ঢাকা অফিস।।
সরকার পতনের একদফা দাবিতে ভোট বর্জনের আহ্বানের পাশাপাশি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো। দেশবাসীকে সব ধরনের ভ্যাট-ট্যাক্স, ইউটিলিটি বিল প্রদান স্থগিত ও মামলার হাজিরা না দিয়ে সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়েছেন তারা। এদিকে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে ২১, ২২ ও ২৩শে ডিসেম্বর তিনদিন লিফলেট বিতরণ ও একদফার দাবিতে ২৪শে ডিসেম্বর সকাল-সন্ধ্যা সারা দেশে সর্বাত্মক অবরোধ কমসূচি ডেকেছে বিএনপি। একই কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত, এলডিপিসহ যুগপৎ আন্দোলনে থাকা সমমনা শরিক দলগুলো। গতকাল দুপুরে অসহযোগ আন্দোলন কর্মসূচি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বক্তব্য দেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে ভার্চ্যুয়ালি সংবাদ সম্মেলন করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে অসহযোগ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে আজ থেকে অবৈধ সরকারকে সব ধরনের অসহযোগিতা শুরু করার বিকল্প নেই। জনগণের ভোটে একটি অংশগ্রহণমূলক গণতান্ত্রিক সাংবিধানিক তথা জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান অবৈধ সরকারকে আর কোনো রকমের সহযোগিতা না করার জন্য প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং গণতন্ত্রকামী দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানাই। আপনারা আগামী ৭ই জানুয়ারির ‘ডামি নির্বাচন’ বর্জন করুন। ‘নির্বাচনের নামে’ ৭ই জানুয়ারির ‘বানর খেলার আসরে অংশ নেবেন না।
আপনারা কেউ ভোটকেন্দ্রে যাবেন না। নির্বাচন কমিশন ৭ই জানুয়ারি কাকে এমপি ঘোষণা করবে গণভবনে সেই তালিকা তৈরি হয়ে গেছে। সুতরাং, ৭ই জানুয়ারির ‘ডামি নির্বাচনে’ ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকুন। বর্তমান অবৈধ সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন। ব্যাংকগুলো এই অবৈধ সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম। সুতরাং ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কিনা সেটি ভাবুন। মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্ত লাখ লাখ রাজনৈতিক নেতাকর্মী আজ থেকে আদালতে মামলায় হাজিরা দেয়া থেকে বিরত থাকুন। আপনাদের প্রতি সুবিচার করার আদালতের স্বাধীনতা ফ্যাসিবাদী সরকার কেড়ে নিয়েছে। জনগণের আন্দোলনের ফলে দেশে সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে এসব অসহযোগিতায় ক্ষতিগ্রস্তরা যথাযথ ক্ষতিপূরণ এবং সুবিচার পাবেন। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের অনেক সাথী জীবন দিয়েছেন, গুম হয়েছেন, বন্দি ও আহত হয়েছেন। কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই চলছে ও চলবে। জনগণের গণতান্ত্রিক আন্দোলন ও লড়াইয়ের বিজয় অবশ্যম্ভাবী ও অনিবার্য।
ভোট বর্জন ও অসহযোগের ডাক জামায়াতেরও: এদিকে সরকার পতনের একদফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে জামায়াতও। একইসঙ্গে ২১ থেকে ২৩শে ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং ২৪শে ডিসেম্বর দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী মহাজোট সরকার ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। জনগণ এ সরকারকে ভোট দেয়নি। অবৈধ স্বৈরাচারী সরকার জোর করে ক্ষমতায় থাকার জন্য আবারো ২০১৪ ও ২০১৮’র স্টাইলে প্রহসনের নির্বাচনের জন্য যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করেছে। তারা আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে একতরফা নির্বাচনের ফরমায়েশি তফসিল ঘোষণা করিয়েছে। দেশবাসী ঘৃণাভরে এই ফরমায়েশি তফসিল প্রত্যাখ্যান করেছে। তিনি আরও বলেন, জনগণ স্বৈরাচারী সরকারের পাতানো ও তামাশার নির্বাচন বর্জন করে বিরোধী দলের সঙ্গে ঐকমত্য পোষণ করেছে। জনগণ জামায়াতসহ বিরোধী দল ঘোষিত অবরোধ ও হরতাল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে এ সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছে।
