মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
৪র্থবারের মত নৌকা প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। বুধবার সকাল থেকে মোংলা পোর্ট পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের বন্দর ও শিল্প এলাকা এবং বুড়িরডাঙ্গা ইউনিয়নে প্রচারণা চালান তিনি। এ সময় তিনি বন্দর সিবিএ ও বুড়িরডাঙ্গা ইউনিয়নের জনসাধারণের সাথে পৃথক নির্বাচনী পথসভা ও উঠান বৈঠক করেন।
তিনি বলেন, পরপর তিনবার নৌকা প্রতীকে ভোট দিয়ে মোংলা-রামপালের (বাগেরহাট-০৩ আসনের) মানুষ তাকে নির্বাচিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আবারো ৪র্থবারের মত নৌকা প্রতীক দিয়েছেন, তাই মোংলা বন্দরসহ এ এলাকার যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তাতে জনগণ আবারো নৌকায় স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবেন।
নির্বাচনী প্রচারণাকালে তার সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম ও আওয়ামী নেতা বেল্লাল হোসেন।











































