Home খেলাধুলা অবসরে পাঠানো হলো পেলের ১০ নম্বর জার্সিকে

অবসরে পাঠানো হলো পেলের ১০ নম্বর জার্সিকে

47

স্পোর্টস ডেস্ক।।

প্রায় এক বছর হতে চলেছে ইহলোক ছেড়েছেন ফুটবল কিংবদন্তি পেলে। এ সময়ের মধ্যে অনেক কিছুই ঘটে গেছে। তবে পেলের ঘরের ক্লাব সান্তোস তাকে ঘিরে সেভাবে কোনো পদক্ষেপ নেয়নি। অবশেষে বিশ্বসেরা পেলেকে সম্মান জানিয়ে তার ১০ নম্বর জার্সিটি অবসরে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলের ক্লাবটি।

ক্লাব ফুটবলের ইতিহাসে কিংবদন্তিদের জার্সি অবসরে পাঠানোর রীতিটা বেশ পুরোনো। এখন পর্যন্ত অসংখ্য ক্লাব তাদের তারকা ফুটবলারদের সম্মান জানিয়ে নির্দিষ্ট নম্বরের জার্সি অবসরে পাঠিয়ে দিয়েছে।

ইতালির জায়ান্ট ক্লাব নাপোলিতে খেলতেন ম্যারাডোনা। ক্লাবটিতে ১০ নম্বর জার্সি পরে খেলতেন তিনি। তার বিদায়ের পর নাপোলি তাদের ১০ নম্বর জার্সিকে অবসরে পাঠায়।

তেমনি ফুটবলের রাজা পেলের ক্যারিয়ারের গোধূলি লগ্নের ক্লাব নিউইয়র্ক কসমসও চিরদিনের জন্য তুলে রেখেছে ১০ নম্বর জার্সিটা। তবে যে ক্লাবে খেলে পেলে হয়ে উঠেছিলেন তারকাদের তারকা, তার মৃত্যুর পরও সান্তোসের খেলোয়াড়কে এই জার্সি পরতে দেখা গেছে।

এদিকে ১১১ বছরের ইতিহাসে এই প্রথমবার ঘরোয়া লিগে ‘সিরি আ’ থেকে ‘সিরি বি’তে অবনমন হয়েছে সান্তোসের। এতে আগামী মৌসুমে ব্রাজিলের শীর্ষ লিগে খেলতে পারবে না সান্তোস। এরপর থেকেই সমালোচনা ও ভক্তদের তীব্র রোষানলে পড়েছে ক্লাব কর্তৃপক্ষ।

এমন অবস্থার মাঝে ক্লাবের পক্ষ থেকে ঘোষণা এসেছে, প্রথম বিভাগে না ফেরা পর্যন্ত পেলের স্মৃতিবিজড়িত ১০ নম্বর জার্সিকে সাময়িকভাবে অবসরে পাঠাচ্ছে তারা। এছাড়া এই বছর ব্রাজিলিয়ান লিগের প্রতি ম্যাচের দশম মিনিটে পেলেকে শ্রদ্ধা জানানো হবে।

এর আগে গত বছরেও সান্তোসের পক্ষ থেকে বলা হয়েছিল তারা আর কখনোই পেলের ১০ নম্বর জার্সিটা ব্যবহার করবে না। তবে স্বয়ং পেলে বলেছিলেন, তিনি চান না ১০ নম্বর জার্সি উঠে যাক। পরে পেলের অনুরোধে সিদ্ধান্ত বদলায় সান্তোস। গত বছরের ২৯ ডিসেম্বর না ফেরার দেশে চলে গিয়েছেন ৮১ বছর বয়সী পেলে।