তিনদিন লিফলেট বিতরণ ও ২৪শে ডিসেম্বর অবরোধ: ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়ে তুলতে ঢাকাসহ দেশব্যাপী লিফলেট বিতরণ করবে বিএনপি। সেই লক্ষ্যে ২১শে ডিসেম্বর থেকে ২৩শে ডিসেম্বর লিফলেট বিতরণ ও সরকার পতনের একদফা দাবিতে ২৪শে ডিসেম্বর সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকালে ভার্চ্যুয়ালি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি। এদিকে রাজধানীর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একই কর্মসূচি ঘোষণা করেন এলডিপি’র চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। পৃথক বিবৃতিতে একই কর্মসূচি ঘোষণা করেছে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা শরিক দল ও জোটগুলো।
এর আগে গত ২৮শে অক্টোবর মহাসমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে ও সরকার পতনের একদফা দাবিতে ২৯শে অক্টোবর থেকে চারদফায় ৫দিন হরতাল ও ১১ দফায় ২২ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপিসহ সমমনা দলগুলো।
কর্মসূচি বাস্তবায়নে বিএনপি’র নানা প্রস্তুতি: এদিকে অসহযোগ আন্দোলনসহ ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে নানা প্রস্তুতি নিয়েছে বিএনপি। প্রায় প্রতিদিনই ঢাকার দুই মহানগর ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা ভার্চ্যুয়ালি বৈঠক করছেন। গতকাল সন্ধ্যা রাতে ঢাকা বিভাগীয় নেতাদের সঙ্গে ভার্চ্যুয়ালি বৈঠক করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, আন্দোলন বাস্তবায়নে আসনভিত্তিক জোন ভাগ করে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এছাড়া অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে হরতাল-অবরোধের ফাঁকে ফাঁকে লিফলেট বিতরণসহ প্রচারণা চালাবে বিএনপি। এছাড়া ৭ই জানুয়ারির একতরফা নির্বাচন বর্জনের জন্য সাধারণ মানুষ ও ভোটারদের উদ্বুদ্ধ করবে তারা। আজ বৃহস্পতিবার থেকেই এই কর্মসূচি শুরু করবে তারা। রাজধানীর বিভিন্ন মার্কেট, দোকানপাট, বাস, ট্রেন ও লঞ্চ স্টেশনসহ জনবহুল এলাকায় লিফলেট বিতরণ করা হবে। শুক্র ও শনিবারও একই কর্মসূচি চলবে। রোববার সকাল-সন্ধ্যা দেশব্যাপী অবরোধ পালন করবেন তারা। ২৫শে ডিসেম্বর সোমবার বড়দিন উপলক্ষে বিরতি দিয়ে ২৬শে ডিসেম্বর থেকে ফের হরতাল-অবরোধের ঘোষণা আসতে পারে। ধাপে ধাপে আন্দোলনের কঠোরতা বাড়াবে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে জামায়াতসহ ডান-বাম দলগুলোকে সঙ্গে নিয়ে একমঞ্চে কর্মসূচি পালনের কথা ভাবছেন তারা। বিএনপি’র নীতি-নির্ধারণী ফোরামের এক নেতা জানান, ৩১শে ডিসেম্বর পর্যন্ত চলমান কর্মসূচিতে থাকবে বিএনপি। জানুয়ারির শুরুতে দেশব্যাপী কঠোরভাবে কর্মসূচি পালন করা হবে।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চলমান আন্দোলনে বিএনপি’র আজকের ঘোষণা নতুন করে এই সত্য প্রতিষ্ঠা করেছে যে, বিএনপি একটি উদারপন্থি রাজনৈতিক দল যারা ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ প্রক্রিয়ায় আস্থাশীল হয়ে তাদের প্রতিবাদ ও আন্দোলন পরিচালনা করে থাকে। তিনি আরও বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই কেবল এদেশে গণতন্ত্র ফিরে আসতে পারে যা অর্জন করার উদ্দেশ্যে বিএনপি’র প্রতিটি নেতাকর্মী আজ রাজপথে নেমেছেন। বিএনপি’র জন্য নয়, কোনো ব্যক্তির জন্য নয়, বরঞ্চ এদেশের সকল মানুষের মৌলিক ভোটের অধিকার তথা সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সংগ্রাম অর্জন না হওয়া পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন চলতেই থাকবে। সুত্র-মানবজমিন











































