Home আঞ্চলিক খাওয়ানোর প্রস্তাবে অস্বীকৃতি, রাবি শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতার মারধর

খাওয়ানোর প্রস্তাবে অস্বীকৃতি, রাবি শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতার মারধর

32

খুলনাঞ্চল রিপোর্ট
দশজনকে রান্না করে খাওয়ানোর প্রস্তাবে অস্বীকৃতি জানানোয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধর ও হুমকি প্রদানের অভিযোগ উঠেছে হলের দায়িত্বপ্রাপ্ত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নিজের নিরাপত্তা চেয়ে হল প্রাধ্যক্ষ বরাবর মঙ্গলবার লিখিত অভিযোগ দিয়েছেন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের গেস্ট রুমে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী তাসকিফ আল তৌহিদ। তিনি লতিফ হল শাখা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা এবং শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অনুসারী।

অন্যদিকে ভুক্তভোগী মফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি নবাব আব্দুল লতিফ হলের ১০৪ নম্বর কক্ষের আবাসিক ছাত্র।

ছাত্রলীগ নেতা তাসকিফ বলেন, এটা রাজনৈতিক ষড়যন্ত্র। হল প্রাধ্যক্ষ এ বিষয়ে সবকিছু জানেন।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক এএইচএম মাহবুবুর রহমান বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে উভয়পক্ষের সঙ্গে বসে বিষয়টির সমাধান করা হয়েছে। যতদিন পর্যন্ত ওই শিক্ষার্থী হলে থাকবে ততদিন পর্যন্ত তাকে বিরক্ত করবে না, এটাও বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, অভিযোগের বিষয়ে হল প্রাধ্যক্ষের সঙ্গে কথা বলেছি। দুই পক্ষকে ডেকে তিনি এটার মীমাংসা করে দিয়েছেন বলে জানিয়েছেন। তবুও যদি হল প্রশাসন এটা সমাধান না করতে পারে, তাহলে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।