Home খেলাধুলা হারের ম্যাচে ‘নায়ক’ সৌম্য

হারের ম্যাচে ‘নায়ক’ সৌম্য

40

স্পোর্টস ডেস্ক

পুরো ইনিংসে একপাশ আগলে রাখলেন সৌম্য সরকার। নিজে রেকর্ড গড়া সেঞ্চুরি করলেন। কিন্তু তাকে ক্রিজে কেউই লম্বা সময় সঙ্গ দিতে পারলো না। তবে শেষ পর্যন্ত দলকে লড়াইয়ের পুঁজিই এনে দেন সৌম্য। কিন্তু তার একক নৈপুণ্য হার মানলো স্বাগতিকদের দলীয় পারফরমেন্সের কাছে। গতকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৭ উইকেটে হার দেখে বাংলাদেশ। তবে দল হারলেও ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠে সৌম্য সরকারের হাতে। নেলসনে আগে ব্যাট করে ২৯১ রানে থামে বাংলাদেশের ইনিংস। ব্যাট হাতে ১৬৯ রানের অসাধারণ ইনিংস খেলেন সৌম্য সরকার। জবাবে ২২ বল ও ৭ উইকেট অক্ষত রেখে জয় পায় নিউজিল্যান্ড।

 

এই হারে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুঁইয়েছে টাইগাররা। নিউজিল্যান্ডের মাটিতে টানা ১৯ ওয়ানডে হারলো বাংলাদেশ।
নেলসনের স্যাক্সটন ওভালে ১৬৯ রানের ইনিংস খেলে একাধিক রেকর্ডে নাম উঠেছে সৌম্য সরকারের। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে এশিয়ার কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংস এটি। এতে সৌম্য ভেঙে দিয়েছেন কিংবদন্তির ব্যাটার শচীন টেন্ডুলকারের রেকর্ড। ২০০৯’র নিউজিল্যান্ড সফরে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ক্রাইস্টচার্চে ১৬৩ রানের ইনিংস খেলেন ভারতীয় লিটল মাস্টার। ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এখন সৌম্য সরকারের। তিনি ছাড়িয়ে গেছেন তামিম ইকবালের ১৫৮ রানের ইনিংসকে। এ তালিকার শীর্ষে লিটন কুমার দাস। ২০২০ সালের মার্চে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৬ রানের ইনিংস খেলেন লিটন।

গতকাল একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডেরও অংশ হয়েছেন সৌম্য সরকার। ওয়ানডে ইতিহাসে ১৬৯ বা এর বেশি রানের ইনিংসের পরও পরাজিত দলে থাকার ঘটনা ছিল এর আগে ৭টি, যার মধ্যে ৪টি প্রথম ইনিংসে। সৌম্য ঢুকে গেছেন দুই তালিকাতেই।

এদিন ২৯১ রান তাড়া করতে নেমে রাচিন রবীন্দ্র ও উইল ইয়ংয়ের ব্যাটে ঝড়ো শুরু পায় নিউজিল্যান্ড। প্রথম ১০ ওভারের পাওয়ার প্লেতে স্কোরবোর্ডে জমা হয় ৬১ রান। ৭ ইনিংস পর বাংলাদেশের বিপক্ষে ওপেনিংয়ে ৫০ রানের জুটির দেখা পায় নিউজিল্যান্ড। দলীয় ৭৬ রানে রাচিন অভিষিক্ত টাইগার ক্রিকেটার রিশাদ হোসেনের দুর্দান্ত ক্যাচ হয়ে সাজঘরে ফিরলে ভাঙে তাদের জুটি। ফেরার আগে ৩৩ বলে ৭ চার ও এক ছক্কায় ৪৫ রান করেন তিনি।
এরপর হেনরি নিকোলসকে নিয়ে নতুন উদ্যমে পথচলা শুরু করেন ইয়ং। ১৭তম ওভারেই দলীয় রান ১০০ পূর্ণ হয় নিউজিল্যান্ডের। বাংলাদেশ যেটা ১০০ ছুঁয়েছিল ২৩তম ওভারে। এর মধ্যে ৫১তম বলে ফিফটি পূর্ণ করেন ইয়ং। আর নিকোলসের ফিফটি পূর্ণ হয় ৬৪তম বলে। আগের ম্যাচে সেঞ্চুরি করা ইয়ং এই ম্যাচেও ছিলেন সাবলীল। কিন্তু তাকে ১১ রান দূরত্বে থামান হাসান মাহমুদ। ৩৩তম ওভারে উড়িয়ে মারতে গিয়ে ফিরতি ক্যাচ দেন ইয়ং। ৯৪ বলে ৮ চার ও ২ ছক্কায় ৮৯ রান করেন তিনি।

