স্পোর্টস ডেস্ক।।
সবশেষ ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে চরম ভরাডুবি হয়েছে বাংলাদেশ দলের। এতে প্রথম দল হিসেবে বিশ্বকাপের ত্রয়োদশ আসর থেকে সবার আগে বিদায় নেয় টিম টাইগার্স। এরপর থেকে নানাভাবে সমালোচিত হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বিশ্বকাপ ব্যর্থতা ভুলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে সিলেটে দুর্দান্ত জয় তুলে নিয়েছে টাইগাররা। তবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর টেস্টে হারের তেতো স্বাদ পেয়েছে স্বাগতিকরা।
ঢাকা টেস্টে হারের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটারে) বাংলাদেশকে খোঁচা মেরে একটি পোস্ট শেয়ার করেন হার্শা ভোগলে। তিনি বলেন, ‘মাঝে মাঝে নিজের জালে মাকড়সা নিজেই আটকে যায়।’
পোস্টটিতে তিনি বুঝিয়েছেন, ম্যাচ জেতার জন্য নিজেদের পছন্দের উইকেট বানিয়ে সেই ফাঁদে আটকা পড়েছে বাংলাদেশ নিজেই। তবে বাংলাদেশকে এমন ইট মেরে স্বস্তিতে থাকতে পারেননি হার্শা, উল্টো পাটকেলও খেতে হয়েছে ভারতীয় এ ধারা ভাষ্যকারকে।
বিশ্বকাপ ফাইনালে ভারতও একই কাজ করেছে উল্লেখ করে উল্টো হার্শাকেই ধুয়ে দিয়েছেন নেটিজেনরা। গত ১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়াকে আটকাতে নিজেদের পছন্দের ধীরগতির উইকেট বানিয়েছিল ভারত। কিন্তু শেষ পর্যন্ত সেই পিচেই অজিদের বিপক্ষে হেরে শিরোপা খুইয়েছে রোহিত শর্মারা।
হার্শার কমেন্টের মন্তব্যে ক্রিকেট সমর্থকরা সেই কথাই স্মরণ করিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, ‘এই পোস্টটি ১৯ নভেম্বর করা দরকার ছিল।’ আরেক সমর্থক লিখেছেন, ‘হ্যা, একই ঘটনা আমরা বিশ্বকাপ ফাইনালেও দেখেছি।’ আরেক এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘হ্যা, বিশ্বকাপ ফাইনালের মতই যেখানে মাকড়সা সহজেই ম্যাচটি জিতে নিতে পারত!’











































