Home খেলাধুলা মেসির মতো উদযাপন নিয়ে যা বললেন টাইগার অধিনায়ক

মেসির মতো উদযাপন নিয়ে যা বললেন টাইগার অধিনায়ক

32

 ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশের যুবারা। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ার সেরা তকমা পেয়েছে জুনিয়র টাইগাররা। ম্যাচ শেষে শিরোপার মঞ্চে ‘মেসির’ মতো উদযাপন করেন টাইগার দলপতি মাহফুজুর রহমান রাব্বি।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ট্রফি হাতে পেয়ে যেভাবে উদযাপন করেছিলেন, একইরকম বাচ্চা দোলানো ভঙ্গিতে উদযাপন করেছেন টাইগার দলপতি। এরপর থেকেই আলোচনায় রয়েছে তার উদযাপনটি।

সোমবার দেশে ফেরার পর এমন উদযাপনের রহস্য জানিয়েছেন টাইগার দলপতি, ‘আসলে কাউকে অনুসরণ করা না। আর আমি ব্রাজিল সমর্থন করি। মেসির উদযাপনটা করার কারণ হচ্ছে, এটা আমার দল খুব উপভোগ করে। এজন্য উদযাপনটা করা।’

তাহলে কি দলের বাকিরা আর্জেন্টিনার সমর্থক হওয়ায় মাহফুজুরের এমন উদযাপন? এখানে ‘না’ উত্তর তার, ‘না আর্জেন্টিনার সমর্থক না। কিন্তু এই জিনিসটা করলে সবাই খুব চাঙা থাকে।’

এরপর মাহফুজুরের কাছে প্রশ্ন ছুটে যায়, মেসির মতো ট্রফি নিয়ে ঘুমিয়েছিলেন কিনা? উত্তরটা তার মুখে শোনা যাক, ‘ট্রফিটা আমার কাছেই ছিল। আমার কাছেই আছে। ফাইনাল ম্যাচের আগের দুইদিন খুব স্ট্রাগল করেছি, তাই যখন পেয়েছি, জিনিসটা আমার কাছে ছিল।’