ক্রীড়া প্রতিবেদক।।
ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশ দলের। এরপর থেকেই দেশের ক্রিকেট নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। এমন কাণ্ডে স্বাভাবিকভাবেই টনক নড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি)।
বিশ্বকাপ ব্যর্থতার কারণ উদঘাটনে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি। যারা প্রতিনিয়তই ক্রিকেটার, নির্বাচক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছেন। এবার সেই তদন্ত কমিটির মুখোমুখি হয়েছে টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
ঢাকা টেস্টের পর নিউজিল্যান্ডে উড়ে গেছে টাইগারদের একাংশ। সোমবার রাতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশের ওয়ানডে বহরের বাকি অংশ। যারা টেস্ট দলে ছিলেন, তাদের প্রায় সবাই সোমবার রাতে ফ্লাইটে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন। তার আগে আজ ক্রিকেটাররা ছুটির আমেজেই কাটিয়েছেন।
রোববার ক্রিকেটাররা স্বস্তিতে কাটালেও চন্ডিকা হাথুরুসিংহে অন্যরকম কাজে ব্যস্ত ছিলেন। আজ পড়ন্ত বিকেলে টিম হোটেল সোনারগাঁও হোটেলে বিসিবির তদন্ত কমিটির সঙ্গে একান্তে বসেছেন টাইগার হেড কোচ।
চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ আর দুই সদস্য মাহবুব আনাম ও আকরাম খান তদন্ত কমিটির ব্যাপারে সর্বোচ্চ নীরবতা পালন করছেন। তারপরও বিশ্বকাপ ভরাডুবির কারণে গড়া তদন্ত কমিটির কার্যক্রম ঠিকই চলে আসছে মিডিয়ায়। এই যেমন এখন তদন্ত কমিটির সদস্যরা কোথায় কী করছেন, তাও জানা হয়ে গেছে।
জানা গেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে আর টেস্ট সিরিজ শেষে হাথুরুসিংহে অস্ট্রেলিয়ায় চলে যাবেন। কাজেই তাকে পেতে দেরি হবে। সে কারণেই বিশ্বকাপে টিম বাংলাদেশের ব্যর্থতার সম্ভাব্য কারণ জানতে আজ রোববার বিকেলটাকেই শ্রেয় মনে করেছে তদন্ত কমিটি।
এর আগে দুই নির্বাচক ও বিশ্বকাপে জাতীয় দলের সঙ্গে ভারত থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশারের সঙ্গে কথা বলেছে তদন্ত কমিটি। এছাড়াও মুস্তাফিজুর রহমান, লিটন দাস ও নাসুম আহমেদের সঙ্গেও কথা বলেছে বিসিবির গঠিত কমিটি।











































