Home খেলাধুলা লিগ টেবিলের শীর্ষস্থান হারাল লিভারপুল

লিগ টেবিলের শীর্ষস্থান হারাল লিভারপুল

32

স্পোর্টস ডেস্ক

জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে গোল শূন্য ড্র করে শীর্ষস্থান হারিয়েছে লিভারপুল। অন্যদিকে অপর ম্যাচে ব্রাইটনকে ২-০ গোলে হারিয়ে টেবিল টপার এখন আর্সেনাল।

অ্যানফিল্ডে শেষ দুই ম্যাচে হার তো বটেই, ১১ গোল হজম করেছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। এর মাঝে লিগে বোর্নমাউথের বিপক্ষে হোম ম্যাচে হার, বায়ার্নের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায়ে রেড ডেভিলদের নিয়ে সমালোচনার ঝড় উঠেছিলো।

সেই সঙ্গে ব্রুনো ফার্নান্দেজের মত একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়াই গতকাল খেলতে নেমেছিলো টেন হাগের দল। বিপরীতে ফর্মের তুঙ্গে থাকা মোহাম্মদ সালাহর দল। যদিও ম্যাচ মাঠে গড়ানোর পর দেখা যায় বিপরীত চিত্র।

এদিন ম্যানচেস্টার গোলরক্ষক আন্দ্রে ওনানার বীরত্বে গোলের সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করেন ভার্জিল ফন ডাইক। সুযোগ এসেছিলো সফরকারীদেরও। তবে তা কাজে লাগাতে ব্যর্থ রাসমুস হয়লুন্ড। এখানেও বাধার দেয়াল লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার।

ইউনাইটেড কোচ এরিক টেন হাগের স্বস্তির মাঝে অস্বস্তি বলতে ম্যাচের অন্তিম সময়ে দিয়োগো ডালটের লাল কার্ড। এ ম্যাচের আগেই অবশ্য পয়েন্ট টেবিলের একনম্বরে উঠে গেছে আর্সেনাল। গত সপ্তাহে অ্যাস্টন ভিলার কাছে হারা গানারদের জন্য যা দারুণ প্রত্যাবর্তন।