স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনাকে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জিতিয়েছেন। গত বছরের ১৮ ডিসেম্বর কাতারে ক্যারিয়ারের একমাত্র অপ্রাপ্তি ঘোচান লিওনেল মেসি। এরপর থেকেই বেশ ফুরফুরে মেজাজে আছেন এই মহাতারকা।
অনেকেই মেসিকে সে সময় বুট জোড়া তুলে রাখার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু মেসি শুনেছেন নিজের হৃদয়ের কথা। নিজে শিরোপা জিতে আর্জেন্টিনারও অপেক্ষার পালা শেষ করেন। গতকাল আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জয়ের এক বছর পূর্ণ হয়েছে।
বিশ্বজয়টা মেসি অবশ্য উপভোগ করছেন নিজ শহর রোজারিওতে। গত রোববার স্ত্রী-সন্তানসহ জন্মশহরে এসেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ফ্লোরিডা থেকে ব্যক্তিগত বিমানে ফিশারটন বিমানবন্দরে নামেন মেসি।
মূলত বড়দিনের ছুটি কাটাতে এলেও এবার একটি বিশেষ অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন মেসি। তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর ছোট বোন কার্লার বিয়ের অনুষ্ঠান রয়েছে সামনে।
আগামী ২৩ ডিসেম্বর সেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আর্জেন্টাইন কিংবদন্তি। বিয়ে ও বড়দিনের ছুটি কাটিয়ে মেসি মায়ামিতে ফিরে যাবেন। এরপর ইন্টার মায়ামির হয়ে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করবেন ‘এলএম টেন।’











































