Home খেলাধুলা পাকিস্তানকে লজ্জায় ডুবিয়ে অস্ট্রেলিয়ার জয়, লায়নের অনন্য কীর্তি

পাকিস্তানকে লজ্জায় ডুবিয়ে অস্ট্রেলিয়ার জয়, লায়নের অনন্য কীর্তি

25

 স্পোর্টস ডেস্ক

পার্থে দারুণ এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার নাথান লায়ন। তবে তিনি বল করতে আসার আগেই ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারী পাকিস্তান। তবে নিজের দিকে থাকা সব আলো কেড়ে নিতে ভুল করেননি লায়ন। পাকিস্তানকে বিধ্বস্ত করার দিনে সাদা পোশাকের ক্রিকেটে তিনি স্পর্শ করেছেন ৫০০ উইকেটের মাইলফলক।

রোববার অস্ট্রেলিয়ার দেওয়া ৪৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান। অস্ট্রেলিয়ার জয় ৩৬০ রানে।

১৯৯৫ সালের পর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে কখনো জয় পায়নি সফরকারী পাকিস্তান। এটি টানা ১৫তম হার পাকিস্তানের।

রেকর্ড রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় পাকিস্তান। দলীয় ও ব্যক্তিগত ২ রানের সময় ড্রেসিংরুমে ফেরেন আবদুল্লাহ শফিক। শুরুর সেই ধাক্কা আর পরে সামলাতে পারেননি পাকিস্তানের ব্যাটাররা।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৮৯ রানে অলআউট হয়েছে পাকিস্তান। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন শাকিল। দুই অজি পেসার স্টার্ক ও হ্যাজলউড নিয়েছেন ৩টি করে উইকেট।

এদিকে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেয়ার পথে রেকর্ড গড়েছেন নাথান লায়ন। অস্ট্রেলিয়ার তৃতীয় বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি।

পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে লায়নের দরকার ছিল কেবল এক উইকেট। ফাহিম আশরাফকে লেগ বিফরের ফাঁদে ফেলে কীর্তিটি গড়েন এ অফ স্পিনার।