেন। তারা প্রান্তিক গরিব জনগোষ্ঠী, হিন্দু সম্প্রদায় ও তৃণমূলের নিরীহ আওয়ামী লীগ কর্মীদের হুমকি দিচ্ছেন। এতে প্রধানমন্ত্রীর সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন বাধাগ্রস্ত হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আব্দুস সালাম মূর্শেদী দলের ত্যাগী নেতাকর্মীদের বিতাড়িত করে সুবিধাভোগী সন্ত্রাসী, মাদক কারবারিদের স্থান দিয়েছেন। তারা প্রতিনিয়ত সাধারণ ভোটারদের হুমকিসহ দেশছাড়া করার হুমকি দিচ্ছে। এর আগে মহানগর যুবলীগের সভাপতির বাড়িতে নৌকার প্রার্থীর লোকজন হামলা চালিয়ে উল্লাস করেছে। তারা নারীদের প্রতি অসৌজন্যমূলক আচরণ করছে। এসব ঘটনায় দুই নারী সহকারী রিটানিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন। ভোট যাকেই দেওয়া হোক সালাম মূর্শেদীকে জয়ী ঘোষণা করা হবে অপ্রচার চালাচ্ছে। যা নির্বাচন কমিশনের আইন ও আচরণবিধি লঙ্ঘণ করছে। হত্যা, সন্ত্রাসী ও মাদক কারবারে সম্পৃক্ত কতিপয় চেয়ারম্যান-মেম্বার ত্রাসের রাজস্ব সৃষ্টি করছে। যা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনকে বাধাগ্রস্ত করবে। তাই নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে তাদের গ্রেফতার ও ভোটারদের নিরাপত্তা দিতে হবে।’
খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ মরহুম এস এম মোস্তফা রশিদী সুজার প্রসঙ্গ তুলে ধরে দারা বলেন, ‘আমার ভাই আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের হৃদয় দিয়ে ভালোবেসেছেন। আজ সেইসব ত্যাগী নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন। বিগত বছরগুলোতে হাইব্রিড সুবিধাভোগীদের দাপটে তারা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। তারা এ অবস্থা থেকে নিস্তার চান।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রার্থীর নির্বাচনি সমন্বয়ক সাবেক জেলা আওয়ামী লীগ নেতা হুমায়ূন কবির ববি, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা প্রমুখ।
অভিযোগ সর্ম্পকে জানতে চাইলে সংসদ সদস্য প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়, তিনি কোনো তথ্য প্রমাণ দিতে পারবেন না। আমি নির্বাচন আচরণবিধি অনুযায়ী প্রচারণা চালাচ্ছি ।











