সেঞ্চুরি মিস করেন নিকোলসও। ব্যক্তিগত ৯৫ রানে শরিফুলকে পুল করতে গিয়ে মিড উইকেটে রিশাদের হাতে ধরা পড়েন তিনি। এরপর আর কোনো বিপদ হতে দেননি অধিনায়ক টম ল্যাথাম ও উইকেটরক্ষক-ব্যাটার টম ব্লান্ডেল। দুজনে মিলে ৩২ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলের জয় নিশ্চিত করেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ প্রথম ১০ ওভারের মধ্যেই চাপে পড়ে। বরাবরের মতো টপ অর্ডার দায়িত্ব নিতে ব্যর্থ। অল্পতেই একে একে ফিরে যান এনামুল হক বিজয় (২), নাজমুল হোসেন শান্ত (৬) ও লিটন কুমার দাস (৬)। ব্যাটিং সহায়ক উইকেটে নতুন বলেও পেসাররা সুইং পাচ্ছিলেন না তেমন। কিন্তু সেখানেও উইকেট ছুড়ে দিয়ে আসেন বাংলাদেশি ব্যাটাররা। ইনিংসের বেশিরভাগ সময় দলের রানের অর্ধেকের বেশি ছিল সৌম্যের। পুরো ইনিংসে তার সঙ্গে বাকিদের পার্থক্য ফুটে ওঠে স্পষ্টভাবে।

সৌম্যকে সবচেয়ে ভালো সঙ্গ দেন তাওহীদ হৃদয়। স্ট্রাইক রোটেট করে দারুণ খেলছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যজনক রানআউটে কাঁটা পড়ে হৃদয়ের উইকেট। সৌম্যর স্ট্রেইট ড্রাইভ কিউই বোলার জশ ক্লার্কসনের বুট ছুঁয়ে নন-স্ট্রাইক প্রান্তের স্টাম্প যখন ভেঙে দেয় তখন ক্রিজের বাইরে ছিলেন হৃদয়।
এরপর পঞ্চম ও ষষ্ঠ উইকেটে মুশফিকুর রহীমের সঙ্গে ৯১ আর মিরাজকে নিয়ে ৬১ রানের জুটি গড়েন সৌম্য। তবে মুশফিক আর মিরাজ দুজনেই উইকেট দেন বাজে শটে। পেসার ডাফির ভিতরে ঢোকা বল খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় মুশফিক। ৫৭ বলের ইনিংসে মুশফিক করেন ৪৫ রান। মুশফিক আউট হওয়ার পর কিছুটা মনোযোগ হারান সৌম্য। দুইবার ক্যাচ দিয়ে বেঁচে যান তিনি। ৯২ রানে তার সহজ ক্যাচ ফেলেন ইয়ং। তবে সুযোগ হাতছাড়া করেননি সৌম্য, ১১৬ বলে পূর্ণ করেন ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। আন্তর্জাতিক ওয়ানডেতে ৫ বছর পর সেঞ্চুরি পেলেন এ বাঁহাতি ব্যাটার। সর্বশেষ ২০১৮ সালের অক্টোবরে তিন অঙ্কের ইনিংস খেলেন তিনি। সেঞ্চুরি পূর্ণ হওয়ার পর বিধ্বংসী হয়ে ওঠেন সৌম্য। কিউই স্পিনার-পেসারদের রীতিমতো তুলোধুনো করে পরের ৩৫ বলে তার ব্যাট থেকে আসে ৬৯ রান।

শেষ ওভারের প্রথম বলে আউট হন সৌম্য। এতে আরেক কীর্তি বিমুখ থাকেন তিনি। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের কোনো খেলোয়াড়ের ‘ক্যারি দ্য ব্যাট থ্রু দ্য ইনিংস’ নজির রয়েছে একটিই। তবে তা পূর্ণ ৫০ ওভারে নয়। ২০০১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ২৩০ রান তাড়া করে ১০১ রানে অলআউট হয় বাংলাদেশ। ওপেন করতে নেমে ইনিংসের শেষ পর্যন্ত (৩০.৪ ওভার) টিকে থাকেন জাভেদ ওমর বেলিম।