Home খেলাধুলা বদলে গেল ক্লাব বিশ্বকাপের ফরম্যাট

বদলে গেল ক্লাব বিশ্বকাপের ফরম্যাট

35

স্পোর্টস ডেস্ক

বদলে গেল ক্লাব বিশ্বকাপের ফরম্যাট। প্রতি বছর অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টের নতুন ফরম্যাট ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২৫ সালে প্রথমবারের মত নতুন ফরম্যাটে আয়োজিত এই ক্লাব বিশ্বকাপে ইউরোপিয়ান জায়ান্টস রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটির মত দলগুলো অংশ নেবে।

যুক্তরাষ্ট্রে ২০২৫ সালের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বর্ধিত কলেবরের এই টুর্নামেন্টে প্রথমবারের মত অংশ নেবে ৩২টি দল। আটটি গ্রুপে বিভক্ত হয়ে দলগুলো খেলবে। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল শেষ ষোলোতে খেলার যোগ্যতা অর্জন করবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ক্লাবগুলো বিশ্ব ফুটবলে মূল ভূমিকা পালন করে। ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপ এ কারণেই সব কনফেডারেশনের শীর্ষ ক্লাবগুলোকে বিশ্বমঞ্চে খেলার একটি সুযোগ করে দিচ্ছে। এর মাধ্যমে খেলোয়াড়রা ক্লাবের জার্সিতে সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলার সুযোগ পাচ্ছে।’

আসন্ন এই টুর্নামেন্টে উয়েফা (ইউরোপ) থেকে ১২টি দল, কনমেবল (দক্ষিণ আমেরিকা) থেকে ছয়টি, সিএএফ (আফ্রিকা), এএফসি (এশিয়া) ও কনকাকাফ (উত্তর আমেরিকা) থেকে চারটি এবং ওএফসি (ওশেনিয়া) থেকে একটি করে দল অংশ নিবে।