Home আন্তর্জাতিক পাকিস্তানে যাত্রীবাহী বাসে বন্দুক হামলায় নিহত ৮

পাকিস্তানে যাত্রীবাহী বাসে বন্দুক হামলায় নিহত ৮

30

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর চিলাসের কাছে যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের হামলায় দুই সেনা সদস্যসহ ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২৪ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার।

হামলা সম্পর্কে আঞ্চলিক সরকারের মুখপাত্র মুহাম্মদ আলী জোহর বলেন, শনিবার সন্ধ্যায় হামলাকারীরা বাসে গুলি চালালে এ প্রাণহানির ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়।

গিলগিট-বালতিস্তান পুলিশের মুখপাত্র গোলাম আব্বাস এসব তথ্য নিশ্চিত করে বলেন, হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, হামলার শিকার বাসটি কারাকোরাম মহাসড়ক দিয়ে চলছিল। যেটি বিশ্বের সবচেয়ে উঁচু সড়কগুলোর একটি। হামলাকারীরা গুলি চালানোর পর বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা খায়।

গিলগিট-বাল্টিস্তানের মুখ্যমন্ত্রী হাজি গুলবার খান এক বিবৃতিতে বলেন, এ হামলায় জড়িত সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে সরকার।

প্রসঙ্গত, চিলাস শহরটি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কাছে গিলগিট-বাল্টিস্তানের পার্বত্য অঞ্চলে অবস্থিত। পাহাড়ি শহর চিলাস পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। সেখানে চীনের সহায়তায় একটি বাধ নির্মাণ হচ্ছে।