Home খেলাধুলা শান্তদের কিছুটা দুর্ভাগা মনে হয়েছে: ইয়ং

শান্তদের কিছুটা দুর্ভাগা মনে হয়েছে: ইয়ং

33

ক্রীড়া প্রতিবেদক

হার দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। রোববার ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডেতে কিউইদের কাছে বৃষ্টি আইনে ৪৪ রানে হেরেছে টিম টাইগার্স। এতে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকল নাজমুল হোসেন শান্তর দল।

এদিন ডানেডিনের ইউনিভার্সিটি ওভালের মাঠে তিন ধাপে বৃষ্টি হানা দিয়েছে। টসের পর প্রথম দফায় এক ঘণ্টা ১০ মিনিট দেরিতে শুরু হয়েছিল ম্যাচ। সে যাত্রায় ওভার কমেছিল চারটি। দ্বিতীয় দফা আবার বৃষ্টি নামে ম্যাচের ১৪তম ওভারে। তখন আরো ছয় ওভার কমানো হয়।

তৃতীয় ধাপে বৃষ্টির পর আবার যখন খেলা শুরু হয়, তখন ম্যাচ নেমে আসে ৩০ ওভারে। তখন জানানো হয়, একজন বোলার ছয় ওভারের বেশি বোলিং করতে পারবেন না। বাংলাদেশ দলের মূল দুই পেসার শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানের কোটার তখন আর এক ওভার করে বাকি।

খেলা শুরু হওয়ার পর আরেক পেসার হাসান মাহমুদ নিজের অসমাপ্ত ষষ্ঠ ওভার শেষ করেন। বাকি বোলিংয়ের হিসাব মেলাতে হয়েছে মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার ও আফিফ হোসেনদের দিয়ে।

একে তো মাঠ ছোট তার ওপর নিউজিল্যান্ডের হাতে তখন আরো ৮ উইকেট―তিনজনের ওপর দিয়েই ঝড় বইয়ে দেন টম লাথাম ও উইল ইয়াং। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড ওপেনার ইয়ং জানিয়েছেন, এ জন্য তার কাছে বাংলাদেশকে কিছুটা দুর্ভাগা মনে হয়েছে।

কিউই ওপেনার আরো বলেন, ‘তারা (বাংলাদেশ) শুরুতে অনেক ভালো বোলিং করেছে। সুইং পেয়েছে। যেখানে সফরকারী দলের জন্য এখানকার কন্ডিশনে ঠিকঠাক লেংথ খুঁজে পাওয়া একটু কঠিন। তবে মূল বোলারদের বোলিং যখন শেষ হয়ে যায়, ওই সময় শেষ ১০ ওভার কঠিন ছিল বাংলাদেশের জন্য। এখানে বাংলাদেশকে আমার কাছে কিছুটা দুর্ভাগা মনে হচ্ছে।’