ঢাকা অফিস।।
বর্তমান সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে বাংলাদেশ কংগ্রেস। কিন্তু, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ না পেলে দলটির ১২১ জন প্রার্থী যেকোনো সময় মনোনয়ন প্রত্যাহার করে নিতে পারেন বলে হুমকি দিয়েছেন।
শনিবার (১৬ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন এ হুমকি দেন।
তিনি বলেন, সরকার ক্ষমতাকে আরও দীর্ঘায়িত করতে বানরের রুটি ভাগের মতো যেভাবে সংসদের আসন ভাগাভাগি করছে, তাতে নির্বাচন সুষ্ঠু হবে না বলে আমরা আশঙ্কা করছি। আমরা এই ভাগাভাগির মধ্যে নেই। আমরা চাই, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুত পরিবেশ না পেলে বাংলাদেশ কংগ্রেসের শতাধিক প্রার্থীর নির্বাচন থেকে সরে আসা ছাড়া কোনো বিকল্প থাকবে না।
তিনি বলেন, আমরা কারো ক্ষমতার সিঁড়ি হতে নির্বাচনে আসিনি বা কাউকে বৈধতা দেওয়ার লিজ নিইনি। আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকলে আমাদের মাধ্যমেই তাদের বৈধতা হাসিল হবে। তাই, নির্বাচনের পরিবেশ শতভাগ নিশ্চিত করতে হবে। না হলে আমাদের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেবে।
ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা প্রতিনিয়তই আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের মহোৎসবে মেতে উঠেছে, অভিযোগ করে অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন বলেন, তাদের এমন কর্মকাণ্ডে মূলত নির্বাচনের নামে তামাশার খেলা চলছে বলেই প্রতীয়মান হচ্ছে। তাদের এমন নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করছে সরকার নিয়ন্ত্রিত স্থানীয় প্রশাসন। প্রশাসনের এমন একচোখা নীতি ও আচরণের ফলে কার্যত নির্বাচন কমিশনের সকল নির্দেশনাই বাগাড়ম্বর বলে মনে হচ্ছে।
সংবাদ সম্মেলনের বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল মোর্শেদ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক কামরুজ্জামান বাবলুসহ অর্ধশত সংসদ সদস্য পদপ্রার্থী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকে নির্বাচন করতে ১৪০ জনকে দলীয় মনোনয়ন দিয়েছিল। যাচাই-বাছাই শেষে ১২১ জন চূড়ান্তভাবে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনি মাঠে রয়েছেন।










































